ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ

অনলাইন ডেস্ক
২১ মে, ২০২৫ ১৮:৪০
অনলাইন ডেস্ক
১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ

দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও থানা হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য সেবা খাতে কর্মরত মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে সরকার। 

এ বিষয়ে গতকাল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক স্মারকে গতকাল ২০ মে মঙ্গলবার এ প্রস্তাব পাঠানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদসমূহ ১০ম গ্রেডে উন্নীতকরণে বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর প্রেক্ষিতে, স্বাস্থ্য বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্ণিত পদকে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য মতামত প্রদান করেছে।

সেই প্রেক্ষিতে, মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিসটেন্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই তারা এ দাবি করে আসছেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড পদমর্যাদার দাবি আলোচনায় এসেছে। এ নিয়ে গত ২ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স ও ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায়, সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৪ হাজার ১০৬ জন ও মোট পদের সংখ্যা ৫ হাজার ৯৭৫টি। বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ডিপ্লোমা ফার্মাসিস্ট কর্মরত রয়েছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন না হয় জেলে যাবেন: শ্রম উপদেষ্টা

    অনলাইন ডেস্ক
    ২১ মে, ২০২৫ ১৮:২৬
    অনলাইন ডেস্ক
    গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন না হয় জেলে যাবেন: শ্রম উপদেষ্টা
    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌ পথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রধানের সাথে বৈঠক করেন। ছবি:সংগৃহীত

    আগামী ২৮শে মের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে। না হলে গার্মেন্টস মালিকদের জেলে যেতে হবে।

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার  জেনারেল   (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেছেন।

    তিনি বলেন, ইতোমধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উনারা দেশের বাইরে তো দূরে থাক ঢাকার বাইরে যেতে পারবেন না।

    আজ বুধবার সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌ পথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রধানের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।

    শ্রম উপদেষ্টা আরো বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইলে শ্রম ভবন ঘেরাও  কর্মসূচি শুনতে পাচ্ছিলাম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার রাত ৭ টা পর্যন্ত আমরা সচিবালয়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করি। বৈঠকে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, তারা ঘর বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী ২৮ তারিখের মধ্যে।

    উপদেষ্টা জানান, গার্মেন্টস মালিকদের নিশ্চয়তা আমাদেরকে আশান্বিত করেছে। আমরা মনে করছি গার্মেন্টস মালিকরা ২৮ তারিখের মধ্যে তাদের  স্ব স্ব গার্মেন্টসের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করবেন। এর অন্যথা হওয়ার সুযোগ নেই। 

    উপদেষ্টা আরো বলেন,  গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন। যারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, তাদের গার্মেন্টসের মালিক হওয়ার প্রয়োজন নেই। কেউ কেউ হয়তো ফ্যাশন করার জন্য গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। আগামীতে এটা হতে দেয়া যাবে না। টিএনজেড গার্মেন্টস এবং মাহমুদ গার্মেন্টসসহ পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে  বলে তিনি জানান।

    এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর  সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা আগামী ঈদ উপলক্ষে নৌ রুটে  যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। 

    উপদেষ্টা জানান, এবার ঈদের আগে এবং পরে কোন  বাল্কহেড নদীতে চলাচল করতে পারবে না। এছাড়া যাত্রীবাহী লঞ্চগুলোতে  চারজন করে সশস্ত্র আনসার নিয়োজিত থাকবেন। যথাসময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি অনুরোধ জানান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      অনলাইন ডেস্ক
      ২১ মে, ২০২৫ ১৭:৮
      অনলাইন ডেস্ক
      সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

      বুধবার (২১ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

      নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন ও ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী। 

      দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

      দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু হেনা ও ঈদতাজুল এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বহিত করা প্রয়োজন। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ

        অনলাইন ডেস্ক
        ২১ মে, ২০২৫ ১৬:৪৭
        অনলাইন ডেস্ক
        ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ
        যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

        স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।

        উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে বলেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’

        সাভারে জাতীয় যুব ইন্সটিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এ কথা বলেন উপদেষ্টা।

        স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।

        অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বিশেষত দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো-যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি-সেখানেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু আজ

          অনলাইন ডেস্ক
          ২১ মে, ২০২৫ ১৪:৪১
          অনলাইন ডেস্ক
          ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু আজ

          আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হবে প্রথমদিনের (৩১ মে) ট্রেনের আসন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

          বুধবার (২১ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

          এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

          কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

          রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত