ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক : আজহার

অনলাইন ডেস্ক
২৮ মে, ২০২৫ ১১:২
অনলাইন ডেস্ক
আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক : আজহার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর পর জনসমক্ষে এলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক।’

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন। হাসপাতাল গেটেই তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। এরপর শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি আবেগঘন বক্তব্য দেন। 

সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘প্রায় ১৪ বছর পর আমি আজ ছাড়া পেলাম। আমি এখন মুক্ত। আমি এখন স্বাধীন, আলহামদুলিল্লাহ। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। আল্লাহ যদি তৌফিক দেন, অবশ্যই বাকি জীবন আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ।’ 

তিনি বলেন, ‘এই মুক্তি শুধু আমার নয়, এটি একটি দীর্ঘ লড়াইয়ের ফল। একটি অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সত্য চিরকাল চাপা থাকে না। আজ সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

আদালতকে ধন্যবাদ জানিয়ে আজহারুল ইসলাম বলেন, ‘আমি সর্বপ্রথম আদালতকে ধন্যবাদ জানাতে চাই। তারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তবে এটা সত্য যে, এতোদিন দেশে ন্যায়বিচার ছিল না। বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে। আমাদের অনেক ভাইকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার আইনজীবীরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা সঠিক তথ্য-উপাত্ত, দলিল ও যুক্তি উপস্থাপন করে প্রমাণ করেছেন, এই মামলায় কোনো ভিত্তি ছিল না। আল্লাহর রহমতে আমি আজ মুক্ত, কিন্তু যারা নির্মমভাবে নিহত হয়েছেন, তাদের আর ফেরানো যাবে না।’ 

৩৬ জুলাইয়ের ‘মহাবিপ্লব’ ও ৫ আগস্টের পতন প্রসঙ্গে জামায়াতের সাবেক এই আমির বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ৩৬ জুলাইয়ের মহাবিপ্লবীদের। যাদের রক্ত, ঘাম আর আন্দোলনের ফসল আজকের এই মুক্তি। তাদের কারণেই ৫ আগস্ট দেশের জনগণ একটি অত্যাচারী স্বৈরশাসকের পতন ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা ১৫ বছর ধরে রাজপথে নিজেদের রক্ত ঢেলে জনগণের ঘাড়ে চেপে বসা একদলীয় শাসনের অবসান ঘটিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। এই রক্ত কখনো বৃথা যাবে না। এই আত্মত্যাগই বাংলাদেশের ভবিষ্যতের জন্য আলোর পথ দেখাবে।’ 

আগামী দিনে জনগণের সঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমি জানি, এই মুক্তির দায়িত্ব আমার ওপর আরও অনেক বড় দায়িত্ব নিয়ে এসেছে। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তবে জীবনসায়াহ্ন পর্যন্ত জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধের পক্ষে লড়াই চালিয়ে যাব। আমি আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ।” 

রাজপথে পুনরায় শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়ে এটিএম আজহার বলেন, ‘আমরা কখনও অন্যায়ের কাছে মাথানত করিনি, করবোও না। আমাদের আন্দোলন থেমে নেই, থামবেও না। আজ থেকে আবার নতুনভাবে পথচলা শুরু হলো।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

    অনলাইন ডেস্ক
    ২৭ মে, ২০২৫ ১৮:৩৯
    অনলাইন ডেস্ক
    এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক
    এজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীর ছবি: সংগৃহীত

    দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়।

    বিশ্বস্ত সূত্রের বরাতে আবেদনে আরও বলা হয়, তানভীর যেকোনো সময় দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা এবং এনআইডি ব্লক করা জরুরি হয়ে পড়েছে।

    মন্তব্য

    কেন নিজের ওপর গুলি চালাতে বলেছিলেন শেখ হাসিনা

    অনলাইন ডেস্ক
    ২৭ মে, ২০২৫ ১৬:২২
    অনলাইন ডেস্ক
    কেন নিজের ওপর গুলি চালাতে বলেছিলেন শেখ হাসিনা

     

    ২০২৪ সালের ৫আগস্ট চারিদিকে উত্তাল ছাত্রজনতার আন্দোলনে কি হতে চলেছে কেউ কিচ্ছু জানে না। তবে ছাত্রজনতা এটুকু সিদ্ধান্ত নিয়েছিলেন বিজয় ছাড়া তাদের পিছু ওঠার সুযোগ নেই। পূর্বঘোষণা অনুযায়ী বেলাবেড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে রাস্তায় নেমে আসে লাখো জনতা। সবার গন্তব্য একটাই গণভবন। ঢেউের মত যখন মানুষজন রাস্তায় নেমে আসে তখন আর আওয়ামী লীগ সরকারের টিকে থাকার কোন পথ ছিল না। সব ফেলে দ্রুত ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

    ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পেছনে এক নাটকীয় ঘটনা ঘটেছিল—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে।

    গত ২৫ মে রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি জানান, ৫ আগস্ট সকালে গণভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

    বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সেনাবাহিনীর পারফরম্যান্স নিয়ে শেখ হাসিনার মন্তব্যের জবাবে জানান, পুলিশের সক্ষমতা শেষ প্রান্তে, গোলাবারুদ ফুরিয়ে এসেছে এবং বাহিনী ক্লান্ত। তখন সামরিক কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দেন।

    প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এ সময় শেখ হাসিনা ক্ষোভে বলেন, “তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দাও।”

    পরে তাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে পুনরায় পদত্যাগের অনুরোধ জানানো হয়। ছোট বোন শেখ রেহানা তাকে বোঝানোর চেষ্টা করেন, এমনকি একপর্যায়ে তার পা জড়িয়ে ধরেন। এরপর শীর্ষ সামরিক কর্মকর্তারা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন।

    তাদের পক্ষ থেকে জয়কে বলা হয়, “মায়ের জীবন রক্ষার একমাত্র উপায় এখনই পদত্যাগ।” এই কথার প্রেক্ষিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগে রাজি হন এবং সেনাপ্রধানের জাতির উদ্দেশে ভাষণের আগে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

    এই ঘটনাগুলো শুনানিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উঠে আসে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দলের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

      অনলাইন ডেস্ক
      ২৭ মে, ২০২৫ ১৫:৫
      অনলাইন ডেস্ক
      দলের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

      জামায়াত ইসলামীর নেতাকর্মীদের আচারণে কষ্ট পেয়ে থাকলে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষমা চান তিনি।

      সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

      কেউ ভুলের ঊর্ধ্বে নয় জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নয়।

      আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন।’

      তিনি আরো বলেন, ‘দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন।’

      এ টি এম আজহারুল ইসলামের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ টি এম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না।

      মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই আসবে।’

      শেখ হাসিনার স্বৈরশাসন আমলে জামায়াতের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ঈমানের বলে বলিয়ান। তারা বাতিলের কাছে মাথা নত করেননি।

      প্রাসঙ্গিক
      মন্তব্য

      ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব

      অনলাইন ডেস্ক
      ২৬ মে, ২০২৫ ২০:৪২
      অনলাইন ডেস্ক
      ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব

      অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

      রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর ‘জাতীয় সরকার’ এর রূপরেখার ওপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

      সংগঠনের আহ্বায়ক মো. নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর অপূর্ব, কাজী আমিনুল করিম। 

      অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সমন্বয়ক মো. সালাহ উদ্দিন কবির।

      জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে নাজিমুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ড. বদিউল আলম মজুমদারকে উপ-রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উপ-প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। এ ছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির ২৫ শতাংশ, জামায়াত ২০ শতাংশ, এনসিপি ১৫ শতাংশ, ইসলামী আন্দোলন ৫ শতাংশ, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০ শতাংশ, বাকি রাজনৈতিক দল থেকে ২৫ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এই কাঠামোর ওপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন। আর একে রাষ্ট্র পরিচালনার ‘জাতীয় সনদ’ বলা যেতে পারে। জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীদের বণ্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী ও স্বেচ্ছাচারী মনোভাবমুক্ত ক্ষমতার বিকেন্দ্রীয়করণ/সমতা আনা হবে। এজন্য রাষ্ট্র বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্টজনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান তিনি।

      বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয় রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠন ও সুশাসনের নিশ্চিত প্রতিফলন। যেখানে জনগণের ইতিবাচক, কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এর ফল জনগণ উপভোগ করবে। এখানে শাসক কখনো শোষক হবে না। শাসক সবসময় জনগণের দ্বারা মনোনীত ও জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন। এখানে সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালন নিশ্চিত হবে তথা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।এজন্য গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় সরকারের ওপর ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত