শিরোনাম
পবিপ্রবিতে ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে সাংবাদিকের ১৫টি বানান ভুল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যানারের ভুল চোখে পড়ায় সেটি সরিয়ে ফেলা হয়।
তবে ব্যানারের ভুল সংক্রান্ত একটি সংবাদ লিখতে গিয়ে নামসর্বস্ব একজন সাংবাদিকের ভুলে ভরা সংবাদটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আর এসব অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নামধারী ছাত্রদল নেতা তানভীর আহমেদের বিরুদ্ধে।
একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, পবিপ্রবির ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ অনুষ্ঠানের ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে গিয়ে ১৫টি বানানই ভুল লিখেছেন তিনি। তিনি সংবাদের বক্তব্য নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের সাথেও ফোনে কথা বলেন। তবে তার এমন ত্রুটিপূর্ণ সংবাদ তার পেশাদারিত্ব ও সাংবাদিকতার কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংবাদটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের অনুষদের নাম, শিক্ষকের নামসহ একাধিক ভুল শব্দের ব্যবহার হয়েছে। এমনকি এরকম একটি ভুল বানান-সমৃদ্ধ সংবাদ কিভাবে একটি পত্রিকায় প্রকাশিত হয় সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। এছাড়াও তানভীর আহমেদের বিরুদ্ধে রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসে প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
বিষয়টি নিয়ে সংবাদটির প্রতিবেদক তানভীর আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বানান ভুলকে স্বাভাবিক বিষয় হিসেবে আখ্যায়িত করে বলেন, “সংবাদে বানান ভুল স্বাভাবিক বিষয়। এটা তো সংবাদ, আবার সংশোধন করে নিলেই হয়। এরকম ভুল স্বাভাবিক বিষয়।”
তবে তিনি পত্রিকার সম্পাদকের উপর দায় চাপিয়ে বলেন, “পত্রিকার সম্পাদকের কাজ হলো নিউজ সংশোধন করে প্রকাশ করা। নিউজের বানান তো এডিটোরিয়াল বডির দেখার দায়িত্ব।”
এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধি কোনও রকম সংশোধন না করে নিউজটি পাঠিয়েছেন। এটা দ্রুতই সংশোধন করে নেব।”
রাজনীতির পাশাপাশি তিনি এর আগে কয়েকবার শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এমনকি তার বিরুদ্ধে গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জালের অভিযোগও উঠেছে। তুমুল সমালোচনার মুখে তিনি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমাও চান।
জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ ৪ দফা দাবিতে চবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি
জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিচার, ছাত্র সংসদ নির্বাচন এবং আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)।
আজ বুধবার (২১ মে) বেলা ১২ টায় চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কার্যলয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করে ইনকিলাব মঞ্চ চবি নেত্রীবৃন্দ।
স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা, গবেষণা ও শিক্ষার মান বজায় রাখতে ৪ দফা দাবি পেশ করে।
দাবি গুলো হলো-
১. জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করতে হবে।
২. আওয়ামী শাসনামলে ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কার করতে হবে।
৩. আবাসন সংকট নিরসনের জন্য কার্যকর রোড ম্যাপ প্রণয়ন এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের নির্দিষ্ট হারে ভাতা প্রদান করতে হবে।
৪. জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা সুস্থ ধারার রাজনীতি চর্চায় নিয়মিত ছাত্র সংসদ চালু করতে হবে।
আরও পড়ুন
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, "আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় অতিক্রম করলেও এই আন্দোলনের পূর্ণ মর্যাদা ও শহীদদের সম্মান নিশ্চিত হয়নি। শহীদদের নামে ভবন ও হলের নামকরণ ছাড়া আর কোনো কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। তদুপরি, এখনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুপস্থিত, আবাসন সংকট চরমে, এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি উপেক্ষিত হয়ে আসছে। এই প্রেক্ষাপটে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐকান্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪ দফা দাবি উপস্থাপন করছি।
বিইউডিএস নবনির্বাচিত সভাপতি মেহেদী- সম্পাদক নাফিস
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) ৮ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস মোহাম্মদ মিকাঈল৷
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৮৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। এতে ভোট প্রদানের হার ছিল ৮৪.১৫ শতাংশ।
আরও পড়ুন
সভাপতি পদে মো. মেহেদী হাসান ১২৫টি ভোট এবং সাধারণ সম্পাদক নাফিস মোহাম্মদ মিকাঈল ১১৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন মো. বাপ্পি শিকদার। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাইফুল ইসলাম খান সিফাত ও আরিফা জামান লিজা।
মেরিটাইম ইউনিভার্সিটিতে মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ল এন্ড মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “Ratio et Oratio: The Essentials of Mooting” শীর্ষক একটি বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই সেশনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম আইন বিভাগের প্রভাষক আবু জাফর তৌফিক আহমেদ আহাদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের প্রভাষক ফাহমিন চৌধুরী তাজিম।
এসময় দুজন আলোচকই মুট কোর্টের প্রাথমিক ধারণা, গবেষণার কৌশল, বক্তব্য উপস্থাপনার রীতি, যুক্তির বিন্যাস এবং আন্তর্জাতিক মুট প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা ভবিষ্যতের মুটারদের জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন এবং একজন দক্ষ মুটারের জন্য প্রয়োজনীয় গুণাবলী নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়াও বক্তারা মুটিং সম্পর্কে ধারনা ও চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মুটিং হলো একজন ভবিষ্যৎ আইনজীবীর জন্য আদালতে উপস্থাপনার প্রস্তুতির অনন্য প্ল্যাটফর্ম।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ল এন্ড মুট কোর্ট সোসাইটির সভাপতি আশিকুর রহমান প্রিন্স বলেন, 'শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও আদালত চর্চায় দক্ষ করে তুলতেই এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে।'
আরও পড়ুন
ল এন্ড মুট কোর্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ওয়ার্কশপে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি এবং মুট কোর্ট চর্চার প্রতি তাদের আগ্রহ ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুলছে বলে জানিয়েছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দ্যা রাইজিং ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবু ইসহাক অনিক দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩.০০ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ৯ সদস্য বিশিষ্ট ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফটোগ্রাফার শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ পত্রিকার আলাওল করিম ফয়সাল, অর্থ সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের হৃদয় আহমেদ নির্বাচিত হন।

এ ছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (অনিরুদ্ধ সাজ্জাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের মাহমুদা আক্তার নাঈমা ও একুশে সংবাদের মুসতারিন রহমান স্নিগ্ধা।
নবগঠিত কমিটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, ‘জাককানইবি সাংবাদিক ফোরামের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরো গতিশীলতা লাভ করবে এবং নতুন উদ্যমে কাজ করবে বলে আশাবাদী। সাংবাদিক ফোরাম সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে প্রত্যাশা করছি।’
সাধারণ সম্পাদক মো. আবু ইসহাক অনিক বলেন, ‘এই ক্যাম্পাসে সাংবাদিকদের প্রয়োজনে সবসময়ই পাশে থেকেছি। সম্মানজনক এই পেশায় শিক্ষার্থী হিসেবে নিজের দক্ষতায় যুক্ত হয়েছি। মানসিক শান্তি পেয়েছি, যখন ঝুঁকি নিয়ে কাজ করেছি মানুষের কল্যাণে। সংগঠনকে গতিশীল করা এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে নৈতিকতার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই।’
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে কাজ করা ক্যাম্পাস প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংগঠন জাককানইবি সাংবাদিক ফোরাম, দুই বছর ধরে কাজ করে আসছে।
/শাকিল বাবু
আরও পড়ুন
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য