শিরোনাম
সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে। এই অবস্থার মধ্যে আজ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।
বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে।
তবে, বৈঠকে কারা কারা অংশ নেবেন জানতে চাইলে শায়রুল কবির বলেন, এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়তের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান।
দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।
কাল খোলা থাকছে সব সরকারি অফিস
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার (২৪ মে) খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও (১৭ মে) এসব অফিস খোলা ছিল।
এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।
নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'জুলাই আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে, সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এমতাবস্থায়, ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন।'
আইএসপিআর জানায়, 'উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এ প্রেক্ষিতে, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজনসহ (স্ত্রী ও শিশু) সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।'
সে সময়ে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে, আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই ১/২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ/মামলার ভিত্তিতে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় বলে আইএসপিআর জানায়।
সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত বছরের ১৮ আগস্ট আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে ১৯৩ জন ব্যক্তিবর্গের একটি তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও ১ জন এনএসআই সদস্য ব্যতীত) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়- যা ছিল একটি মীমাংসিত বিষয়।
সেনানিবাসে আশ্রয়প্রার্থী এ সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল।
আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রেক্ষিতে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ৬২৬ জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও ১ জন এনএসআই সদস্যসহ) আজ প্রকাশ করা হয়।
এমতাবস্থায়, সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা করা হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে প্রাপ্ত তালিকা নিম্নরূপ:
বৃহস্পতিবার রাতে এ তালিকা প্রকাশ করে আইএসপিআর।
ভারতীয় গণমাধ্যমের দাবি
ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ
ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার (২৩ মে) ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, চুক্তির আওতায় কলকাতা-ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।
গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়।
আরও পড়ুন
এদিকে এনডিটিভি জানিয়েছে, ভারতের কোম্পানিটি মূলত জাহাজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে’।
হিন্দু বিজনেস লাইন বলছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল। ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ।
ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের আরও কয়েকটি অবকাঠামো তৈরি করা হচ্ছে। যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়।
ইটিভি ভারতের তথ্য অনুযায়ী, গত আট বছরে বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের আওতায় ভারত ৮ বিলিয়ন ডলার দিয়েছে।
মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : আজাদ মজুমদার
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আজ বৃহস্পতিবার কক্সবাজারে সাংবাদিকদের এক কর্মশালায় বক্তব্যে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এ কথা বলেন।
কর্মশালায় তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। রোহিঙ্গা ইস্যু, মাদক ও মানব পাচার চোরাচালানসহ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়।
দিনব্যাপী শহরের লাবণী পয়েন্টের হোটেল সীগালের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
আরও পড়ুন
এসময় প্রশিক্ষক হিসেবে আরো বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআই’র পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূর-সহ অন্যরা।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং, প্রান্তিক ও সীমান্ত অঞ্চলে সাংবাদিকতার উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য