শিরোনাম
পুতিন বদ্ধপাগল হয়ে গেছেন : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। ইউক্রেনে রাশিয়ার প্রবল বিমান হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প পুতিনকে ‘বদ্ধ পাগল’ বলে আখ্যা দেন।
সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে এই বিস্ফোরক মন্তব্য।
প্রসঙ্গত, গত তিন রাত ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া আকাশপথে ধারাবাহিক ও প্রবল হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ আক্রমণ।
এ হামলায় ইউক্রেনের অন্তত ১২ নাগরিক নিহত হয়েছেন। কিয়েভের দাবি, শুধু শনিবার রাতেই রাশিয়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এই ঘটনার সূত্র ধরেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল। কিন্তু, তার কিছু একটা হয়েছে। তিনি বদ্ধপাগল হয়ে গেছেন! অকারণে অসংখ্য মানুষকে হত্যা করছেন তিনি এবং আমি শুধু সেনাদের কথাই বলছি না।
ট্রাম্প আরও বলেন, আমি আগেও বলেছি, পুতিন শুধু ইউক্রেনের একটি অংশ নয়, বরং পুরো দেশটিই দখল করতে চান। এখন মনে হচ্ছে, আমার সেই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। কিন্তু তিনি যদি সে পথে এগোন, তাহলে তা শেষ পর্যন্ত রাশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে।
রোববার (২৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি জানি না, পুতিনের কী হয়েছে। আমি বহু বছর ধরে তাকে চিনি। আমাদের মধ্যে সবসময়ই এক ধরনের বোঝাপড়া ছিল। কিন্তু এখন তিনি শহরে শহরে রকেট ছুড়ে সাধারণ মানুষ হত্যা করছেন। এটা আমি একেবারেই সমর্থন করি না।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই করব। এটা থামানো দরকার।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এই যুদ্ধ ধীরে ধীরে আরও সহিংস এবং প্রাণঘাতী হয়ে উঠেছে।
শনিবারের হামলার পর রবিবার থেকে রুশ হামলার মাত্রা কিছুটা কমে এলেও এখনো ইউক্রেনজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের পাঠানো ৯৬টি ড্রোন ভূপাতিত করেছে।
এই পরিস্থিতিতে পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ এবং তার ‘বদ্ধপাগল’ মন্তব্য বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দুঃখিত উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো বিমান নেই, ট্রাম্পকে আফ্রিকার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কথোপকথন একপর্যায়ে রূপ নেয় হাস্যরসাত্মকে। বৃহস্পতিবারের (২২ মে) এ বৈঠকে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প, যা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন রামাফোসা।
বৈঠকে এক পর্যায়ে ট্রাম্পের দিকে তাকিয়ে রামাফোসা হেসে বলেন, ‘দুঃখিত, আপনাকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো বিমান নেই।’ জবাবে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘ইচ্ছা করলেই নিতে পারতাম। যদি আপনার দেশ যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে একটি প্লেন দিত, আমি সেটা নিয়ে নিতাম।’
এই হাস্যরসের দৃশ্যের পেছনে রয়েছে একটি গভীর বিতর্ক। সম্প্রতি কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমান উপহার নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও কাতার থেকে উপহার পাওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে, তবে চারটি নির্ভরযোগ্য সূত্র এটিকে মিথ্যা দাবি করেছে।
পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আনুষ্ঠানিকভাবে বিমানটি গ্রহণ করেছেন এবং ট্রাম্পের জন্য সেটিকে নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, মার্কিন ফেডারেল নিয়মনীতি মেনেই এই উপহার গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক রিপাবলিকানও এই উপহার গ্রহণের বিরোধিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বার্থের সংঘাত এবং কাতারের সঙ্গে মার্কিন অস্ত্রচুক্তির ওপর প্রভাব ফেলতে পারে।
একজন সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, তুমি একজন বোকা। তুমি কী ধরনের সাংবাদিক! তোমার সাংবাদিক হওয়ার যোগ্যতা নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমান না।
সিরিয়ার ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে। আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগেই জানিয়েছিলেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
মার্কিন সরকার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ার নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে। তবে শর্ত রয়েছে—সিরিয়া কোনো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া সিরিয়ায় নতুন করে ব্যবসা-বিনিয়োগ, তেল-গ্যাসসহ খনিজ খাতে লেনদেন এবং আগের নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গেও এখন বৈধভাবে কাজ করা যাবে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালীন আমেরিকা সিরিয়ার সঙ্গে কোনো রকম অর্থনৈতিক সম্পর্ক রাখতে দেয়নি।
আরও পড়ুন
কিন্তু আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরাইল
গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। শুক্রবার দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, হামাস বলছে, গাজায় টানা ১১ সপ্তাহ ইসরাইলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে। যা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার গাজার কেরেম শালোম সীমান্ত দিয়ে ১০৭টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এসব ট্রাকে ছিল আটা, অন্যান্য খাদ্যসামগ্রী ও ওষুধ। তবে শরণার্থী শিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে এই ত্রাণ তেমনভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ফিলিস্তিনি একটি সাহায্য সংস্থার জোট জানিয়েছে, গত সোমবার অবরোধ আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে খান ইউনিস শহরের কাছে ইহুদিবাদি সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, ‘যেসব শিশু ও পরিবার চরম ক্ষুধায় ভুগছে, তাদের জন্য বরাদ্দ খাদ্য লুট করে নেওয়া হয়েছে’। একইসঙ্গে ত্রাণ পাহারাদারদের ওপর ইসরাইলি বিমান হামলার নিন্দাও জানানো হয়।
এদিকে হামাস জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ত্রাণ রক্ষাকারী দলটির ৬ সদস্য নিহত হয়েছে। যদিও ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি সাহায্য সংস্থাটি আরও বলেছে, গাজায় ঢোকা ত্রাণ এখনো পর্যাপ্ত নয় এবং তাতে কেবল সীমিত পণ্যসামগ্রী রয়েছে।
একইসঙ্গে, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরাইলের সম্মতি দেওয়াটা ‘একটি প্রতারণামূলক কৌশল’ বলেও অভিহিত করা হয়েছে। সংস্থাটি বলছে, এর উদ্দেশ্য মূলত আন্তর্জাতিক চাপ এড়ানো।
এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) অভিযোগ করে বলেছে, তাদের সহায়তায় পাঠানো ১৫টি আটা বহনকারী ট্রাক লুট হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ক্ষুধা, হতাশা এবং ভবিষ্যতে খাবার আসবে কি না— এই দুশ্চিন্তা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে’।
আরও পড়ুন
আরও জানিয়েছে, ‘WFP আগেই জানিয়েছিল, গাজায় ২১ লাখ মানুষ চরম ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে বিপর্যয় এড়ানো যাবে না’।
এ বিষয়ে ইসরাইল বলছে, তারা প্রায় ৩০০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সাহায্য সংস্থাগুলোর মতে, এই সংখ্যা বাস্তব চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
রয়টার্স জানিয়েছে, অনেক ট্রাক কেরেম শালোম সীমান্তে আটকে আছে, সেগুলো এখনো গন্তব্যে পৌঁছায়নি। গাজায় দ্রুত সহায়তা পৌঁছানোর দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।
জার্মান সরকারের মুখপাত্র বলেছেন, এই সহায়তা ‘অনেক দেরিতে, অল্প পরিমাণে এবং খুব ধীরগতিতে’ আসছে এবং এগুলো উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
দখলদার ইসরাইল চলতি বছরে মার্চের শুরুতে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে। তখন তারা হামাসের বিরুদ্ধে বেসামরিকদের জন্য পাঠানো সহায়তা চুরির অভিযোগ তোলে। যার ফলে ওই সময় কার্যকর থাকা দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে যায়। কারণ ইসরাইল নতুন চুক্তি করতে অনীহা প্রকাশ করে।
তবে হামাস ইসরাইলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের অনেক যোদ্ধা ত্রাণবাহী ট্রাকগুলোকে লুটপাটকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে ৭৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে ছিল অস্ত্রাগার ও রকেট লঞ্চার।

ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
গাজা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, এ নিয়ে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৩,৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের পরিকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। গাজার সাহায্য সংস্থাগুলো বলছে, গাজা জুড়ে অপুষ্টির চিহ্ন ক্রমেই প্রকট হয়ে উঠছে।
বাংলাদেশ-চীন-আফগানিস্তানকে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান
বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার (২২ মে) এ কথা বলেন। তিনি বলেন এ তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত।
এ দিন ‘অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস’ সম্মেলনে উপস্থিত হন ইসহাক দার। সেখানে এশিয়ার এ তিন দেশের সঙ্গে জোট গঠনের পাশাপাশি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়েও কথা বলেন তিনি। যেখানে দুই দেশের বিমানবাহিনীর সম্মুখ যুদ্ধের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন এই পাক মন্ত্রী।
তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে আকাশে ন্যায়বিচারের লড়াই প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এর আগে এ ধরনের লড়াইয়ের ব্যপ্তি ছিল ৩০ মিনিট। যা নতুন রেকর্ড।”
ইসহাক বলেন, “অনেক বছর ধরে, দাবি করা হচ্ছিল পাকিস্তান গুরুত্বপূর্ণ কোনো দেশ নয়। এবং সবাইকে ধারণা দেওয়া হচ্ছিল ভারত শক্তিশালী দেশ। বিশ্ববাসী তা দেখছিলও। কিন্তু নতুন ধরনের কিছু হয়নি। এখন বিশ্ব পাকিস্তানকে (শক্তিশালী দেশ হিসেবে) দেখছে।”
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরও বলেন, “পাকিস্তান সবসময় শান্তির কথা বলে। পেহেলগামে যে হামলা হয়েছে প্রমাণ ছাড়া সেটির দায় পাকিস্তানকে দিয়েছে ভারত। এরপর পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া শুরু করে তারা। পেহেলগাম হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে তাদের কর্তৃত্ব দেখানোর জন্য। জবাবে পাকিস্তান নিজস্ব আকাশসীমা বন্ধ করে দেয়। যা পুরো বিশ্বের নজরে আসে।”
আরও পড়ুন
পাক মন্ত্রী বলেন, তারা কোনো ধরনের সংঘাত শুরু করতে চান না। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ভারত ইচ্ছাকৃতভাবে তাদের দেশের শিখদের ভূখণ্ডে মিসাইল ছোড়ে। তারা এর দায় পাকিস্তানের ওপর দিতে চেয়েছিল। কিন্তু ভারত যখন পাকিস্তানের শহরগুলো লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে পাকিস্তানের ধৈয্য ভেঙে যায়।
তিনি আরও বলেন, “অনেক দেশ পাকিস্তানকে সংযত থাকতে বলে। কিন্তু যখন আমাদের নুর খান বিমানঘাঁটিতে যখন হামলা চালানো হয় তখন জবাব দেওয়া ছাড়া পাকিস্তানের আর কোনো উপায় ছিল না।”
এরপর ১১ মে সকালে তাকে খবর দেওয়া হয় ভারত যুদ্ধবিরতি চায়।— এমনটা বলেন ইসহাক দার।
এছাড়া সম্প্রতি আফগানিস্তান ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
সূত্র: সামা টিভি
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য