ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এক ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের যে ছয়টি দেশে

অনলাইন ডেস্ক
১৮ জুন, ২০২৫ ১৫:২৬
অনলাইন ডেস্ক
এক ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের যে ছয়টি দেশে

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। খুব শিগগিরই একটি অভিন্ন ভিসা চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে একটিমাত্র ভিসায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে ভ্রমণ করা যাবে।

মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জিসিসি সদস্যভুক্ত দেশগুলো তাদের মধ্যে পর্যটন জোট গড়তে যাচ্ছে। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামের এই নতুন উদ্যোগের ফলে আমিরাতের বাসিন্দা এবং বাইরের দেশ থেকে আসা ভ্রমণকারীরা ছয়টি দেশেই অনায়াসে ভ্রমণ করতে পারবেন, একাধিক ভিসার ঝামেলা ছাড়াই।

জানা গেছে, ২০২৩ সালেই এই উদ্যোগ অনুমোদন পেয়েছে এবং বর্তমানে এটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনো জানানো হয়নি, তবে চলতি বছরেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

ভিসাটির মেয়াদ হতে পারে ৩০ থেকে ৯০ দিনের মধ্যে। তবে চূড়ান্ত শর্তাবলি ও মেয়াদ এখনো নির্ধারণ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলটিতে পর্যটন আরও গতিশীল হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে জিসিসিভুক্ত দেশগুলো।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ‘শনাক্ত করা যায় না’ এমন মিসাইল দিয়ে ইসরায়েলে ইরানের হামলা

    অনলাইন ডেস্ক
    ১৮ জুন, ২০২৫ ১৫:৬
    অনলাইন ডেস্ক
    ‘শনাক্ত করা যায় না’ এমন মিসাইল দিয়ে ইসরায়েলে ইরানের হামলা

    ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ‘শনাক্ত করা যায় না’।

    এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার সময় তারা একটি নতুন ধরনের ‘শনাক্ত করা যায় না’ এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, “আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়।”

    তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে।

    ইরান এর আগে জানায়, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের পরিকল্পনা অফিস লক্ষ্যবস্তু ছিল।

    তালায়ি-নিক আরও বলেন, “ইহুদিবাদী সরকার দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আমাদের সামরিক বাহিনীর কাছে এমন কিছু উন্নত প্রযুক্তি রয়েছে, যেগুলোর ব্যবহার এখনো শুরুই করা হয়নি।”

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

      অনলাইন ডেস্ক
      ১৮ জুন, ২০২৫ ১৪:৩৮
      অনলাইন ডেস্ক
      ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

      ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

      বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

      সংবাদমাধ্যমটি বলছে, এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি “বিবেচনায় রয়েছে”, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

      ওই কর্মকর্তা বলেন, “এটা নিয়ে আলোচনা চলছে। তবে সিদ্ধান্তটা আমাদের নয়, হোয়াইট হাউস নেবে।”

      এর আগে মঙ্গলবার ট্রাম্প একাধিক পোস্টে জানান, “আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি”। তিনি দাবি করেন, তারা জানেন ইরানের ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। এবং এক পোস্টে লেখেন, “নিঃশর্ত আত্মসমর্পণ।”

      এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার কড়া সতর্কতা জারি করেছে।

      অন্যদিকে সাংবিধানিক ক্ষমতার বিষয়টি সামনে এনে কংগ্রেসের ডজনখানেক রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্য প্রেসিডেন্টের একতরফা যুদ্ধঘোষণার ক্ষমতা রুখতে নতুন একটি ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ উত্থাপন করেছেন।

      সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, “যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে বেআইনি সামরিক অভিযান চালাতে পারেন না।”

      এছাড়া এলিজাবেথ ওয়ারেন, ক্রিস মারফি, র‌্যান্ড পল প্রমুখ সিনেটররাও যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন।

      অবশ্য ট্রাম্পের নিজের ঘর অর্থাৎ ‘আমেরিকা ফার্স্ট’ ঘরানার প্রভাবশালী নেতারাও যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন। টাকার কার্লসন, স্টিভ ব্যানন, চার্লি কির্ক, মার্জোরি টেইলর গ্রিন— তাদের মতে, “বিদেশি যুদ্ধে জড়ালে আমেরিকার ক্ষতি, নিরীহ মানুষের মৃত্যু, এবং অর্থনৈতিক বিপর্যয় আসবে।”

      ইকোনমিস্ট/ইউগভ জরিপ অনুযায়ী, মাত্র ১৬ শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ চায়। বিপক্ষে রয়েছে ৬০ শতাংশ। এমনকি রিপাবলিকানদের মধ্যেও শুধু ২৩ শতাংশ সমর্থন করে এই ধরনের সামরিক হস্তক্ষেপ। বরং ৫৬ শতাংশ আমেরিকান চায় ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় যাক যুক্তরাষ্ট্র।

      বিশ্বস্ত সূত্র বলছে, ট্রাম্প ইরানের ‘ফোরদো’ পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে সামরিক সম্পদ ব্যবহারে আগ্রহী, যদিও তিনি এখনও ‘চূড়ান্ত যুদ্ধ’ চান না।

      এছাড়া এখনও পর্যন্ত ইরান সরাসরি কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায়নি। তবে পেন্টাগন জানিয়েছে, “আমেরিকান সেনা নিহত হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।”

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইসরাইলের সঙ্গে কোনো আপস করবে না ইরান: খামেনি

        অনলাইন ডেস্ক
        ১৮ জুন, ২০২৫ ১৪:২৪
        অনলাইন ডেস্ক
        ইসরাইলের সঙ্গে কোনো আপস করবে না ইরান: খামেনি

        ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কখনও আপস করবে না বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের জায়নবাদী শাসকগোষ্ঠীকে কোনো দয়া দেখানো হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

        মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, “আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেবো। ইরান কখনোই আপস করবে না। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

        যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তবে তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।

        এ দফায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

        এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে।

        ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

        হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা।

        এদিকে, মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামলার আগে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিলেন ইরানি কর্মকর্তারা।

        এ নিয়ে ইরান-ইসরায়েল সংঘাত ৫ম দিনে গড়ালো।

        সূত্র : বিবিসি বাংলা

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ’

          অনলাইন ডেস্ক
          ১৮ জুন, ২০২৫ ১৩:১৯
          অনলাইন ডেস্ক
          ‘ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ’

          ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার পরিণতি মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন এক অস্ট্রেলীয় বিশেষজ্ঞ।

          মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সংঘাতে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

          মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ড. ডারা কনডুইট বলেছেন, ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রস্তাবটা ভয়াবহ একটা বিষয়। ইরান যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, মার্কিন প্রশাসন জড়িয়ে পড়লে তার আমূল পরিবর্তন ঘটতে পারে।

          ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে অধৈর্য হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে, সেটা আমরা ভালোভাবেই জানি। আমরা তাকে এখনই সরিয়ে দেব না (হত্যা করা), তবে আমাদের ধৈর্য কমে আসছে।

          এই স্ট্যাটাস দেওয়ার তিন মিনিট পার না হতেই দু শব্দের আরেকটি স্ট্যাটাস দেন তিনি। ইরানের প্রতি ইঙ্গিত করা ওই পোস্টে ইংরেজি বড় হরফে লেখা ছিল, ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’

          ট্রাম্পের কর্মকাণ্ডে মনে হচ্ছে, চলমান সংঘাতে আগ্রাসী ভূমিকা নিতে প্রস্তুত হয়ে আছে হোয়াইট হাউজ।

          পুরো বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের হাতে সম্ভাব্য কয়েকটি বিকল্প রয়েছে। এরমধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে।

          মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা। একইদিন, জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেছেন তিনি। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর বৈঠক আয়োজিত হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

          যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, অবকাঠামো বা মিত্রদের ওপর হামলা করে বসতে পারে তেহরান। সেক্ষেত্রে ইরানের সামনে যুদ্ধ থেকে পিছু হটার আর কোনও পথ থাকবে না বলে মন্তব্য করেন ড. কনডুইট।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত