ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হলেন জাবি শিক্ষক ড. তারেক

নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৩ ১৭:৩
নিজস্ব প্রতিবেদক
হার্ভার্ড ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হলেন জাবি শিক্ষক ড. তারেক

জাবি প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনির্ভাসিটির ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টরাল ফেলো) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত কেনেডি স্কুল অব গভর্নমেন্ট-এর আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত সেন্টারে ছয় মাসের জন্য অধ্যাপনা করবেন।

আগামী বছরের (২০২৪ সাল) শুরুতে যোগদান করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

হার্ভার্ডে মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জনে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. তারেক বলেন, “আল্লাহ্‌ তাআলার নিকট অনেক কৃতজ্ঞতা। স্বপ্ন ছিলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পাঠদানে যুক্ত হবো। দোয়া করবেন যাতে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ বৃদ্ধি করতে পারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারি।”

উল্লেখ্য, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি দীর্ঘ সাত বছরের বেশি সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে কর্মরত ছিলেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত রয়েছেন। ড. ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা এবং জার্নালে নিয়মিত তাঁর গবেষণা ও সাম্প্রতিক বিষয়সমূহ নিয়ে লেখালেখি করে যাচ্ছেন। তাঁর সম্পাদিত বই, "হিউম্যান সিকিউরিটি, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট: সাউথ এশিয়ান পারস্পেক্টিভ", যা ভারত থেকে প্রকাশিত হয়।

এছাড়াও তাঁর দুটি উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক, "দুর্যোগ, সুশাসন এবং উন্নয়ন: বাংলাদেশ প্রেক্ষিত" (স্প্রিঞ্জার) এবং "বাংলাদেশে স্থানীয় সরকার: সমসাময়িক সমস্যা এবং চ্যালেঞ্জ" (রুটলেজ) থেকে প্রকাশিত হয়েছে। ড. ইসলাম অক্সফোর্ড, কেমব্রিজ এবং স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে একাধিক মর্যাদাপূর্ণ ফেলোশিপ (পোস্ট ডক্টোরাল ফেলো, ভিজিটিং স্কলার এবং ভিজিটিং রিসার্চার) ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিখ্যাত 'হায়ার এডুকেশন ডাইজেস্ট' তাঁকে 'সেরা উদীয়মান স্কলার' এবং নেপালের একটি জাতীয় দৈনিক কর্তৃক ২০২১ সালের 'সেরা লেখক' হিসেবে স্বীকৃতি লাভ করেন।

ড. ইসলাম কলাম লেখক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত। তিনি বিখ্যাত দি ডেইলি স্টার, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, দি বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক যুগান্তর এবং নেপালের দৈনিক খবরহাব-এ নিয়মিত লেখালেখি করছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

    নিজস্ব প্রতিবেদক
    ৫ এপ্রিল, ২০২৩ ১৬:২০
    নিজস্ব প্রতিবেদক
    লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

    করোনা আর যুদ্ধের কারণে গত কয়েক বছর ধরে এমনিতেই ব্যবসা বানিজ্যে ভাটা। এ বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকলেও গতকালকের আগুনে সব শেষ হয়ে গেছে বঙ্গবাজারের ব্যবসায়ীদের। যেন আর কিছুই অবশিষ্ট নেই। এ অবস্থায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন তারকা, রাজনীতিবিদ থেকে আমজনতা পর্যন্ত।

    তারই ধারাবাহিকতায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।

    বুধবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ।

    বিদ্যানন্দের পোস্টটিতে লেখা হয়:

    ‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না’?”

    ‘নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’

    এদিকে গতকালের আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারো প্রথম তাকরিম

      নিজস্ব প্রতিবেদক
      ৫ এপ্রিল, ২০২৩ ১০:১০
      নিজস্ব প্রতিবেদক
      আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারো প্রথম তাকরিম

      আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম।

      মঙ্গলবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে তাকরিমের প্রথম স্থান অর্জনের খবরটি নিশ্চিত করেছে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার অফিস সংশ্লিষ্ট সূত্র। এছাড়াও খবরটি নিশ্চিত করেছেন তাকরিমের শিক্ষক ও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

      কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি।

      উক্ত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

      এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

      তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।

      https://twitter.com/quran_award/status/1643312075869921280

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশি ব্যাংকার দিলিপ দাশগুপ্ত

        নিজস্ব প্রতিবেদক
        ২ এপ্রিল, ২০২৩ ১৮:৪৪
        নিজস্ব প্রতিবেদক
        গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশি ব্যাংকার দিলিপ দাশগুপ্ত

        ব্যাংকে ক্রেডিট ব্যবস্থাপক হিসেবে দীর্ঘতম ক্যারিয়ার গড়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলেন বাংলাদেশি ব্যাংকার দিলিপ দাশগুপ্ত। সুদীর্ঘ সময় ব্যাংকিং পরিসেবায় যুক্ত থাকা দিলিপ দাশগুপ্ত বর্তমানে কমার্শিয়াল ব্যাংক অব সিলন, কলম্বোর ‘ক্রেডিট স্পেশিয়ালিস্ট’ হিসেবে কর্মরত।

        বুধবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের  ওয়েবসাইটে ‘Longest career as a bank credit manager (male)’ শীর্ষক ঘোষণায় বাংলাদেশের ব্যাংকার দিলিপ দাশগুপ্তের ব্যাংক ক্রেডিট ব্যবস্থাপক হিসেবে দীর্ঘতম ক্যারিয়ারের এই স্বীকৃতি প্রদান করে।

        ঘোষণায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ৩ নভেম্বর ২০২২ থেকে যাচাইয়ের মাধ্যমে ৫৯ বছর ১৮৬ দিনের বর্ণাঢ্য কর্মজীবনের জন্য বিশ্বের দীর্ঘ সময়ের ব্যাংক ক্রেডিট ব্যবস্থাপকের স্বীকৃতি পেলেন দিলিপ দাশগুপ্ত।

        ব্যাংকিং পরিসেবায় অনন্য অবদানের জন্য ইতোপূর্বে তিনি ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’ এবং মানবিকতার জন্য পোপ ফ্রান্সিস কর্তৃক ‘লাভ ফর হিউমিনিট’সহ দেশে-বিদেশে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

        ১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাটনীকোঠা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া দিলিপ দাশগুপ্তের বাবা কৃষ্ণকুমার দাশগুপ্ত ও মা সুচারু প্রভা দাশগুপ্তা।  ১৯৬২ সালে খাতুনগঞ্জের আমদানি প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইমপেক্স এ যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে ইউনাইটেড ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি।

        সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে দিলিপ দাশগুপ্ত স্ট্যান্ডার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স, ইন্দোসুয়েজ ব্যাংক, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজসহ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন বিএএফ শাহিনের ফাহিম

          নিজস্ব প্রতিবেদক
          ৩১ মার্চ, ২০২৩ ১৬:১৭
          নিজস্ব প্রতিবেদক
          হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন বিএএফ শাহিনের ফাহিম

          বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফুল-ফ্রি স্কলারশিপের জন্য মনোনিত হয়েছেন রাজধানীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহমেদ ফাহিম শিহাব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি ফাহিমকে বিষয়টি জানিয়েছে ক্ষুদে বার্তার মাধ্যমে।

          ফাহিম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।

          অভিনন্দন জানিয়ে ক্ষুদে বার্তায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ফাহিমকে জানিয়েছে, প্রিয় আহমেদ ফাহিম, আপনি হার্ভার্ড কলেজের ২০২৭ সালের ক্লাসে ভর্তির জন্য মনোনিত হয়েছেন। আমরা আপনাকে বিষয়টি জানাতে পেরে অত্যান্ত আনন্দিত। আপনার জন্য একটি সৃষ্টিশীল কলেজ অভিজ্ঞতা অপেক্ষা করছে।

          ফাহিম ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে ভর্তি হন বিএএফ শাহীন কলেজে। সেখান থেকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনি তার উচ্চ মাধ্যমিক শেষ করেছেন।

          উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষামানের জন্য প্রসিদ্ধ এই শিক্ষায়তন আইভি লীগের সদস্য। এটি ম্যাসাচুসেট্‌স-এর বোস্টনে অবস্থিত। ১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হার্ভার্ড মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত