শিরোনাম
সুরমা ও চীনা নাগরি তাওজেনের ঘর বাঁধা হলো না : কারন কী?
ভালোবাসার টানে হাজার মাইল দূর চীন থেকে বাংলাদেশে এসেছিলেন ওয়াং তাওজেন। ভালোবাসার মানুষ সুরমা আক্তারকে বিয়ে করার প্রত্যাশায় দিন গুনছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতা আর দূতাবাসের সতর্কবার্তায় থেমে গেল সেই স্বপ্ন। বিয়ে না করেই দেশে ফিরে যাচ্ছেন চীনা নাগরিক তাওজেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ত্যাগ করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং সেখান থেকেই নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে সুরমার পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অনলাইন অ্যাপে সুরমা ও তাওজেনের পরিচয় হয়। কথা বলতে বলতে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তাওজেন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
চীনের গুয়াংজু প্রদেশ থেকে বিমানে করে তিনি আসেন বাংলাদেশে। সুরমার পরিবারের সদস্যরাও প্রথমে বিষয়টিতে আপত্তি করেননি। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়।
রোববার (২ নভেম্বর) দিনটি নির্ধারিত ছিল তাদের বিয়ের জন্য। কিন্তু স্থানীয়ভাবে বিয়ের আয়োজনের আগে আইনগত জটিলতা সামনে আসে। এরপর সোমবার আদালতের মাধ্যমে বিয়ে পড়ানোর চেষ্টা করা হয়।
কিন্তু আদালতের আইনজীবীরা জানান, বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহের ক্ষেত্রে দূতাবাসের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। সেই পরামর্শেই তাওজেন চীনা দূতাবাসে যোগাযোগ করেন।
চীনা দূতাবাসে গেলে কর্মকর্তারা জানান, বিদেশি, বিশেষ করে বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের বিষয়ে সম্প্রতি তারা বিশেষ সতর্কতা জারি করেছেন।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, চীনে নারী-পুরুষের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় অনেক পুরুষ বিদেশি নারীকে বিয়ে করার চেষ্টা করছেন। এর সুযোগে কিছু মানবপাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই বিদেশি নারীকে বিয়ে করতে হলে নিজ দেশের কঠোর আইন মেনে চলতে হবে এবং অবৈধ ম্যাচমেকিং এজেন্সি ও অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে হবে।
দূতাবাসের ওই নির্দেশনার পর বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু সেখান থেকেও বিয়ের বিষয়ে কোনো সুস্পষ্ট আইনি ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে সব প্রস্তুতি নিয়েও বিয়ে সম্পন্ন করা সম্ভব হয়নি।
এই সময়ের মধ্যে তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্থানীয় এক মসজিদে ইমামের মাধ্যমে তিনি ধর্মান্তরিত হন।
সুরমার চাচা বলেন, ‘আমরা স্থানীয়ভাবে এবং আদালতের মাধ্যমে বিয়ে পড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আইনি জটিলতা আর দূতাবাসের নিষেধাজ্ঞায় সেটা সম্ভব হয়নি। তাওজেন নিজেও বিষয়টি বুঝেছে। সে জানিয়েছে, দেশে ফিরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরে সুরমাকে বিয়ে করবেন।
তিনি আরও বলেন, ‘চীনা দূতাবাসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তাদের সরকার সম্প্রতি এই ধরনের আন্তসীমান্ত বিয়েতে কঠোর বিধিনিষেধ দিয়েছে।’
প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে আসার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নাসিরনগরে আলোচনার ঝড় উঠেছে। প্রতিদিনই কৌতূহলী মানুষ সুরমাদের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে চলচ্চিত্রে এমন গল্প দেখা যেত, এখন বাস্তবেও ঘটছে। কেউ কেউ বলছেন, ভালোবাসার এমন গল্পের পরিণতি যেন আরও সুন্দর হতো।
আইনি জটিলতায় ব্যর্থ হলেও সুরমা ও তাওজেনের সম্পর্ক নাকি এখনো অটুট। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাওজেন দেশে ফিরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আবার বাংলাদেশে আসবেন।
সুরমার এক আত্মীয় বলেন, ‘তাওজেন সুরমাকে আশ্বাস দিয়ে গেছে, আইনগতভাবে সব ঠিক করে ফেরত আসবে। আমরা চাই, তাদের ভালোবাসা যেন সুষ্ঠুভাবে পরিণতি পায়।’
রাতে স্মার্টফোন ব্যবহার করলে শরীরে যত ক্ষতি
বর্তমান যুগে স্মার্টফোন যেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগ, বিনোদন, তথ্য খোঁজা থেকে শুরু করে দৈনন্দিন অনেক কাজেই স্মার্টফোনের ব্যবহার অনস্বীকার্য। তবে এই স্মার্টফোনই যদি ঘুমের শত্রু হয়ে দাঁড়ায়, তবে তা স্বাস্থ্যহানির কারণ হয়ে উঠতে পারে বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষ করে রাত জেগে স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানোর প্রবণতা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা বিভিন্ন গেম ও রিল স্ক্রলিংয়ে মগ্ন থাকেন অনেকেই। এতে শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে, যা অনেকেই বুঝতে পারেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো (Blue Light) শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে রাতের বেলায়। ঘরের আলো নিভিয়ে ফোন ব্যবহারের সময় এই নীল আলো আরও তীব্র হয়ে চোখে আঘাত করে। এটি দৃষ্টিশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত এবং মস্তিষ্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দীর্ঘদিন রাত জেগে স্মার্টফোন ব্যবহার করলে তা শুধু চোখের ক্ষতিই নয়, বরং মেলাটোনিন হরমোন উৎপাদন ব্যাহত করে ঘুমের গুণগত মান নষ্ট করে দেয়। ফলে উদ্বেগ, হতাশা, স্মৃতিশক্তি হ্রাস, এমনকি শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।
রাত জেগে স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব
• ঘুমের ব্যাঘাত: প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। স্মার্টফোনের নীল আলো ঘুমের হরমোনে (মেলাটোনিন) বিঘ্ন ঘটায়, ফলে ঘুম কমে যায়।
• চোখের ক্ষতি: সরাসরি চোখে নীল আলো পড়লে চোখের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং চোখে জ্বালা বা ব্যথা দেখা দেয়।
• মানসিক স্বাস্থ্য: ঘুম কমে যাওয়ায় দুশ্চিন্তা ও মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদে বিষণ্নতা বা উদ্বেগের মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে।
• চিন্তাশক্তি ও শারীরিক শক্তি হ্রাস: পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক ও শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়।
• রেটিনার ক্ষতি ও অন্ধত্বের আশঙ্কা: আমেরিকান ম্যাকিউলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশনের মতে, স্মার্টফোনের নীল আলো রেটিনার স্থায়ী ক্ষতি করে অন্ধত্বের ঝুঁকি তৈরি করতে পারে।
• ক্যানসারের ঝুঁকি: ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্মার্টফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
করণীয়
স্বাস্থ্য সুরক্ষায় নিচের অভ্যাসগুলো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা
• ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে ফোন ব্যবহার বন্ধ করুন।
• ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
• চাইলে হালকা সুরের প্রশান্তিদায়ক গান শুনতে পারেন।
• সবসময় মোবাইল ফোনে নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার চালু রাখুন।
প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও, এর সঠিক ব্যবহারে সচেতনতা জরুরি। বিশেষ করে রাত জেগে স্মার্টফোন ব্যবহারের ফলে স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা অস্বীকার করার উপায় নেই। এখনই অভ্যাসে পরিবর্তন না আনলে সামনে অপেক্ষা করতে পারে আরও বড় বিপদ।
বাংলার বদ্বীপ সৃষ্টি হলো কীভাবে?
হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় গড়ে উঠেছে বাংলার বদ্বীপ—যা আজ বিশ্বের বৃহত্তম নদীবাহিত ডেল্টা হিসেবে পরিচিত। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা—এই তিন প্রধান নদীর পলি সঞ্চয়ের ফলেই গঠিত হয়েছে এই বিশাল ভূখণ্ড, যার অধিকাংশই বর্তমান বাংলাদেশে অবস্থিত।
বাংলার বদ্বীপ সৃষ্টি হলো কীভাবে?
ভূতাত্ত্বিকদের মতে, প্রায় ছয় থেকে দশ হাজার বছর আগে হিমালয়ের হিমবাহ গলে সৃষ্ট নদীগুলো বিপুল পরিমাণ পলি বয়ে আনে দক্ষিণ দিকে। বাংলাদেশের সমতল ভূমিতে এসে নদীর গতিবেগ কমে যায়, ফলে এই পলি ধীরে ধীরে নদীতল ও তীরবর্তী অঞ্চলে জমা হতে থাকে। দীর্ঘকাল ধরে জমতে থাকা এই পলিই তৈরি করেছে আজকের বাংলার বদ্বীপ।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, গঙ্গা নদী ভারতের উত্তর দিক থেকে, ব্রহ্মপুত্র তিব্বতের পার্বত্য অঞ্চল থেকে এবং মেঘনা আসাম ও ত্রিপুরা অঞ্চল থেকে নেমে এসে বাংলার সমভূমিতে মিলিত হয়। এই মিলনস্থলেই পলি জমে নতুন ভূমি বা চর সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এসব চর একত্রে মিলিত হয়ে বিশাল বদ্বীপ অঞ্চল তৈরি করেছে।
বাংলার ২টি ভূমি ছাড়া পুরোটাই ছিল বঙ্গপসাগরের অংশ! বাংলার বদ্বীপ সৃষ্টি হলো কীভাবে?
দক্ষিণাঞ্চলের ভূখণ্ড বিশেষভাবে নতুন পলিতে গঠিত বলে একে “নিম্ন বদ্বীপ” বলা হয়। অন্যদিকে, উত্তর ও পশ্চিমাঞ্চলের তুলনামূলক পুরোনো ভূমিকে ধরা হয় “উচ্চ বদ্বীপ” হিসেবে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এখনো এই বদ্বীপের গঠন প্রক্রিয়া অব্যাহত আছে। প্রতিবছর বর্ষার সময়ে নদীগুলো পাহাড়ি বন্যার সঙ্গে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে, যা বঙ্গোপসাগরের মোহনায় জমে নতুন চর তৈরি করছে। ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও বরিশাল অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নতুন ভূমির উত্থান তারই প্রমাণ।
নদীর পলির সঞ্চয়ে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা
বিশেষজ্ঞরা বলছেন, বদ্বীপের এই পলি সমৃদ্ধ মাটি বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে একইসঙ্গে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই বদ্বীপ অঞ্চলের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।
প্রকৃতির অমোঘ নিয়মে গঠিত এই বদ্বীপ আজ বাংলাদেশের ভূপ্রকৃতি, কৃষি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে উর্বর ও প্রাণবন্ত বদ্বীপগুলোর মধ্যে বাংলা বদ্বীপ তাই আজও এক অনন্য ভূ-অবয়বের প্রতীক।
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স-এর হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে সংস্থাটি। সেখানে দেখা যায়, তালিকার ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া।
তিন মাস পরপর এই তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। সর্বশেষ তালিকাটি প্রকাশ হয়েছিল গত জুলাই মাসে। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম।
বাংলাদেশের পাসপোর্টধারীরা অবশ্য এখনও ৩৮টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এই দেশগুলো হলো- বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো
আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, স্যামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলংকা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনেস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
হেনলি অ্যান্ড পার্টনার্সের অক্টোবরের তালিকায় বাংলাদেশের পেছনে থাকা বাকি ৬টি দেশ হলো নেপাল (১০১ তম), সোমালিয়া (১০২ তম), পাকিস্তান (১০৩ তম), ইয়েমেন (১০৩ তম), ইরাক (১০৪ তম), সিরিয়া (১০৫ তম) এবং আফগানিস্তান (১০৬ তম)।
এ তালিকায় শীর্ষে থাকা দেশের নাম সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। আর দক্ষিণ কোরিয়া ও জাপানের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবেন যথাক্রমে ১৯০ এবং ১৮৯টি দেশে।
চতুর্থ অবস্থানে আছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে যেতে পারবেন ভিসা ছাড়া। পঞ্চম অবস্থানে আছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৭টি দেশে।
বিশ্বের প্রথম ‘বিটকয়েন জাতি’ এল সালভাদরের ভাগ্যে কী আছে
আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) ইতিহাস গড়তে যাচ্ছে এল সালভাদর। বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে দেশটি এ দিন বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। প্রেসিডেন্ট নায়িব বুকেলে মত দিয়েছেন—এই উদ্যোগ সালভাদরের প্রবাসীদের কোটি কোটি ডলার সাশ্রয় করবে। কারণ, প্রচলিত মুদ্রায় দেশে অর্থ পাঠাতে গেলে ব্যাংকগুলো প্রচুর কমিশন কেটে রাখে। তবে রয়টার্স জানিয়েছে, দেশটির বড় অংশ এখনো এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে।
বিটকয়েনে রেমিট্যান্সের লাভ-ক্ষতি
গত বছর বিদেশে থাকা সালভাদরবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৬ বিলিয়ন ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৩ শতাংশ। প্রেসিডেন্ট বুকেলে দাবি করেছেন, বিটকয়েন ব্যবহার করলে রেমিট্যান্স পাঠানোর কমিশন বাবদ বছরে তাঁদের প্রায় ৪০ কোটি ডলার সাশ্রয় সম্ভব হবে।
কিন্তু বাস্তবতা হলো, অনেক প্রবাসী ও তাঁদের পরিবার এখনো এই ডিজিটাল মুদ্রার ওপর আস্থা রাখতে পারছে না। তা ছাড়া বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এল সালভাদর ইতিমধ্যে ডলারভিত্তিক অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স খরচ করা দেশগুলোর একটি। বিষয়টি একটু ব্যাখ্যা করে বললে—এল সালভাদর ২০০১ সাল থেকে ডলারভিত্তিক অর্থনীতি অনুসরণ করছে, অর্থাৎ দেশটির সরকারি মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। ফলে প্রবাসীরা যখন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে অর্থ পাঠান, সেখানে মুদ্রা রূপান্তরের ঝামেলা বা অতিরিক্ত ফি লাগে না।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে অর্থ পাঠাতে গড়ে ২–৩ শতাংশ কমিশন খরচ হয়, যেখানে লাতিন আমেরিকার অনেক দেশের ক্ষেত্রে তা ৬–৮ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এল সালভাদরে অর্থ পাঠানো তুলনামূলকভাবে অনেক সস্তা ও সহজ।
তবে প্রেসিডেন্ট বুকেলের যুক্তি হলো—বিটকয়েন ব্যবহারে এই খরচ আরও কমানো সম্ভব।
এদিকে দেশটির মাত্র ৩০ শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ফলে অনেকে আশা করছেন, বিটকয়েনের মাধ্যমে দেশটিতে আরও বেশি মানুষের আর্থিক অন্তর্ভুক্তি ঘটতে পারে। তবে ২০২০ সালের এক জরিপে দেখা গেছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে এল সালভাদরের মানুষদের ইন্টারনেটে প্রবেশের হার দ্বিতীয় সর্বনিম্ন—যা বিটকয়েন ব্যবহারে বড় বাধা হতে পারে।
পরিবেশগত উদ্বেগ
ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি বড় বিতর্ক—এর পরিবেশগত প্রভাব। ডিজিটাল মুদ্রা তৈরিতে বা মাইনিংয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ লাগে, যা কার্বন নির্গমন বাড়ায়। ব্যাংক অব আমেরিকার হিসাবে, বৈশ্বিক বিটকয়েনশিল্প থেকে বছরে প্রায় ৬ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়, যা ৯০ লাখ গাড়ির নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডের সমান।
তবে বুকেলে এই সমালোচনার জবাবে জানিয়েছেন, তিনি রাষ্ট্রীয় ভূতাপীয় বিদ্যুৎ কোম্পানি ‘লাজিও’-কে আগ্নেয়গিরির শক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব বিটকয়েন মাইনিংয়ের পরিকল্পনা করতে বলেছেন।
নিয়ন্ত্রক ও আর্থিক ঝুঁকি
বিটকয়েনের স্বাধীন লেনদেন অনেকের কাছে দারুণ উদ্ভাবন মনে হলেও আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে আর্থিক ঝুঁকি হিসেবে দেখছে। কারণ, এর মাধ্যমে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও ট্যাক্স এড়ানোর আশঙ্কা বাড়তে পারে বলে সতর্ক করেছে ফিচ ও আইএমএফ।
ক্রেডিট রেটিং সংস্থা ‘ফিচ’ জানিয়েছে, পুঁজি লাভে কর না থাকায় ও বিটকয়েনে ট্যাক্স পরিশোধের সুযোগ থাকলে বিদেশি অবৈধ অর্থপ্রবাহের ঝুঁকি থাকবে। এই আশঙ্কায় ‘মুডিস’ ইতিমধ্যে এল সালভাদরের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। ফলে দেশটির ডলার বন্ডে চাপ বেড়েছে।
বিনিময় ঝুঁকি ও ভবিষ্যৎ
বিটকয়েন ও ডলারের রূপান্তর সহজ করতে এল সালভাদরের সরকার ১৫ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে। কিন্তু ডিজিটাল মুদ্রার অস্থির মূল্যমান—যার দাম এক দিনেই শত শত ডলার বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে—অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। এমন অবস্থায় বিমা কোম্পানি ও ব্যাংকগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে ফিচ।
তারপরও এল সালভাদরের উপকূলীয় শহর এল জোন্টেতে বিটকয়েন ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানকার অভিজ্ঞতা বলছে, প্রযুক্তিগত বাধা না থাকলে এটি বিদেশি আয়ের ক্ষেত্রে নতুন দরজা খুলে দিতে পারে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য