শিরোনাম
সম্পূর্ণ অর্থায়িত রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট বৃত্তির সুযোগ
যুক্তরাজ্যের রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে সম্পূর্ণ অর্থায়নকৃত এই বৃত্তি। অক্সফোর্ডের এই বৃত্তি ২০২৬ শিক্ষাবর্ষের মধ্যে সক্রিয় থাকবে।
এই বৃত্তির আওতায় মেডিসিন ছাড়া যুগোপযোগী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যাবে। যাঁরা যুক্তরাজ্যে স্নাতক পর্যায়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ড বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রায় ৯ শতাব্দী পুরোনো। যার সূচনা হয়েছিল দ্বাদশ শতকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মূলত কলেজভিত্তিক একটি প্রতিষ্ঠান। যেখানে ৩০টির বেশি স্বতন্ত্র কলেজ ও হল রয়েছে।
সুযোগ-সুবিধা
অক্সফোর্ডের এই বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। যার আওতায় শিক্ষার্থীদের সব ধরনের ব্যয়ভার বহন করা হবে। বৃত্তির সুবিধাগুলোর মধ্যে রয়েছে—টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, থাকবে ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত। প্রতিবছর শিক্ষার্থীকে নিজ দেশের জন্য একটি রিটার্ন বিমান টিকিট দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আবাসন ও জীবনযাপনের সব খরচ বহন করবে বৃত্তি কর্তৃপক্ষ।
যোগ্য দেশের তালিকা
বৃত্তিটির জন্য বিশ্বের যেসব দেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন, তাঁদের মধ্যে রয়েছে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের বহু দেশ। যোগ্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, মিসর, ইথিওপিয়া, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, কেনিয়া।
আবেদনের যোগ্যতা
রিচ অক্সফোর্ড স্কলারশিপের যোগ্যতার শর্তাবলি হলো—আবেদনকারীকে অবশ্যই উল্লেখিত তালিকাভুক্ত দেশগুলোর (যেমন বাংলাদেশসহ) নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। এই বৃত্তি শুধু তাঁদের জন্য প্রযোজ্য, যাঁরা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে ভর্তির অফার পেয়েছেন এবং যাঁদের একাডেমিক দক্ষতা ও যোগ্যতা অত্যন্ত উচ্চমানের। মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের এই বৃত্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, বায়োকেমিস্ট্রি, জীববিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি ও ব্যবস্থাপনা, প্রকৌশলবিজ্ঞান, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, আইন, ভূগোল, গণিত ও পরিসংখ্যান, সংগীত, পদার্থবিজ্ঞান, ধর্মতত্ত্ব।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি, ২০২৬।
আল-আজহার পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল
বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট স্তরের স্কলারশিপে নির্বাচিত হওয়ার পর, এবার মরক্কোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে বাংলাদেশের মনোনীত ১০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২০২২–২৩ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ইছাপুর গ্রামের সন্তান রাকিবুল শৈশবে পড়াশোনা শুরু করেন ইছাপুরা হেমায়েত ইসলাম নূরানী মাদ্রাসা থেকে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাওতুল হেরা দারুসসুন্নাত আল জামেয়া মাদ্রাসা থেকে দাখিল এবং দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এই মেধাবী শিক্ষার্থী।
রাকিবুল ছিলেন মিশরের কায়রো থেকে পরিচালিত মারকায সওতুল ইসলাম অনলাইন ভিত্তিক আধুনিক আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮তম ব্যাচের শিক্ষার্থী। উল্লেখ্য, ২০২০ সাল থেকে এই অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৭৭ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছেন।
নিজের অনুভূতি জানিয়ে রাকিবুল ইসলাম রাইজিং ক্যাম্পাসকে বলেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর তাআলার প্রতি, যিনি আমাকে মরক্কোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এই অর্জনের পেছনে আমার সম্মানিত পিতা-মাতা ও শিক্ষকদের দুআ ও পরিশ্রম রয়েছে। সর্বোপরি এ অর্জনে আমি ভীষণ খুশি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষক-শিক্ষার্থীসহ দেশবাসীর নিকট আমি দুআ কামনা করছি।
এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক রাইজিং ক্যাম্পাসকে বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল মরক্কোর স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের জন্য মুফতি আমিমুল ইহসান হল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হবে।
মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা
বাংলাদেশ থেকে মরক্কো সরকারের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ তালিকায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে মোট ১৫ জন মূল প্রার্থী এবং বিকল্প হিসেবে আরও সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।
স্নাতক পর্যায় (Undergraduate Program)
মূল প্রার্থী (১০ জন)
মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা),মো. নাসের উদ্দিন (কুমিল্লা),তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার),মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট),মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা),শেখ আদনান মোস্তফা (ঢাকা),মো. নিয়ামতুল্লাহ (নড়াইল),মো. কাওসার আলম (কুমিল্লা),তামজিদ হোসাইন জয় (মাদারীপুর),মো. ইরাহাদ বিন আনসারী (পঞ্চগড়)।
স্নাতকোত্তর পর্যায় (Master’s Program)
মূল প্রার্থী (৪ জন)
মো. সুধীপ্ত কবির (রংপুর),হাসিবুল হাসান (ঢাকা),মুস্তাফিজুর রহমান (ফরিদগঞ্জ),মোহাম্মদ সাকিব বিন সেলিম (চট্টগ্রাম)।
পিএইচডি পর্যায় (PhD Program)
মূল প্রার্থী (১ জন)
মো. আতিকুর রহমান (ঢাকা)
বিকল্প প্রার্থী হিসেবে স্নাতক পর্যায়ে আরো পাঁচ জন ও স্নাতকোত্তর পর্যায়ে দুই জন সুযোগ পেয়েছেন
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরক্কোর দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
এই মনোনয়নকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া
প্রায় তিন লাখ বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজার করবে। সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চলতি বছর আবাসনের দাম বৃদ্ধির সঙ্গে অভিবাসন রোধ করার জন্য মোট ২ লাখ ৭০ হাজার আসন বরাদ্দ করা করা হয়েছিল।
সরকার জানিয়েছে, সফলভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা 'নিয়ন্ত্রণের মধ্যে' নামিয়ে আনার কারণে ২০২৬ সালে অতিরিক্ত ২৫ হাজার আসন বাড়ানো হচ্ছে।
কোভিড ১৯-এর পর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী দেশে ফিরে আসায় অস্ট্রেলিয়া ২০২৩ অর্থবছরে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ভিসা দিয়েছিল। দেশটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী যায় চীন এবং ভারত থেকে।
এদিকে, ভিসা বাড়ানোর পাশাপাশি সরকার ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ফি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে এবং নিয়মের 'ফাঁক-ফোঁকর' বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে- যার ফলে ক্রমাগত দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর অনুমতি কমতে পারে।
চীনের ওপর অস্ট্রেলিয়ার অর্থনৈতিক নির্ভরতা কমাতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার সরকারের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা : বাংলাদেশি ছাত্রদের দ্রুত আবেদন করতে বলল দূতাবাস
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এবং প্রত্যয়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র ভিসার জন্য আবেদন করতে হবে।
ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার গুরুত্ব তুলে ধরে এই তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন দূতাবাস একটি পোস্ট শেয়ার করে। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সময় লাগে। তাই, শিক্ষাবর্ষ শুরুর আগে পর্যাপ্ত সময় হাতে রেখে ভিসার আবেদন করা অপরিহার্য। এটি শিক্ষার্থীদের সময়মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে সাহায্য করবে।
দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে।
শিক্ষার্থীদের যেকোনো তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বিষয়ক সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য