ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

একজন সর্বোচ্চ তিন আসনে প্রার্থী হতে পারবেন: ইসির পরিপত্র

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:২৪
অনলাইন ডেস্ক
একজন সর্বোচ্চ তিন আসনে প্রার্থী হতে পারবেন: ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনি আসনে প্রার্থী হতে পারবেন না। এর বেশি আসনে মনোনয়নপত্র দাখিল করলে সংশ্লিষ্ট ব্যক্তির সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকায় প্রার্থী হলে তার সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।’ একই পরিপত্রে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে কর্মরত থাকলে সেটিকে লাভজনক পদ হিসেবে গণ্য করা হবে এবং ওইসব ব্যক্তি নির্বাচনে অযোগ্য হবেন।

এ ছাড়া উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত দপ্তর, প্রতিষ্ঠান, করপোরেশন বা কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের প্রার্থী হতে হলে বিধি অনুযায়ী পদত্যাগ করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিবর্গের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনি ব্যয় ব্যবস্থাপনা প্রসঙ্গে পরিপত্রে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৪৪খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনি এজেন্টকে (বা এজেন্ট না থাকলে প্রার্থীকে নিজে) তফসিলি ব্যাংকে একটি পৃথক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন-সংক্রান্ত সব ব্যয় ওই অ্যাকাউন্ট থেকেই পরিশোধ করতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ফরম-২০-এ নির্বাচনি ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী এবং ফরম-২১-এ প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী দাখিল করাও বাধ্যতামূলক করা হয়েছে।

পরিপত্রে আরও জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী কর্তৃক সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নির্বাচনি এলাকায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহানগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনি এলাকায় জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বে প্রকাশিত সীমানা পুনঃনির্ধারণের তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি এবং গাজীপুর জেলা থেকে একটি আসন কমানো হয়েছে। সংশোধনের পর মোট ৩০০ আসনের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবার জামায়াতে ইসলামীর মিথ্যাচার ও সহিংসতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানালো এনসিপি

    অনলাইন ডেস্ক
    ১০ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    এবার জামায়াতে ইসলামীর মিথ্যাচার ও সহিংসতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানালো এনসিপি

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।

    ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ-নির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।

    ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।

    এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ই অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।

    এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

    জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।
     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে

      অনলাইন ডেস্ক
      ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:২০
      অনলাইন ডেস্ক
      ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে

      ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

      বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

      কে কোন আসনে নির্বাচন করবেন-

      এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আখতার হোসেন রংপুর-৪ আসনে। ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে। ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন তাসনীম জারা। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে।

      এ ছাড়া ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

      রংপুর-১ আসনে মো. আল মামুন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

      নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

      প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান তিনি।

      একই সঙ্গে দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

      এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

        অনলাইন ডেস্ক
        ৮ ডিসেম্বর, ২০২৫ ২২:৫৯
        অনলাইন ডেস্ক
        ৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

        ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

        সোমবার (০৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

        ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দুই ধাপে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।

        গত ৬ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়।

        এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে আরও ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।

        নিবন্ধনপ্রাপ্ত এসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এনসিপিসহ ৩ দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ

          অনলাইন ডেস্ক
          ৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৭
          অনলাইন ডেস্ক
          এনসিপিসহ ৩ দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’র আত্মপ্রকাশ

          জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন- তিনটি দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটের যাত্রা শুরু হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট।’

          রোববার ( ৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ জোটের ঘোষণা দেওয়া হয়। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য৷’

          সংবাদ সম্মেলন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে যাতে আর স্বৈরাচারের আবির্ভাব না হয় সে কারণেই আমরা এক হচ্ছি।

          নাহিদ ইসলাম বলেন, সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐক্যবদ্ধ থাকবো। শুধু নির্বাচনী জোট নয়, এটা একইসাথে রাজনৈতিক জোট। একসাথে একইমার্কায় জোটবদ্ধ নির্বাচন করবো।

          নাহিদ ইসলাম আরও বলেন, এই বাংলাদেশে যদি কেউ মনে করে গায়ের জোরে ভোট আদায় করে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদাই করে তারা উভয়েই পরাজিত হবে।

          তিনি বলেন, পুরনো দলগুলোর সাথে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম। আমরা এখন থেকে নতুনদের সাথে থাকবো। নতুন করে আরও দল ক্রমান্বয়ে যুক্ত হবে।

          রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর  সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, চব্বিশের অভ্যুত্থান টিকবে কি না, তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো তার উপর নির্ভর করছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত