ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

বিএনপি সংস্কারের ধারক-বাহক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫ ২৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সংস্কারের ধারক-বাহক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক-বাহক হচ্ছে বিএনপি।

আজ শনিবার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা ইসলামের কথা বলে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিয়ে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে এখন। সংবাদমাধ্যম শুরুই করে ছিলেন জিয়াউর রহমান। আর সংবাদমাধ্যম বন্ধ করে দিয়ে ছিল শেখ মুজিবুর রহমান। সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান।

স্মরণসভায় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে বিএনপি নেতারা রাতে ঘুমাতে পারেনি। গেল ১৭ বছরে বিএনপির প্রায় ১ হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকলে সোচ্চার ও সজাগ থাকতে হবে। যারা দেশের ক্ষতি করেছে তারা জেনো কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে সিদ্ধান্ত আপনারা নিবেন।

মির্জা ফখরুল বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথাগুলো আসছে, বিএনপির তিন দফার মধ্যে তা আছে। অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক-বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পুনরুদ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।’

গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মো. মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম. হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাগদান সারলেন প্রকৌশলী ইশরাক হোসেন

    অনলাইন ডেস্ক
    ১১ অক্টোবর, ২০২৫ ১৯:২৬
    অনলাইন ডেস্ক
    বাগদান সারলেন প্রকৌশলী ইশরাক হোসেন

    বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

    টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খান ও তার মেয়ে ব্যারিস্টার নুসরাত খান

    শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ব্যারিস্টার অসীমের উদ্যোগ

      ধানমণ্ডিতে এলইডি স্ক্রিনে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

      অনলাইন ডেস্ক
      ১১ অক্টোবর, ২০২৫ ১৫:০
      অনলাইন ডেস্ক
      ধানমণ্ডিতে এলইডি স্ক্রিনে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

      রাজধানীর ধানমন্ডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। এতে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রচার করা হয়।

      শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডি স্ক্রিনের মাধ্যমে এই প্রদর্শনীর আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

      সাক্ষাৎকার প্রচারের আগে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্য করে ব্যারিস্টার অসীম বলেন, সাক্ষাৎকারে তারেক রহমান বলেন নাই যে তিনিই একমাত্র নির্যাতিত, তিনি বলেন নাই, দুঃখ-দুর্দশা তার সবচেয়ে বেশি।


      তিনি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মী তার মতোই নির্যাতনের শিকার হয়েছেন। এটাই হলো নেতার নেতৃত্ব। এটাই মমত্ব বোধ। তারেক রহমান অনেক কথা বলেছেন, কিন্তু প্রতিহিংসার কথা বলেন নাই।

      তিনি বিচারের কথা বলেছেন, কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে বিচার বিভাগের কথা বলা আছে। স্বাধীন বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে যারা অপকর্ম, দুষ্কর্ম করেছে তাদের বিচার হতে হবে।

      সাক্ষাৎকার প্রচারের সময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার অসীমের সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এলাকার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কোনো শক্তিকে জামায়াত ভয় করে না: ডা. শফিকুর

        অনলাইন ডেস্ক
        ১১ অক্টোবর, ২০২৫ ০:৩৭
        অনলাইন ডেস্ক
        কোনো শক্তিকে জামায়াত ভয় করে না: ডা. শফিকুর

        কোনো শক্তিকে জামায়াত ভয় করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন তিনি। ‍

        জামায়াত আমির বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।’

        ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট আর অনিয়ম রোধ করে শৃঙ্খলা আনা হবে, কেউ কোনো চাঁদাবাজির সুযোগ পাবে না।’

        তিনি বলেন, ‘আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই নির্বাচনে যেই পাস করুক, আমরা তাকে অভিনন্দন জানাব। কিন্তু আমরা তিন বার ভোট দিতে পারি নাই, এবার চতুর্থ বার কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

          অনলাইন ডেস্ক
          ১০ অক্টোবর, ২০২৫ ২১:২১
          অনলাইন ডেস্ক
          ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

          ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

          প্রেস সচিব বলেন,‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সব ধরনের বাধা ও সংশয় ইতোমধ্যেই দূর হয়ে গেছে। অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’

          তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।’

          শফিকুল আলম বলেন, ‘আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছলে তার সঙ্গে কথা বলে জানা যাবে কখন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন শহিদুল আলমকে রিসিভ করতে। শহিদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানাই।’

          এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত