শিরোনাম
বিদেশে পালিয়ে থাকা সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেলজিয়ামে পালিয়ে থাকা সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক আল আমিন আবেদন দুটি উপস্থাপন করেন।
আবেদনে বলা হয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সাবেক এমপি হাছান মাহমুদ বন, পরিবেশ, তথ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করেন। তার বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ৩৯ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।
এই লেনদেনের মাধ্যমে তিনি অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং করেছেন বলে দুদক জানিয়েছে। এর মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন।
অপরদিকে, তার স্ত্রী নূরান ফাতেমার বিরুদ্ধে ৫ কোটি ৫২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ রয়েছে। পাশাপাশি, তার নিজ, যৌথ এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬৮৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের ভাষ্য অনুযায়ী, হাছান মাহমুদ তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এসব লেনদেন ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থের উৎস গোপন করে তা রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং’-এর পর্যায়ে পড়ে।
দুদক মনে করে, মামলার তদন্তাধীন অবস্থায় আসামিরা বিদেশে চলে গেলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এজন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদকের হানা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধ, সংগ্রহ, এলাকা স্থানান্তর, আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানি অভিযোগে নওগাঁয় জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ থেকে জেলা নির্বাচন অফিস, নওগাঁ ও সদর উপজেলা নির্বাচন অফিস, নওগাঁতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা জানান, সেবা প্রত্যাশীদের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রথমে ছদ্মবেশে জেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করা হয়। এ সময় প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। এই অফিসে নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। কিন্তু তারা নগদ টাকা লেনদেন ও প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ১০০ টাকা নিচ্ছে।
মেহবুবা খাতুন রিতা বলেন, পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে এনে সরেজমিনে এমন কর্মকাণ্ড দেখানো হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। এ সময় রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা।
বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে আসা সেবা গ্রহীতারা। সেইসঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, হাসপাতালে বরাদ্দের চেয়ে কম খাবার পরিবেশন, ওষুধ কালোবাজারি, হাসপাতালের সরকারি টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া এবং চিকিৎসকদের সময় মতো না আসা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে খাবারে অনিয়ম এবং চিকিৎসকদের সময় মতো না আসার প্রমাণ মিলেছে। সরকারি টেন্ডারের কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। আমাদের এই হাসপাতালটি ২৫০ শয্যা হলেও এখনও বরাদ্দ আসে ১০০ শয্যার। যার কারণে সব রোগীকে আমাদের পক্ষে খাবার দেওয়া সম্ভব হয় না। ডাক্তারদের সময় মতো না আসার ব্যাপারে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এ ব্যাপারে উনারা যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দুই দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির এ আদেশ দেন।
একই আদালতে ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন করলে আদালতে আবেদন মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।
ভাইরাল স্ক্রিনশট ও কনভারসেশন আমার না : সারোয়ার তুষার
নিজ দলের এক নারী নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচদিনের মধ্যে তাকে অভিযোগ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে দল৷
তবে অভিযোগ অস্বীকার করে সারোয়ার তুষার দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে এ দাবি করেন তিনি। সেখানে নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলেও জানান এ এনসিপি নেতা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। স্ক্রিনশটের ওই কনভারসেশনগুলো আমার নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব।
মঙ্গলবার (১৭ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
সারোয়ার তুষারের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আমি ভুলত্রুটির ঊর্ধ্বে না। মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। কোনো মানুষই করেন না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে, জঘন্য কুৎসিত কথাবার্তা লিখে, ভিডিও বানিয়ে আমার আর তার নামে প্রচার করা হচ্ছে। যারা এই কুৎসিত কাজগুলো করছেন, দয়া করে করবেন না। রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই।
আমার দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নারী সহকর্মীরা এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও হ্যারাজমেন্টের শিকার হয়েছেন। এখন আমার সঙ্গে তাদের জড়িয়ে এই নোংরামিগুলো করবেন না। তারা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী। রাজনীতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবন আছে৷ তাদের জীবন বিষিয়ে তুলবেন না। আমার চরিত্রহনন করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ন করবেন না। এটা আমার অনুরোধ। তারা কোনো দোষ করেননি।
আমি ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমার তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে পরিপ্রেক্ষিহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই
এর আগেও আমার বিশ্ববিদ্যালয় জীবনের ডিপার্টমেন্টের কালচারাল প্রোগ্রামের অভিনয়ের ছবিকে বিকৃত করে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে। আমি আমার জবান স্রেফ আমার রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিক সমালোচনায় খরচ করি। ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও কুৎসা রটনা করি না। একিলিস ও হেক্টরের যুদ্ধে একিলিস হেকটরকে বধ করেন ঠিকই; কিন্তু একজন বীর যোদ্ধার প্রাপ্য সম্মানটুকু দিতে কুণ্ঠা করেন না।
২০২২ সালের ডিসেম্বর থেকে চব্বিশের ৭ জানুয়ারির আগ পর্যন্ত আমি লাগাতারভাবে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে রাজপথে অংশ নিয়েছি। ৫ আগস্টের পর আমি বিএনপির ব্যাপারে বেশ সমালোচনামুখর হয়েছি আমার রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে৷ সমালোচনা ও ভিন্নমত বহুদলীয় গণতন্ত্রের প্রাণভোমরা।
সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বীভৎস। কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না; তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে। আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও মিত্ররা আমার ওপর ভরসা করেন। আমার প্রতি তাদের প্রত্যাশাও অনেক। আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখপ্রকাশ করছি।
আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু, আর কতটুকু আমি অর্গানাইজড ভার্চুয়াল মবের শিকার। আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। ওই কনভারসেশনগুলো আমার না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি লিখিতভাবে ব্যাখ্যা দেবো।
আমি কাউকে কোনো ধরনের হুমকি-ধমকি দেই নাই। দেওয়ার মতো পরিস্থিতিতেই আমি নাই। এ ব্যাপারে আমার নামে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। আমি এমনকি আমার এই পোস্টেও সংশ্লিষ্ট অপরপক্ষের পরিচয় প্রকাশ করছি না। যা যা বলার আছে, তা আমি দলের কাছেই লিখিতভাবে বলবো। সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার দলের কেন্দ্রীয় কোনো নারী বা দলের বাইরের অন্য কোনো নারীকে ঘিরে কুৎসা রটনা করবেন না।
ভবিষ্যতে আমি আরও পরিশীলিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। আমাকে যারা সমালোচনা ও বিরোধিতা করেন, তাদের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারা রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননে পর্যবসিত করবেন না। বাংলাদেশপন্থার জয় হোক।’
এর আগে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানায় এনসিপি৷ দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান৷
কারণ দর্শানোর নোটিশে এনসিপি বলেছে, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে৷ ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন৷ এমন অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।
বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ নির্দেশনা অনুযায়ী নির্দেশনা দেওয়ার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷
গতকাল সোমবার সারোয়ার তুষারের একটি ফোনালাপ ফাঁস করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ফোনালাপে এনসিপির এক নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাব দিতে শোনা যায় সারোয়ার তুষারকে। এরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, এনসিপি নেতা সারোয়ার তুষার নিজ দলের নারী নেত্রীকে হয়রানি করেছেন৷
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য