শিরোনাম
পবিপ্রবিতে আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স
পবিপ্রবি প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ফর রেজিলেন্ট কোস্টাল বাংলাদেশ প্রকল্পের আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপীনআন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি এমবাসেডর মি. থুইস ওরসা, প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক প্রফেসর ড. মো: আলমগীর কবির, প্রকল্প সমন্বয়কারী প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, নেদারল্যান্ড অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. ফুলকো লুডউইগ প্রকল্প সমন্বয়কারী মিস ক্যাথরিন।
কনফারেন্সে মূল প্রবন্ধ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুলকো লুডউইগ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন।
বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশ একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকাকে প্রভাবিত করছে, বিশেষ করে যারা কৃষি, মৎস্য খাতে নিয়োজিত। অনাকাঙ্খিত আবহাওয়ার ধরণ, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ক্রমবর্ধমান বৃষ্টিপাতের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা ফসলের ফলন, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ কৃষি ঐতিহ্যের দেশ। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী খাত সবাই মিলে এমন সমাধান খুঁজে বের করার জন্য কাজ করছে যা আমাদের একটি টেকসই এবং স্থিতিস্থাপক কৃষি খাতের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে"। কনফারেন্সে উল্লেখ করা হয়েছে যে কীভাবে স্থানীয় সম্পদ এবং প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগতভাবে সুস্থ এগ্রিকালচার উন্নয়ন করা যেতে পারে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত বলেন," জলবায়ু সংকট মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বর্তমানে একটি যুগোপোযোগী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বাস্তবায়নে আমাদের সকলকে সম্মিলিত কাজ করতে হবে। কৃষক পর্যায়ে এই ধারনা বাস্তবায়নে সরকারি, বেসরকারি উদ্যোগ গ্রহন করতে হবে।"
কনফারেন্সে দেশী বিদেশি শতাধিক গবেষকগন অংশগ্রহণ করেন।
কানাডায় সড়ক দুর্ঘটনাঃ কুমার বিশ্বজিতের ছেলে হাসপাতালে
কানাডার টরেন্টোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। দেশটির স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
একই সাথে নিবিড় কুমারের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্টজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। চিকিৎসকরা তাকে আরও ৬/১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।
নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সমাবর্তনের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা যবিপ্রবির
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৪র্থ সমাবর্তন ২০২৩ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদু'দিন সকল বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। সমাবর্তনের পূর্বে গ্রাজুয়েটবৃন্দ সংশ্লিষ্ট বিভাগ থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তাঁদের সমাবর্তন গাউন ও উপহার সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী ১৮ ফেব্রুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিতব্য '৪র্থ সমাবর্তন ২০২৩' সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে উপাচার্য মহোদয় বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা করা হলো এবং ঐ দুই দিন যথারীতি সকল বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
সমাবর্তনের পূর্বে কোন শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী অতি জরুরী প্রয়োজন ব্যতীত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনরুপ ছুটি ভোগ করতে পারবে না। এছাড়া ৪র্থ সমাবর্তন ২০২৩ এর সাথে সংযুক্ত ও রেজিস্ট্রার অফিস যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের কাজের জন্য প্রয়োজন মনে করবে তাঁদের সকলকে রেজিস্ট্রারের নির্দেশ পালন করতে হবে। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।এছাড়া আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রোজ শনিবার অনুষ্ঠিতব্য '৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, গ্রাজুয়েটবৃন্দ যবিপ্রবির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার পরীক্ষার নিয়ন্ত্রক দপ্তর থেকে ‘না দাবি সনদ’ এবং গাউন জমার ‘রসিদ’ নির্ধারিত বুথে জমাদান পূর্বক মূল সনদ সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার ও শুক্রবার সকল বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়িসমূহ নির্দিষ্ট রুট অনুযায়ী চলাচল করবে। গ্রাজুয়েটবৃন্দের সুবিধার্থে যশোর শহরস্থ পালবাড়ি মোড়-ক্যাম্পাস পর্যন্ত বাস শিডিউল অনুযায়ী যাতায়াত করবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে পরিবহন সূচির বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে।
কানাডার সড়কে ঝরে গেলো ৩ বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ
উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতেরা হলেন শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক শিক্ষার্থী কুমার দে।
কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।
দর্ঘটনার বিবরণে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পেছনের সিটে বসা দুজনকে তখনই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ইবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ
মোস্তাক মোর্শেদ, ইবি: প্রেমের সুষম বন্টন চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। এসময় তারা কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না এমন অদ্ভুত স্লোগান দিতে থাকে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে সভাপতি ইসতিয়াক প্রান্তের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সমবেত হয়।
এসময় সংঘের সাধারণ সম্পাদক সিয়াম বলেন, আজকের সমাজে আমাদের মতো সৎ, নিষ্পাপ, নিষ্ঠাবান প্রেমিকরা যখন সিঙ্গেল সেখানে অন্যরা একি সাথে দুই, তিনটি প্রেম করছে। প্রতিনিয়ত নির্বিচারে তারা প্রেমে লিপ্ত হচ্ছে। প্রেমের নামে যারা এটিকে কলুষিত করছে তাদেরকে আপনারা ধরিয়ে দিন।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি ইসতিয়াক প্রান্ত বলেন, আজ জীবনের ২৪ টা বছর এবং প্রেম বঞ্চিত সংঘের সাথে ৫টা বছর কেটে ফেললাম কিন্তু এখনো সিঙ্গেল হয়ে কাটাচ্ছি।তবে আমরা সফল হতে চাই, প্রেম চাই আমাদের জীবনে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য