ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাকৃবিতে পুর্নাঙ্গ রেলস্টেশন স্থাপনের স্থবির হয়ে যাওয়া কাজ পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৩ ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
বাকৃবিতে পুর্নাঙ্গ রেলস্টেশন স্থাপনের স্থবির হয়ে যাওয়া কাজ পুনরায় চালুর দাবি

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুর্নাঙ্গ রেলস্টেশন স্থাপনের স্থবির হয়ে যাওয়া কাজ পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির ছাত্র ইউনিয়নের সদস্যদের আশ্বস্ত করেন সাতদিনের মধ্যে স্টেশন নির্মান কাজ শুরু হবে। তার আশ্বাসের প্রেক্ষিতে ইউনিয়নের রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। পরবর্তীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার।

সমাবেশে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, দীর্ঘ সময় পর রেলস্টেশনের কাজ পুনরায় চালু হলেও টেন্ডার জনিত সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাস এর ব্যাত্যয় ঘটে তবে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি ছাত্র-শিক্ষক ও জনসাধারণের এই দাবী পূরণ না হলে রেল-লাইন অবরোধ করে আন্দোলন কঠিন থেকে কঠিনতর করার হুশিয়ারি প্রদান করেন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, রেলস্টেশনের কাজ শুরু করার জন্য আমি ঠিকাদারের সাথে কাজ কথা বলেছি। তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। এজন্য আগামী এক সপ্তাহ ছাত্র ইউনিয়নের কর্মসূচি স্থগিত রাখার কথা বলেছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জয়নাল

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ আগস্ট, ২০২৩ ২১:১১
    নিজস্ব প্রতিবেদক
    বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জয়নাল

    বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিনের দায়িত্ব পেয়েছেন ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন। তিনি সোমবার (২৮ আগস্ট) থেকে অনুষদের নতুন ডিনের দায়িত্ব পালন করবেন।

    এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। তিনি সদ্য বিদায়ী ডিন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল আলম-এর স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ২ বছর অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

    অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ৫ মার্চ ১৯৬৩ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সিনিয়র অধ্যাপক । তিনি ১৯৮৮ সালে বাকৃবির ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

    তিনি সর্বশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । অধ্যাপক ড. জয়নাল আবেদীনের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশর (কেআইবি) আজীবন সদস্য। তিনি বাকৃবি আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাকৃবিতে বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটি গঠিত

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ আগস্ট, ২০২৩ ২১:৫
      নিজস্ব প্রতিবেদক
      বাকৃবিতে বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটি গঠিত

      আমান উল্লাহ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, লক্ষীপুর, ফেনী) সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো মফিজুর রহমান জাহাঙ্গীর সভাপতি এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহিম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।

      রবিবার (২৬ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

      নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো জসিম উদ্দিন ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মেছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ পশুপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক নাবিলা জালাল, যুগ্মসাধারণ সম্পাদক মো জিহাদ আল ফারুক, ফারহান ইশরাক ও মাহাদী আবসার তুর্য, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ, ইকবাল হোসেন ও মো সামসুল আরেফিন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক মো সাইয়্যেদুল মুরছালিন, সমাজ কল্যাণ সম্পাদক মো মাসরুল আহসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরান হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামা দেব নাথ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোরশেদা জাহান স্বপ্নীল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকসানা কবির জ্যোতি, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো আবদুল কাইয়ুম।

      নতুন দায়িত্ব পেয়ে কমিটির সাধারণ সম্পাদক মেহেদী বলেন, বাকৃবিতে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালী এর সবাই মিলে আমরা একটি পরিবার। পরিবারের সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। পূর্ববর্তী কমিটির সকলে অনেক দায়িত্ব ও নিষ্ঠার সহিত সমিতির কার্যক্রম সম্পাদন করে গেছে। বর্তমান কমিটি সমিতির সকলের সহোযোগিতায় সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং কিভাবে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করা যায় সে লক্ষ্যে কাজ করবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বরিশালে মেডিকেল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বাকৃবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

        নিজস্ব প্রতিবেদক
        ২৬ আগস্ট, ২০২৩ ২৩:৪৩
        নিজস্ব প্রতিবেদক
        বরিশালে মেডিকেল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বাকৃবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

        বাকৃবি প্রতিনিধিঃ বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থী নির্যাতন এবং সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংসদ।

        শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে প্ৰতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

        জানা যায়, গত ২৩ আগস্ট, ২০২৩ বুধবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের হলে এক নারী শিক্ষার্থী ছাত্রলীগের কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি ওই ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীকে জানালে তাঁকেও রুমে ডেকে নিয়ে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে র্যাগিংয়ের বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল নির্যাতনের শিকার ছাত্রীদের বক্তব্য নেয়। এ সময় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে নির্যাতনের শিকার ছাত্রী ও ছাত্রীর মায়ের বক্তব্য নিতে যান। তখন কয়েকজন শিক্ষক সাংবাদিকদের লাঞ্ছিত করেন।

        এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ও প্রশাসনের ভঙ্গুর অবস্থার কারনে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তাই এই ভঙ্গুর প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ও ঘটনার সাথে জড়িত ছাত্রীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে ছাত্র ইউনিয়ন, বাকৃবি সংসদ জোর দাবি জানায়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাকৃবির ৬৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ আগস্ট, ২০২৩ ২২:৪
          নিজস্ব প্রতিবেদক
          বাকৃবির ৬৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত

          বাকৃবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ববিদ্যালয়ের ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় দিবস বাস্তবায়ন কমিটি।

          শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। এরপর পায়রা অবমুক্ত করার মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য । শোভাযাত্রাটি হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে আমতলা ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। এরপর কৃষি শিক্ষায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করা হয়।

          পরবর্তীতে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অংশ হিসেবে এরপরে আবাসিক হল গুলোতে বৃক্ষরোপণের জন্য হল প্রাধ্যক্ষদের কাছে বৃক্ষের চারা হস্তান্তর করা হয়।

          পরবর্তীতে সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশবিদ্যালয়ের অর্জন, 'শিক্ষা,গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি' শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্ব স্ব অনুষদীয় গবেষণা, অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে উপাস্থাপনা করেন অনুষদীয় ডিনবৃন্দ।

          এসময় দেশের কৃষির উন্নয়নে বাকৃবির অবদান তুলে ধরে উপাচার্য বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগে সাত কোটি মানুষ খাবার পেতো না এখন ১৮ কোটি মানুষ পেট ভরে খেতে পারে। এই অবদান বাকৃবি এবং তার গ্রাজুয়েটদের। আগে বছরে ধান উৎপাদন হতো দুইবার এখন ৩ বার উৎপাদন হয়। পূর্বে খড়া, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এখন কৃষকরা জানেন এগুলো কিভাবে মোকাবেলা করতে হয়। এই মোকাবেলা তাদের শিখিয়েছেন বাকৃবির কৃষিবিদরা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচকে ক্ষুধামুক্ত দেশ গঠন এবং বিভিন্ন ফসল উৎপাদনে বিশে্বর মধ্যে বাংলাদেশ শীর্ষ দশে অবস্থান করে। এসবই বাকৃবির অবদান। বাকৃবি থেকে প্রকাশিত গবেষণাপত্রগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হলে শিক্ষার্থীদের মানসম্মত থিসিস জমা দিতে হবে। খুব দ্রুতই গ্যালারি শ্রেণীকক্ষগুলোতে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।

          বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবু হাদী নীর আলী খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ প্রমুখ।

          উল্লেখ্য, বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত