শিরোনাম
ইউল্যাবে চলছে ৪ দিনব্যাপী মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এবং বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কর্তৃক যৌথভাবে আয়োজিত চার দিনব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।
ইউল্যাব-এর ক্যাম্পাসে কর্মশালাটি চলবে চলতি মাসের ২৩, ২৪, ৩০ ও ৩১ তারিখ পর্যন্ত। কর্মশালাটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে গোয়েথে ইন্সটিটিউট, বাংলাদেশ।
বিনামূল্যে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ সামগ্রী ছাড়াও প্রশিক্ষণার্থী ও শিক্ষক প্রতিনিধিদের জন্য যাতায়াত ও খাবারের ব্যবস্থা থাকবে। কর্মশালাটিতে অংশগ্রহণ করছে জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার হাই স্কুল এবং কে কে ফাউন্ডেশন স্কুলের ষষ্ঠ থেকে দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০ জন স্কুলগামী শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়।
মূলত মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এ আয়োজন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ৫ দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আগামী রবিবার (২৫ ডিসেম্বর)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. ম. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।
শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর পর্যন্ত হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, হলে অনেক শিক্ষার্থী আছেন, যারা শীতকালীন অবকাশে বাড়িতে যাবেন না। অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অনেকেই টিউশনির সাথে যুক্ত। তারা যেন কোনও ধরনের বিপাকে না পড়েন, সেজন্য হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা ২০২২। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ৬ষ্ঠ বারের মতো তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। তিনি বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।
তিনি আরো বলেন নন-ফিকশন বইমেলা এরইমধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মেলায় অংশ নিচ্ছে সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা। এগুলো হলো আদর্শ, জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, ঐতিহ্য, নালন্দা প্রকাশনী, দিব্যপ্রকাশ, তাম্রলিপি, রকমারি, জাগৃতি প্রকাশনী, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন,এএইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, সংহতি প্রকাশন, শ্রাবণ প্রকাশনী, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাতিঘর, অন্যপ্রকাশ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পাঠক সমাবেশ,মাওলা ব্রাদার্স, অনন্যা, কথাপ্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, সাহিত্য প্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, স্বরে অ, ডেইলি স্টার বুকস, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।
মেলায় দর্শনার্থীরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন। বইয়ের বিকিকিনির পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র্যাফল ড্রর আয়োজনও থাকছে।
ঢাবিতে ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ‘১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব আজ ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এমনকি কবিতার মধ্যেও গণিতের প্রয়োগ রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং গণিতচর্চার পাশাপাশি বই পড়ার বিশেষ করে বিজ্ঞানী, দার্শনিক ও মনীষীদের গ্রন্থ পড়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮২ জন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষক সমিতির নির্বাচনের দাবি কুবি শিক্ষকদের
গত ১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের হট্টগোল সৃষ্টি করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (ওমর-জাহিদ) শিক্ষকরা। এসময় বাধার মুখে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নতুন করে নির্বাচনের দাবি করে শিক্ষক সমিতির সভাপতি বরাবর চিঠি দিয়েছেন ওমর-জাহিদ পরিষদের শিক্ষকরা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানান তারা।
চিঠিতে তারা বলেন, শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি। গঠনতন্ত্রের ১০ এর (ক) ধারা অনুযায়ী অনিবার্য কারণে উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে ডিসেম্বর মাসের ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে সাধারণ সভা আহ্বান করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি।
এদিকে গত ২৪ নভেম্বর বর্তমান কমিটির উপর অনাস্থা প্রস্তাব করেন ওমর-জাহিদ পরিষদ। অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ৮ ডিসেম্বর শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভার আয়োজন করলে সাড়া দেননি তারা। শিক্ষক নেতাদের দাবি, ঐদিনের সভায় আসলে নির্বাচন সংক্রান্ত ও অনাস্থার বিষয়ে কথা বলতে পারতেন।
চিঠির বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, এই চিঠির ব্যাপারে আমার কিছু বলার নাই। আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের আয়োজন করেছিলাম ও অনাস্থা দাবির প্রেক্ষিতে জরুরি সাধারণ সভার আয়োজন করেছিলাম। তারা যেভাবে নির্বাচনকে বানচাল করেছে তা শিক্ষকদের সাথে যায় না। আবার প্রক্টর অফিসে বসে আড্ডা দিলেও সাধারণ সভায় আসেনি। আমাদের প্রতি যে অনাস্থা ছিল সেটাও উঠিয়ে নেয়নি। আসলে তাদের হিসেব না মিললে নির্বাচনে এগোবে না।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য