ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

অনলাইন ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৩০
অনলাইন ডেস্ক
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরের পর এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।’

এর আগে, গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে

স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করুন। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন। ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।

মেরিট লিস্টের পিডিএফ

স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    অনলাইন ডেস্ক
    ২৭ নভেম্বর, ২০২৫ ২১:৪০
    অনলাইন ডেস্ক
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় মোট ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হয়েছেন।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

    প্রকাশিত ফল থেকে জানা যায়, লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেছেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এ ছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত- উভয় ক্যাডারে ৯৬৮ জন।

    ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার পিএসসি সংরক্ষণ করে।

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন। সেক্ষেত্রে 46Registration Number লিখে 16222-এ পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

    এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

      অনলাইন ডেস্ক
      ২৬ নভেম্বর, ২০২৫ ২১:৪
      অনলাইন ডেস্ক
      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

      ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

      বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

      বিজ্ঞপ্তির তথ্যমতে, ৫০তম বিসিএসে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর সকার ১০টায়। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদন ফরম পূরণকারীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পযন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

      গত ১ নভেম্বর তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন।

      এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, ফল প্রকাশ হবে ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

      বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ২৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

        অনলাইন ডেস্ক
        ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:৪৯
        অনলাইন ডেস্ক
        ২৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

        ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার পেছানোর দাবিতে আন্দোলন চললেও তা পেছাচ্ছে না। পূর্ব-ঘোষিত ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (২৪ নভেম্বর) ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর লিখিত অংশের (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিস্তর নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

        পিএসএসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর (গাণিতিক যুক্তি ব্যতীত), কিংবা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর প্রবেশপত্র যাচাই করে হলে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষার সময় কারও কাছ থেকে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

        এতে বলা হয়, পদসংশ্লিষ্ট বিষয়ের মধ্যে গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার্থীরা কেবল সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরিসংখ্যান (বিষয় কোড ৯৮১) পরীক্ষায় পরীক্ষার্থীরা হাইপোথিসিস টেস্টিংসহ প্রয়োজনীয় পরিসংখ্যানিক সারণি সঙ্গে আনতে পারবেন।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, আর পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার সময় কোনো অসদুপায়ে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা হবে। মিল না পেলে তাকে বহিষ্কার করা হবে। সম্ভাব্য জটিলতা এড়াতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে পিএসসি।

        এতে বলা হয়, লিখিত পরীক্ষায় ডাবল লিথোকোড ও বারকোডযুক্ত ওএমআর সংযুক্ত উত্তরপত্র ব্যবহার করা হবে। এতে নাম, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর ও কেন্দ্র-সংক্রান্ত তথ্য কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। ভুল কোড পূরণ, কাটাকাটি, দাগ বা ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল হবে। কোনোভাবেই মূল বা অতিরিক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম বা রেজিস্ট্রেশন নম্বর লেখা যাবে না।

        পিএসসি জানায়, বাংলা বিষয়ের (০০১ ও ০০২ কোড) পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হবে। ‘কারিগরি/পেশাগত’ ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় অংশ নেবেন, আর ‘সাধারণ’ ক্যাডারের প্রার্থীরা অংশ নেবেন ২০০ নম্বরের ০০২ কোডে। উভয় ক্যাডারের প্রার্থীদের দুই দিনই পরীক্ষা দিতে হবে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা এবং ৩০ নভেম্বর ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা। ভুল কোড পূরণ করলে পরীক্ষা বাতিল হবে।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার ঠিক আগে পরীক্ষার্থীদের দুই অংশে বিভক্ত ওএমআর উত্তরপত্র দেওয়া হবে। প্রথম অংশটি পূরণ শেষে পরীক্ষা শুরু হলে পরিদর্শক আলাদা করে নেবেন। দ্বিতীয় অংশে ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বৃত্ত পূরণ অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে পেন্সিল বা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।

        এতে বলা হয়, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করবে। শুধু দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট বরাদ্দ থাকবে। পিএসসি কর্তৃক অনুমোদিত শ্রুতিলেখক ছাড়া অন্য কাউকে গ্রহণ করা হবে না।

        বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি পরীক্ষা কক্ষেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

        উল্লেখ্য, পিএসসি ঘোষিত রুটিনে ২৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদসংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

        এদিকে, পিএসসিঘোষিত এ রুটিন বাতিল করে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৭৯১৭ জন উত্তীর্ণ

          অনলাইন ডেস্ক
          ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:৫৭
          অনলাইন ডেস্ক
          বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৭৯১৭ জন উত্তীর্ণ

          বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন।

          এখন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

          মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বার কাউন্সিল।

          বাংলাদেশ বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত ফলাফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।

          বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন, এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।

          ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।

          আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত