শিরোনাম
জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: ৯০ শতাংশের উপরে ছিল শিক্ষার্থীদের উপস্থিতি
যবিপ্রবি প্রতিনিধি : অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ৯০ শতাংশের উপরে ছিল বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ ছিল। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ভুল প্রশ্নপত্রে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক ২২ শতাংশ উপস্থিতির হার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জে এবং সর্বনিম্ন ৭৭ দশমিক ৬৪ শতাংশ উপস্থিতির হার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি কেন্দ্রে। তবে সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার ছিল ৯০ শতাংশের উপরে। আর যবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯২ দশমিক ৬২ শতাংশ। বিকেলে অনুষ্ঠিত আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষায় উপস্থিতির হারও ছিল সন্তোষজনক। সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশনসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরের সামরিক-বেসমারিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩:৩০টা হতে ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘এ’ ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী আবেদন করে। তবে পরীক্ষায় তাদের গড় উপস্থিতি ছিল ৯০ শতাংশের উপরে।
জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ৩ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।
উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির 'এ' ইউনিটের পরীক্ষা শুরু, যানজটে ভোগান্তি
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পছন্দের তালিকায় রেখেছিল তাদের এ বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর ৫টি কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। । এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সব ধরনের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা কাজ করে যাচ্ছেন।
আগামী ৩ মে মানবিক বিভাগ (বি) ও ১০ মে বাণিজ্য বিভাগের (সি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রথম ধাপে পরীক্ষার্থীরা জবি কেন্দ্রে পৌঁছাতে যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পাশেই সদরঘাট লঞ্চ টার্মিনাল হওয়ায় এর সামনের রাস্তায় যানজট লেগে থাকে নিয়মিতই। গুলিস্তান থেকে সদরঘাট রোডে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। গণপরিবহনের বাসগুলোকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত চলাচলের নির্দেশ দেয়া হলেও মানেনি তারা। চলছে সদরঘাট পর্যন্ত। এতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও হিমশিম খাচ্ছেন যানজট নিরসনে। অনেক শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
পরীক্ষা দিতে আসা আজাদ বলেন, ‘মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত আসতে আমার প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। গুলিস্তান থেকে জবিতে আসতে আরও ১ ঘণ্টা, রাস্তায় অনেক জ্যাম ছিল। সকাল সাড়ে ৭টায় বাসা থেকে বের হয়েছি, মাত্র পৌঁছালাম। যানজট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে আমাদের ভোগান্তি কম হতো।’ আরেক পরীক্ষার্থী রায়হান বলেন, ‘পরীক্ষাটা শুক্রবারে হলে ভালো হতো। রাস্তায় এখন প্রচুর যানজট। উত্তরা থেকে পুরান ঢাকা আসতে আসতেই প্রায় অসুস্থ হয়ে গেছি। এতটা সময় তীব্র যানজটে বাসে আসা অনেক ভোগান্তির।’
যানজটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সমাধানের জন্য আমি আবারও দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছি।’ আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যানজট ক্লিয়ার করতে। আগে যানজট ছিলো এখন আর নেই।
এ ছাড়া রাজধানীর অন্যান্য কেন্দ্রে আসন হলেও যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে তারা বিশেষ ব্যবস্থায় এই কেন্দ্রে পরীক্ষা দিতে পেরেছে। তাছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার আইটিসংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে কুইক রেসপন্স টিম কাজ করছে।
সাকিবুল ইসলাম/
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ নিয়ে থাকছে বিশেষ ব্যবস্থা
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ (২৭ এপ্রিল)। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। একই দিনে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।
এছাড়া আগামী ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে চলমান তাপপ্রবাহে পরীক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে এবার। বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তাপপ্রবাহের মধ্যে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে সব বিশ্ববিদ্যালয়কে।
একইসঙ্গে গুচ্ছভুক্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখেন।
চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন চলে ১২-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল : প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়
শাকিল বাবু, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ এপ্রিল) শুরু হবে। একযোগে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সর্বমোট ২২ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা আয়োজনের অন্যতম কেন্দ্র হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে।
প্রশাসন কর্তৃক গঠিত বিভিন্ন উপ-কমিটি তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন অনেক আগে থেকেই। কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও নব নির্মিত একাডেমিক ভবনে "এ"-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে। পরীক্ষাকেন্দ্র ও তার আশেপাশে ১৪৪ ধারা কার্যকর হবে।
শনিবার দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিতব্য "এ" (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ৯ হাজার ১শ ৯৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪৪ জন পরীক্ষার্থী এসময় অংশ নিবেন। এছাড়া আগামী ০৩ মে শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত "বি" (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ মে শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত "সি" (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। "বি" (মানবিক) ইউনিটের পরীক্ষায় ৮ হাজার ১শ ৩৮ জন ও "সি" (বাণিজ্য) ইউনিটের পরীক্ষায় ১ হাজার ১শ ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।
কেন্দ্র প্রস্তুতির সার্বিক অগ্রগতিতে সন্তোষ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অন্য বারের মত এবারও গ্রহণ করবে। অতীত অভিজ্ঞতা সমন্বয় করে এজন্য সকল প্রস্তুতিও সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, তারা যেন নির্দিষ্ট সময়ের একটু আগেই কেন্দ্রে প্রবেশ করার প্রস্তুতি গ্রহণ করে। অপ্রত্যাশিত যানজট এড়াতে ও ভর্তি পরীক্ষার পরিবেশ বজায় রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "ভর্তি পরীক্ষা পাশ ফেলের কেনো পরীক্ষা নয় বরং এটি হচ্ছে মেধাপ্রদর্শনের একটি পরীক্ষা। আমরা এরমধ্য দিয়ে সর্বোচ্চ মেধাবীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি করার সুযোগ সৃষ্টি করতে পারবো।"
আসন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, "জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজনের কেন্দ্র হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয় চতুর্থবারের মতো এ পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশাকরি অতীতের মতো এবারো সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই কেন্দ্রে সফল ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত রয়েছে। এগুলোর মধ্যে আছে:- ১. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ৩. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ৪. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট ৫. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা ৬. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ৭. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৮. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৯. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ১০. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ১১. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ১২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১৩. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১৫. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১৬. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১৭. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ, গাজীপুর ১৯. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা ২০.বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, ২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) -এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগত্যাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থের উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১১১০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু শনিবার: প্রস্তুত চাঁবিপ্রবি
ক্যাম্পাস প্রতিনিধিঃ শনিবার (২৭ এপ্রিল) 'এ' ইউনিট দিয়ে শুরু হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে ২৭ এপ্রিল ২০২৪ শনিবার দুপুর ১২ টায় এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এছাড়া আগামী ৩ মে বি ইউনিটভুক্ত মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৯৬ জন এবং আগামী ১০ মে সি ইউনিটভুক্ত বানিজ্য শাখার ১৭৮ জন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে চাদঁপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান 'একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পরে এ বছরই প্রথম চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। আমাদের সকল প্রাথমিক প্রস্তুতি শেষ ।শিক্ষার্থীদের ও অভিভাবকের সুবিধার্থে বসার জন্য বুথ তৈরি করেছি,কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম থাকবে,আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও ট্রাফিক থাকবে।এছাড়া নির্বাহী মাজিস্ট্রেট থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে।কোন পরীক্ষার্থীর যেন অসুবিধা না হয় তার জন্য আমাদের সকল ব্যবস্থাই থাকবে। আমাদের গুচ্ছ পরীক্ষা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়ার ফলে চাদঁপুর ও এর আশে পাশের মানুষের সুবিধা হল।আমাদের এখানে তিন ইউনিটের ভর্তি পরীক্ষাই হবে'
আগামী ২৭ এপ্রিল ২০২৪ থেকে গুচ্ছভুক্ত দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং আগামী ১০ মে ২০২৪ 'সি' ইউনিটভুক্ত বানিজ্য শাখার পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
এস এম মানজুরুল ইসলাম সাজিদ/
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য