শিরোনাম
আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা দেখতে রাজধানীর তেঁজগাও কলেজকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
এদিন সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনের জন্য আসেন। পরীক্ষা শুরু হলে পরীক্ষার হল পরিদর্শনে করেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হক চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী বছর আমরা চেষ্টা করবো এইচএসসি পরীক্ষায় এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।
তিনি বলেন, দেশের কোনো পাবলিক পরীক্ষায় গত পাঁচ বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। যা ছড়িয়েছে সেগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলোর সবই গুজব।
দীপু মনি বলেন, ২০১৫ সালের পর থেকে আমরা প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছি। এজন্য কোনো প্রশ্নফাঁসের ঘটনাও ঘটেনি। আশা করি এবারের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা নেবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই। কিন্তু আমরা চেষ্টা করব ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০১৫ সালের পর থেকে আমরা প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছি। এ জন্য কোনো প্রশ্নফাঁসের ঘটনাও ঘটেনি। আশা করি এবারের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডা. দীপু মনি বলেন, দেশে ডেঙ্গু মহামারী বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষাকেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই। কিন্তু আমরা চেষ্টা করব ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোনো পাবলিক পরীক্ষায় গত পাঁচ বছরে কোনো প্রশ্নফাঁস হয়নি, যা ছড়িয়েছে সেগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলোর সবই গুজব।
তিনি বলেন, তিন বোর্ডে ১০ দিন দেরিতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও একসঙ্গে ফল প্রকাশ করা হবে।
রাবির 'এ' ইউনিটের বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা প্রকাশ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২য় মাইগ্রেশন ও ৩য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ' ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে গত ১-১৪ আগস্টের মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (২য় মাইগ্রেশন) ও শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো।
এতে আরো বলা হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লিখিত বিভাগে আগামী ১৬ আগস্ট থেকে ২১ আগস্ট (ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 'এ' ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর অফিসে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডীনস কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'এ' ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।
ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক তৃতীয় মেধা তালিকা ২২ আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ০৩ সেপ্টেম্বর
মেহরাব হোসেন, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর।
সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন ।
ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।
প্রবেশপত্র আটকে টাকা আদায়, কলেজে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীল সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে ৬০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে কলেজের ফটকে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পরীক্ষা বাতিলের হুমকি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ টাকার পরিবর্তে জনপ্রতি ৩০০ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নেন শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষায় চরজব্বর ডিগ্রি কলেজ থেকে বিভিন্ন শাখায় ৫৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদের নেতৃত্বে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে দাবি করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
ইলিয়াস বাদশা নামে এক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, দীর্ঘদিন থেকে এ কলেজে অনিয়ম চলে আসছে। রোববার পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৬০০ টাকা করে দাবি করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে কলেজের নানা অভিযোগ এতে যুক্ত হয়। বিষয়টি আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ কলেজে সরকারি ফির বাইরে নানা অজুহাতে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায় করা হয়। প্রশংসাপত্র, মার্কশিট, সনদ ও প্রবেশপত্র আটকে আগেও টাকা আদায় করা হয়েছে। এছাড়া নিয়ম না থাকলেও কলেজের মাঠে গরুর হাট বসিয়ে সেই টাকা শিক্ষকরা ভাগ-বাটোয়ারা করে নেন।
দিদার হোসেন নামে এক শিক্ষার্থী জানায়, আজ ১৪ আগস্ট (সোমবার) শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজে তালা লাগিয়ে দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন সমঝোতায় বসেন। তিনি পরীক্ষা কেন্দ্র বাতিলের হুমকি দিয়ে প্রতি প্রবেশপত্রে ৩০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত দেন। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।
তবে টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ বলেন, আমরা কোনো টাকা আদায় করছি না। তবে ৩০০ টাকা করে কেন নেওয়া হচ্ছে জিজ্ঞেস করলে তিনি ‘সরি’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, এ টাকা আদায়ের কোনো বিধান নেই। অভিযোগ পেয়ে অধ্যক্ষকে সতর্ক করা হয়েছে। কলেজের সভাপতি হিসেবে ইউএনওকে বিষয়টি জানাতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের সভাপতি চৈতি সর্ববিদ্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে টাকা আদায়ের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। তবে অধ্যক্ষ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। আপনারা সবই বোঝেন। বিষয়টি স্থানীয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানাতে পারেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য