শিরোনাম
ঢাকা কলেজ একাদশ শ্রেণিতে ১২শ শিক্ষার্থী ভর্তি করবে
একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা কলেজ। তিনটি শাখা বিজ্ঞন, মানবিক ও ব্যবসায় শিক্ষায় মোট ১ হাজার ২শ জন শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবেন।
এর ভিতর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, মানবিক বিভাগে ১৫০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। আজ (শুক্রবার) সকালে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেও ভর্তির জন্য আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত প্রক্রিয়া জানানো হয়।
যেখানে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তির নীতিমালা ২০২২-২৩ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। বিভাগভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ হলো- বিজ্ঞান বিভাগ ৫.০০, মানবিক বিভাগ- ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫।
আগামী ১৫ ডিসেম্বর তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা- www.xiclassadmission.gov.bd (ক্লিক করুন)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন করা ছাত্রদের মেধাক্রম নির্ধারিত হবে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে।
ভর্তিইচ্ছু একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। নির্বাচিত শিক্ষার্থীকে অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
এসএসসিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন ২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থীর
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তোষ নিয়ে সাধারণ ৯টি শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি আবেদন জমা পড়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশী ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলা, ইংরেজি, গণিত এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের ফল পুনর্মূল্যায়ন করার আবেদন করেছে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছে।
বিষয়টি বিভিন্ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং টেলিটক থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নিশ্চিত হওয়া গেছে৷
এর আগে গত ২৯ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। ৫ ডিসেম্বর শেষ হয় আবেদনের সময়। চলতি মাসের ২৫ তারিখে পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানান, অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন করেছে। তার মধ্যে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজ্ঞান, বাংলা, রসায়ন এবং ইতিহাস ও সভ্যতা বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে বেশি ।
শিক্ষার্থীরা আশানুরূপ নম্বর না পাওয়ায় তারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। পুনর্নিরীক্ষার মাধ্যমে উত্তরপত্রে প্রাপ্ত নম্বর নতুন করে যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। এতে কিছু সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হতে পারে।
সব মিলিয়ে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার ২ লাখ ৭৮ হাজার ৮৪৫টি আবেদন জমা হয়েছে। আবেদনকারীর সংখ্যা এক লাখের অধিক।
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় উত্তীর্ণ হয়েছেন মোট ৫২০৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাটনি জেনারেল বলেন, এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই শুধুমাত্র আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন।
এইচএসসির উত্তরপত্র হারানো সেই শিক্ষককে অব্যাহতি
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার দায়ে রাজধানীর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. ইব্রাহিম হোসাইনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
একইসঙ্গে শিক্ষাবোর্ড ইব্রাহিম হোসাইনকে কালো তালিকাভুক্ত করেছে।
এর আগে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সকালে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে ঢাকা শিক্ষাবোর্ডের ৫০টি উত্তরপত্র পেয়ে কিছু লোক থানায় নিয়ে জমা দেন। পরে সেগুলো পুলিশের হেফাজতে রাখা হয়। উত্তরপত্রগুলো চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তরপত্রগুলো দেখার জন্য বুধবার বোর্ড থেকে নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। এসময় সেগুলো পড়ে যায়। পরে সেই উত্তরপত্র এক ব্যক্তি পেয়ে মিরপুরের কাফরুল থানায় জমা দেন। এরপর ঢাকা শিক্ষাবোর্ডের সংশ্লিষ্টরা কাফরুল থানায় গেলে সেসব খাতা পুলিশ হস্তান্তর করে।
জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, ওই শিক্ষকের ( মো. ইব্রাহিম হোসাইন) কাছ থেকে উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত হলেও তাকে বিকেলে বোর্ডে ডাকা হয়েছিলো। মূলত অসাবধানতার কারণে তার কাছ থেকে উত্তরপত্রগুলো হারানোর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ দায়িত্ব থেকে তাকে কালো তালিকাভুক্ত করাও হয়েছে।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আরো বলেন বিষয়টি যেহেতু তার অনিচ্ছায় ঘটেছে, এ কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। এবার একাদশে ভর্তিতে আসন আছে ২৫ লাখের মত। যা মোট পাস করা শিক্ষার্থীদের চেয়ে সাড়ে ৭ লাখ বেশি। কলেজে ভর্তিতে কোন আসন সংকট হবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ শিক্ষার্থী।
তিনধাপে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করতে পারবেন। প্রথমধাপে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর। ২য় পর্যায়ে ৯ এবং ১০ জানুয়ারি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশ ১২ জানুয়ারি। ৩য় পর্যায়ে আবেদন ১৬ জানুয়ারি। যার ফল প্রকাশ হবে ১৮ জানুয়ারি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবার রাজধানীতে কলেজে ভর্তি ফি বাংলা মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন শহরে ৩ হাজার টাকা, জেলা শহরে ২ হাজার টাকা , উপজেলায় দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কলেজে ভর্তিতে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা কেউ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা দেখতে ক্লিক করুন এখানে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য