ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পেতে পারে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৫ ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পেতে পারে আর্জেন্টিনা

ম্যাচ শেষের পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারটা যেন এখনই ভুলতে চাইছে না ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে এবার ফিফার দরবারে অভিযোগ জমা দিতে পারে সিবিএফ। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে

আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। তাদের ভাষ্য, ব্রাজিল সমর্থকদের দাবির ভিত্তিতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে সিবিএফ।

ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকরা ব্রাজিলীয়দের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এমনকি এক আর্জেন্টিনার দর্শককে বানরের অনুকরণ করতেও দেখা যায়। সাধারণত এসব ঘটনাকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হয় আন্তর্জাতিক ফুটবলে।

আর এসব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে সিবিএফ। জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এই ব্যাপারে নিষ্পত্তি করতে চায় ব্রাজিল

অভিযোগের সত্যতা প্রমাণ হলে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। সে সময় মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয় ফিফা।

পুনরাবৃত্তির ক্ষেত্রে দর্শকসংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। সবশেষ চিলিকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এমন শাস্তি দেয়া হয়েছিল। এছাড়া মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের কারণে একই শাস্তি পেয়েছিল ব্রাজিলও।

উল্লেখ্য, আগামী ৯ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে সেই ম্যাচেও আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জুলাই আন্দোলনে পার্কের সেই হাসিমাখা ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ এপ্রিল, ২০২৫ ১৩:২২
    নিজস্ব প্রতিবেদক
    জুলাই আন্দোলনে পার্কের সেই হাসিমাখা ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

    গেল বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। যদিও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে ছিল, ঠিক তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। পরে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়েছিলেন সাকিবের স্ত্রী। এরপর সমালোচনার বাণ ছুটে, তীব্র সমালোচনার মুখে পড়েন টাইগার অলরাউন্ডার।

    সেই সময়ে নীরব ভূমিকা নিয়ে সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সাকিব, ‘সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল।'

    'আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সব সময় বলা হয়েছে, শুধু ক্রিকেট খেলো। তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি’—আরও যোগ করেন সাকিব।

    ক্রিকেটার সাকিবের রাজনীতিতে নামাও নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এর ব্যাখ্যায় ইংরেজি দৈনিকটিকে সাকিব বলেন, ‘আমি মাত্র মাস ছয়েকের মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত ৩ দিন মাগুরায় গিয়েছি। ৪-৫ মাসই ক্রিকেট নিয়ে ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বুঝার সময় পেলাম কই? তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনে চললাম।'

    সাকিব বলেন, 'আর কোনো এজেন্ডা তো ছিল না। আমার ভাবনাই ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব। আমি চাইলেই ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তে ধীরে বুঝেশুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের দুটি মৌলিক অধিকার আছে- একটা ভোট দেওয়া আরেকটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া।’

    রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না জানিয়ে সাকিব বলেন, ‘যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা- এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কীভাবে? এখন যারা দেশ চালাচ্ছে, সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারত?’

    ‘এটা মানুষের ব্যাপার। আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনও বিশ্বাস করি আমি ঠিক ছিলাম। কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারব, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারো দাঁড়াই আবারো জয়ী হবো।’

    জুলাই আন্দোলনের পর সাকিবের দেশের হয়ে খেলাও যেন থমকে গেছে। তবে এখনো জাতীয় দলের হয়ে খেলতে চান এবং নিজের ক্যারিয়ারের একটা সুন্দর সমাপ্তি চান সাবেক এই অধিনায়ক। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি আমি ১৮ থেকে ২০ বছর (খেলা) ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি এক সিরিজ, দুই সিরিজ নাকি আরও এক বছর খেলব, সেই পরিকল্পনা করতে চাই।’

    আরও যোগ করেন, ‘দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সে জন্য আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করছি—ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি।‘

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

      নিজস্ব প্রতিবেদক
      ৫ এপ্রিল, ২০২৫ ১৩:২৩
      নিজস্ব প্রতিবেদক
      নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

      বিশ্বকাপের সময় বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল নেশায় ডুবে ছিলেন তারা। তবে এক হামজা চৌধুরীর আগমনে আবারও দেশের ফুটবলের দিকে ঝুঁকছেন ভক্তরা।

      সম্প্রতি ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।

      লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

      ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, 'ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।'

      হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন

        নিজস্ব প্রতিবেদক
        ২৭ মার্চ, ২০২৫ ১৮:৪৬
        নিজস্ব প্রতিবেদক
        পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন

        ডেস্ক রিপোর্ট: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনুমতিপত্র পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ হাসান। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও টুর্নামেন্টের শুরুতে যেতে পারছেন না পেসার নাহিদ।

        আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের। যেখানে করাচি কিংসের হয়ে লিটন, পেশোয়ার জালমির হয়ে নাহিদ আর লাহোর কালান্দার্সের হয়ে লড়বেন রিশাদ।

        গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার। আর সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি এবং রিশাদকে লাহোর কালান্দার্স দলে নেয়।

        তবে টুর্নামেন্টটিতে তিন জনের খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ এপ্রিল শুরু হয়ে সিরিজ শেষ হবে ২ মে।

        রিশাদ বাংলাদেশের টেস্ট সেটআপের মধ্যে নেই। অন্যদিকে এ সিরিজে ছুটি দেয়া হয়েছে লিটনকে। যার কারণে পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন তারা দুজন। তবে পুরোপুরি ছুটি না পাওয়ায় নাহিদের একটু দেরিতে যোগ দেবেন। সিরিজের প্রথম টেস্ট খেলে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এবার ‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন সাকিব

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ মার্চ, ২০২৫ ১৪:১৫
          নিজস্ব প্রতিবেদক
          এবার ‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন সাকিব

          ডেস্ক রিপোর্ট: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এরই মাঝে গত গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে।

          ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেতে দুইবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন সাকিব। তবে তৃতীয়বার পরীক্ষা দিয়ে উৎরে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন সাকিব।

          ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সাকিব। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 'অবশ্যই, স্বস্তিরই তো বিষয়। এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই।'

          দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোনার পর কেমন লেগেছিল, এমন প্রশ্নে সাকিব বলেন, 'কেমন আর লাগবে! আমার মনে হয়েছে, গাড়িরও তো মাঝেমধ্যে পার্টস নষ্ট হয়। সেগুলো ঠিক করা লাগে। ও রকমই একটা কিছু আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। এমন তো নয় যে সব সময়ই এই সমস্যা ছিল। কোনো কারণে এ রকম হতেই পারে। ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি।'

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত