শিরোনাম
মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার দখলে
কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। এদিন ম্যাচে ক্রোয়েশিয়ার পক্ষে একটি করে গোল করেন জসকো জিভার্ডিওল ও মিসলোভ ওরসিচ। আর মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেন আশরাফ দারি।
খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে দুদল সমানতালে খেললেও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় ক্রোয়েটরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে চারটি। এতে গোল পেয়েছে দুটি।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে মরক্কো। বল দখলের পাশাপাশি আক্রমণের ক্ষেত্রে ধার কম ছিল আফ্রিকান দলটি। ক্রোয়েশিয়ার গোলবার বরাবর শট নিয়েছে মাত্র দুটি। সেটাতেই পেয়েছে গোল।
কোপায় ফেভারিট ছিল ব্রাজিল, এখন ফ্রান্স: এমিলিয়ানো
ফাইনালে কে ফেভারিট আর্জেন্টিনা না ফ্রান্স? চলছে চুলচেরা বিশ্লোষণ। ফাইনাল নিশ্চিত হওয়ার পরেই আর্জেন্টিনা আর ফ্রান্সের মাঝে সম্ভাব্য শিরোপাজয়ী নিয়ে শুরু হচ্ছে নানা জল্পনা-বিশ্লেষণ। দুটি দলই এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলেছে। লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ। অন্যদিকে ফ্রান্স চাইবে শিরোপা ধরে রাখতে।
লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায় শুরু হবে ম্যাচ। তার আগে ফ্রান্সকেই ফেভারিট বললেন এমিলিয়ানো মার্টিনেজ।
‘বাজপাখি’ খ্যাত আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ এবারের বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক।গোলপোস্টের লড়াকু প্রহরী। ফাইনালের আগে ফেভারিট বাছাই করতে তিনি উদাহরণ টানেন গত বছরের কোপা আমেরিকার। মার্টিনেজ বলেন, ‘আমরা যখন ব্রাজিল খেলতে গিয়েছিলাম, তখন তারাই ফেভারিট ছিল। এখন অনেকের কাছে ফ্রান্স ফেভারিট। কিন্তু আমাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়। ’
বিশ্বকাপে এবার ফ্রান্স ফেভারিট হলেও লিওনেল মেসির কারণেই নিজেরা এগিয়ে থাকবেন বলে জানান এমিলিয়ানো, 'যখন আমরা ব্রাজিলে কোপা আমেরিকা জিতেছিলাম, ফেভারিট ছিল ব্রাজিল। এখানেও একই ঘটনা। এখন লোকে বলছে ফরাসিরা ফেভারিট। কিন্তু আমাদের একটা গোপন সুবিধা আছে - সর্বকালের সেরা খেলোয়াড় আমাদের দলে রয়েছে।''প্রতিপক্ষ ফেভারিট এটা শুনতেই আমরা বেশি পছন্দ করি কারণ আমরা কাউকে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট মনে করি না। এবং আমি সবসময় বলে থাকি, আমাদের সর্বকালের সেরা খেলোয়াড় আছে। এবং ভালো রক্ষণের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছানোর অনেক সুযোগ রয়েছে,' যোগ করেন আর্জেন্টাইন গোলরক্ষক।
গত কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেটাই ছিল জাতীয় দলের হয়ে মেসির প্রথম শিরোপা। এবার বিশ্বকাপ জিততে পারলে ষোলকলা পূর্ণ হবে। তার ভাষায়, ‘আমি কখনো ভাবিনি যে ২০২১ সালে মেসি যেমন খেলেছিলেন তার চেয়ে ভালো দেখতে পাব। তবে এই বিশ্বকাপে তিনি আরো ভালো খেলছেন।
ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম ফয়সালকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল। এছাড়া সংগঠনটির সাবেক সভাপতি শাহিনুর ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক এইচ এম বুলবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমেও এ তথ্য জানা যায়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রেজওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জিম।
আগামী একবছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ফরাসিরাও চান বিশ্বকাপ মেসির হাতে উঠুক!
রোববার রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ফ্রান্স। এবার তৃতীয় এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের দুয়ারে কিলিয়ান এমবাপ্পেরা।
অন্যদিকে লিওনেল মেসিরাও মুখিয়ে আছেন বিশ্বকাপ জয়ে। সবশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ৩২ বছর কেটে গেছে। দীর্ঘ দিনের সেই শিরোপার খরা এবার মেটাতে চান মেসিরা।
কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। যে কারণে অধিকাংশ ফুটবলপ্রেমিই চান এবার মেসি শিরোপা জিতুক। শুধু আর্জেন্টাইনরাই নন, অনেক ফরাসি নাগরিকও চান মেসি শিরোপা জিতুক।
এমনটি জানিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ে ক্লোদ দেশ বলেছেন, ‘আমি জানি আর্জেন্টিনার বিশ্বব্যাপী অনেক ভক্ত-সমর্থক আছে। কিছু ফরাসি সম্ভবত এটা আশা করে যে লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু আমরা করব।’প্রতিপক্ষ আর্জেন্টিনা নিয়ে ফ্রান্সের কোচ বলেন, ‘আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও ফাইনাল পর্যন্ত এসেছে।’
ফাইনাল নিয়ে দেশ বলেন, ‘ম্যাচ নিয়ে আমার বিশেষ কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। যখন আপনি এ ধরনের ম্যাচের জন্য প্রস্তুত হবেন, আপনাকে সব সময় মনোযোগ ধরে রাখতে হবে এবং সংযত থাকতে হবে।’
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে-ইবি ভিসি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়। তিনি আরো বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় আন্তরিকতার প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে এমন বন্ধন সব সময় অটুট থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
শনিবার (১৭ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। অতিথিবৃন্দ প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সমিতি ও হলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে। ছাত্রী হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য