শিরোনাম
মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান নায়িকা পরীমণি
চলছে কাউন্টডাউন। বিশ্বকাপের বাকি আর মাত্র একদিন। আগামীকাল (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে এখন মাতাল গোটা দুনিয়া। বরাবরের ন্যায় বাংলাদেশও মেতেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে।
ঢাকাই সিনেমার জনপ্রিয়, আলোচিত নায়িকা পরীমণির প্রিয় দল আর্জেন্টিনা। দলটির প্রাণভোমরা, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিরও দারুণ ভক্ত পরীমণি। তার চাওয়া মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ ।
ফুটবল বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমে পরীমণি বলেন, ছোটকাল থেকেই আমি খেলাধুলা পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে আমি কিশোর বয়স থেকেই পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ি। দল হিসেবে পছন্দ করি মারাদোনার আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনাকে নিয়ে নিজের আবেগের কথাও শুনিয়েছেন এই নায়িকা। তার কথায়, ‘আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবলের যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত।’
পরী বলেন আরও যোগ করেন, ‘এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের জন্য অহংকার।’
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে নিওনেল মেসির আর্জেন্টিনা। কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশী সমর্থকদের আনন্দ র্যালি উদযাপন!
ইব্রাহীম মাহমুদঃ কাতার বিশ্বকাপের বাকি মাত্র দিন দুয়েক। তারই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। বাংলাদেশী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের করে। আনন্দ র্যালিতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক ছাড়াও বিশ্বকাপে ৩২ টি দলের সমর্থকরা নিজ নিজ দলের পতাকা জার্সি গায়ে নেচে গেয়ে উদযাপন করেন। পরে আনন্দ র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে হোসাইনী দালাল রোডে গিয়ে শেষ হয়।
আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ!
আফিফ আইমানঃ ২০ নভেম্বর পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ-২০২২ এর। কাতারে এবারের আসর মাঠে গড়ানোর আগেই ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে আর্জেন্টিনা দলকে। এর আগে চোটের সমস্যায় চূড়ান্ত দল ঘোষণাতেও দেরি করেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। এবার নতুন করে আরেক দুঃসংবাদ পেল আকাশি-সাদা জার্সিধারীরা। ইনজুরিতে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন দুই ফুটবলার নিকোলাস গঞ্জালেস ও জোয়াকিন কোরেয়া।
গতকাল এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানায়, বৃহস্পতিবার কাতারে প্রথম দিনের অনুশীলনে নেমেই পেশিতে চোট পান নিকোলাস গঞ্জালেস। তাছাড়াও পুরোনো হাঁটুর চোট আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ারের। আর এতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দলের এই গুরুত্বপূর্ণ দুই ফুটবলার। আর্জেন্টিনা ফুটবল সংস্থা থেকে আরও বলা হয়েছে, নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যানহেল কোরেয়া। আরেক ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ার বদলে রিজার্ভ থেকে দলে আনা হয়েছে থিয়াগো আলমাদাকে।
বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে নামার আগে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে আলবেসেলিস্তারা। ম্যাচে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ইঙ্গিত দেন, চোটের কারণে দলে কিছু পরিবর্তন আসতে পারে। এবার সেই শঙ্কাই সত্যি হল। ইনজুরির কারণে শেষ হতে চলেছে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের বিশ্বকাপ মিশন।
বদলি খেলওয়ার হিসেবে দলে ডাক পাওয়া আনহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের সদস্য ছিলেন। চলতি মৌসুমে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে করেছেন ৪ গোল।
অপরদিকে আকাশি-সাদা দলে সুযোগ পাওয়া আরেক ফুটবলার আলমাদা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মত ডাক পান জাতীয় দলে। ২১ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের জার্সি গায়ে হন্ডুরাসের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাবের নতুন কমিটি গঠিত
বিশ্বকাপ ফুটবল শুরুর পূর্বে থেকেই ছোট থেকে বড় সকলের মাঝেই আমেজ শুরু হয়ে যায়। সবার মুখে মুখে শোনা যায় নিজের পছন্দ করা দলের নাম। কেউ বা নিজের দলকে সবার উপরে স্থান দেওয়ার জন্য হাজার হাজর টাকা খরচ করে পছন্দ দেশের পতাকা তৈরি করছে। আবার কেউতো নিজের বাসাকেই পতাকার রঙ্গে সাজিয়ে তুলছে। এবার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের নিয়ে ২৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি 'ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাব' গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ আহম্মেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ এবং প্রতিষ্ঠাকালীন কমিটির উপদেষ্টা ও সকল সদস্যগনের সম্মতিক্রমে আগামী ৪ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাব্বির আনাম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসাইন শ্রাবণ।
ক্লাবটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসাইন শ্রাবণ বলেন, "আমরা কমিটিতে যারা আছি বা নাই সবাই মিলেই ক্যাম্পাসে ব্রাজিল দলের হয়ে কাজ করে যাবো। দূর থেকে প্রিয় দলকে সাপোর্ট করে যাবো৷ অনেকেই কমিটিতে মিসিং হয়েছে। আমরা অতি দ্রুত প্রতিটি অনুষদ এবং ডিপার্টমেন্ট এর কমিটি দিয়ে ব্রাজিল সমর্থক গোষ্ঠীকে আরও শক্তিশালি করে তুলবো। আমরা ব্রাজিল সমর্থকেরা খেলায় বিশ্বাসী। আমাদের পছন্দের দল অবশ্যই ট্রফি জিতবে। আমার পক্ষ থেকে অন্যান্য দলের জন্যও শুভকামনা রইল।"
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
ঢাবি’র আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বিজয় একাত্তর হল এবং অমর একুশে হল অংশ নেয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সফলতা কামনা করে বলেন, পৃথিবী এখন নানা কারনে বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এসব সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নারী-পুরুষ মিলে সম্মিলিতভাবে এদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করতে হবে। নিয়মিত চর্চার মাধ্যমে খেলার কলাকৌশল রপ্ত করে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য