শিরোনাম
চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট: চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।
সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে। এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তারেক রহমান সম্পর্কে বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের৷
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রতিমুহূর্তে কাজ করেছেন তারেক রহমান। এমনকি সে সময় সমন্বয়কদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।
অনিশ্চয়তায় গুচ্ছ ভর্তি পরীক্ষা, জরুরী সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট: সরকার পরিবর্তনের পর বিগত সরকারের নেওয়া গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
শুধু জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতোমধ্যে প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তাছাড়া, কৃষি গুচ্ছে থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে প্রদান
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৮ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে ৫ লাখ টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার(২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্বরণিতে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা বীর যোদ্ধাদের বীরত্বে নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের রক্তে রঞ্জিত সবুজ বাংলার আকাশে দেশের মানুষ মুক্ত পাখির মতো কথা বলার স্বাধীনতা পেয়েছে। এর জন্য সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের শহীদের যেন ভুলে না যাই, এর জন্য কলেজে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতি কর্ণার করা হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফল প্রকাশ
ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (results.nu.ac.bd অথবা www.nubd.info/results) তে পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে কোন গড়মিল পরিলক্ষিত হলে সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে পারবে।
বি:দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
বশেমুরবিপ্রবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সপ্তাহব্যাপী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবন প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এস্টেট শাখা ও নিরাপত্তা শাখা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য