শিরোনাম
বশেমুরবিপ্রবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সপ্তাহব্যাপী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবন প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এস্টেট শাখা ও নিরাপত্তা শাখা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) কলেজের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরি এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।’
প্রথম শ্রেণি ও নার্সারির লটারি স্থগিতসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের প্রথম শ্রেণিতে (বাংলা ভার্সন) ও নার্সারি (ইংরেজি ভার্সন) ভর্তির জন্য নির্ধারিত লটারি ও ভর্তির তারিখ বিশেষ কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।’
এর আগে রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনে হামলা হয়েছে।
সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা।
তিনি আরও বলেন, আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালন করবো।
ঢাবিতে ছাত্রীদের আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘৯ম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে রোকেয়া হল ৫২ রানে কবি সুফিয়া কামাল হলকে পরাজিত করে। রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হালিমাতুস সাদিয়া ৪৮ বলে ৯৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কবি সুফিয়া কামাল হল নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান করতে সক্ষম হয়। রোকেয়া হলের হালিমাতুস সাদিয়া প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এসএম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হামলায় মোল্লা কলেজের ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে : অধ্যক্ষ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) প্রায় ৭০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, রাজধানীর টপ টেন কলেজের একটি মোল্লা কলেজ। এই কলেজটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে ভাবতেও পারিনি। শিক্ষার্থীরা এমন করতে পারে আমরা ভাবিনি। আমাদের সব ধ্বংস করে দিয়েছে।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বন্দ্ব-সংঘাত থেকে ফেরাতে শিক্ষার্থীদের কলেজমুখী করার বিকল্প নেই। শিক্ষার্থীদের পুঁজি করে কুচক্রি মহল কাজ করছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ অন্যদিকে চলে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা আমরা চাই না।
ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০-৭০ কোটির মতো উল্লেখ করে অধ্যক্ষ নয়ন বলেন, শিক্ষার্থীদের হামলায় আমাদের ১২ তলা ভবনের কোনো কাচ আর অক্ষত নেই। ৫টি লিফট, কম্পিউটার ও সায়েন্স ল্যাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলাকারী শিক্ষার্থীরা নগদ টাকা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেট, ৩০০-এর বেশি ফ্যান, প্রায় ৩০টির মতো ল্যাপটপ, অসংখ্যা কম্পিউটারসহ মূল্যবান ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস লুট করেছে। এতে করে প্রায় ৬০-৭০ কোটির মতো ক্ষতি হয়েছে।
এ ছাড়া হামলা ও সংঘর্ষে মোল্লা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হছেন বলেও জানান তিনি। এ সময় তিনি ঘটনার জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন।
হামলার সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যথাযথ ভূমিকা রাখেনি বলেও অভিযোগ করে তিনি বলেন, সকাল থেকেই পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু হামলার সময় তারা দূরে থেকে পরিস্থিতি দেখেছেন। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
এ ছাড়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউসিবি নামের একটি গ্রুপ থেকে হামলার উসকানি ও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন মোল্লা কলেজের অধ্যক্ষ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য