ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

পুরান ঢাকায় অটোরিকশায় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৩ ১৪:৪৪
নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় অটোরিকশায় ককটেল বিস্ফোরণ

জবি প্রতিনিধি: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার দুদিনব্যাপী হরতালের প্রথম দিনে পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকাল ৮টার দিকে অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় সিদ্দিকবাজারের কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এই ককটেল ছোড়া হয়। পরে এ থেকে অটোরিকশাটিতে আগুনও লেগে যায়।

তিনি আরও জানান, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।

এদিকে রোববার সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করতে যাচ্ছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতাকর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করবে বিরোধীরা।

এর আগে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন একই দল। এটি ছিল বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির পঞ্চম পর্যায়।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ নভেম্বর, ২০২৩ ১১:১
    নিজস্ব প্রতিবেদক
    আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে তিনি উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। এর পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

    শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাকৃবিতে সোনালী দলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

      নিজস্ব প্রতিবেদক
      ১৪ নভেম্বর, ২০২৩ ১৯:৯
      নিজস্ব প্রতিবেদক
      বাকৃবিতে সোনালী দলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

      বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের মৌন মিছিলে বাধা প্রদান ও ধাওয়া করে শিক্ষকদের লাঞ্চনা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় সোনালী দলের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের করিডোরে উপস্থিত হলে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীদের দ্বারা বাধা ও ধাওয়ার সম্মুখীন হয় সোনালী দলের শিক্ষকরা।

      বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবিতে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মৌন মিছিল বের করার প্রস্তুতি নেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল। এসময় সোনালী দলের মৌন মিছিলে বাধা প্রদান করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মিছিলটি ভেটেরিনারি অনুষদের সামনে থেকে শুরু করতে বাধ্য হয় সোনালী দলের শিক্ষকরা। পরবর্তীতে তারা মিছিল নিয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ, পশুপালন অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ হয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে আসলে শাখা ছাত্রলীগের মুখোমুখি হয়। এতে সোনালী দলের মিছিলটি পশুপালন অনুষদের দিকে মোড় নিতে বাধ্য হয়। এসময় উত্তেজনামূলক বিভিন্ন স্লোগান দিতে দিতে পিছু ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পশুপালন অনুষদে সোনালী দলের মিছিলটি ঘেরাও করে বন্ধ করে দেয়।

      সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল প্রক্টরের কাছ থেকে লাইব্রেরির সামনে একটি মৌন মিছিলের অনুমতি চাইলে তিনি আমাদের ভেটেরিনারি অনুষদের সামনে থেকে মিছিলটি করতে বলেন। সেই প্রেক্ষিতে আমরা ভেটেরিনারি অনুষদের সামনের চত্বরে জড়ো হয়ে মিছিলটি শুরু করি। এই পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ, উত্তেজনাকর স্লোগান দিতে থাকে। আমরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে তারা আমাদের পিছু নেয়। পরবর্তীতে আমরা ভেটেরিনারি অনুষদের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের মুখোমুখি অবস্থান করে। এমতাবস্থায় অপ্রীতিকর অবস্থা এড়াতে কোনোরকম বক্তব্য প্রদান ব্যতীত মিছিল শেষ করে ফিরে আসতে থাকি। তখন আমরা আমাদের ব্যানার নিয়ে চলে আসার সময় তারা ব্যানার কেড়ে নেওয়ার চেষ্ট করে। শারীরিক আঘাত না করলেও আমাদের মানসিক ভাবে বিপর্যস্থ করা হয়েছে।’

      এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘সোনালী দলের মৌন মিছিল তাদের নির্দিষ্ট স্থান ও সময়ের বাইরে চলমান রাখায় সেখানে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিয়ে তাদেরকে বাধা দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার বিরোধী কোন কাজ করতে পারেন না। শিক্ষকের পাশাপাশি সরকারি চাকরিজীবী হিসেবে আমিও পারি না সরকার বিরোধী কাজ করতে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শিক্ষকরা রাজনীতি করতে পারেন না। রাজনীতির সমর্থনে শিক্ষকদের অঙ্গসংগঠন থাকতে পারে। তবে জাতীয়ভাবে হরতাল অবরোধের সমর্থনে শিক্ষকদের কোন কর্মকান্ড থাকতে পারে না।’

      এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সাথে মুঠোফেনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাকৃবিতে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ

        নিজস্ব প্রতিবেদক
        ৬ নভেম্বর, ২০২৩ ১৮:৩৪
        নিজস্ব প্রতিবেদক
        বাকৃবিতে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ

        বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে বিশ^বিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শামসুল হক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সমস্যার সমাধান করেন।

        প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হলের (সভাপতি হল) এক শিক্ষার্থীকে মারধর করে শহীদ শামসুল হক হলের (সাধারণ সম্পাদক) কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতা কর্মীরা রামদা, লাঠিসোটা, সাইকেলের চেন নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে সাধারণ সম্পাদক হল আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেয়।

        নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির একজন শিক্ষার্থী বলেন, বাউ মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। যারা গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়।

        সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষে মিউজিকাল রেজিমেন্টের গত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান নিয়ন আঘাতপ্রাপ্ত হয় বলে জানা যায়। তবে এ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেহেদী আবসার তূর্যকে জিজ্ঞাসা করা হলে তিনিও কিছু জানেননা বলে মন্তব্য করেন।

        এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, রাতের বেলা ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২ টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ^বিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। বিশ^বিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে আমাদের আসতে সময় লাগে। বিষয়টির সমাধানে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।

        এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। দুই বন্ধু দুই হলের হওয়ার কারণে দুই হলের শিক্ষার্থীদের মধ্য উত্তেজনা বিরাজ করে। তবে দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতের বেলাই আমি এবং সেক্রেটারি মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পায় : স্পিকার

          নিজস্ব প্রতিবেদক
          ৬ নভেম্বর, ২০২৩ ১৮:৩৮
          নিজস্ব প্রতিবেদক
          শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পায় : স্পিকার

          জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছেন। শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়। সোমবার (৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার নয় নম্বর সদর ইউনিয়নের পথসভা, তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

          স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শিক্ষাখাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদেরও বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।

          পরে নয় নম্বর সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে হিলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সারা দেশের মত পীরগঞ্জেও প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এসময় তিনি পীরগঞ্জের জনগণের কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

          এরপর স্পিকার তুলারাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দিয়ে বলেন, পীরগঞ্জের মা-বোনদের সার্বিক অবস্থা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপর তিনি জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে রোগীদের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের ঋণের চেক, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, স্প্রে মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত