শিরোনাম
দেশত্যাগের প্রস্তুতি ১৮ ভিআইপির
দুটি গোয়েন্দা সংস্থা নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরও সাধারণ পাসপোর্ট পেয়েছেন ভিআইপিরা
প্রত্যেকেই শেখ হাসিনা সরকারের ভিআইপি
হত্যার অভিযোগ, ক্ষমতা খাটিয়ে সম্পদশালী হওয়ার অভিযোগ, অর্থ পাচারের অভিযোগ এবং শেখ হাসিনার সরকারকে অন্ধভাবে সমর্থন জুগিয়ে সুবিধা পাওয়ার অভিযোগে অভিযুক্ত ভিভিআইপি-ভিআইপিরা ক্ষমতার পালাবদলের পরিপ্রেক্ষিতে দেশ থেকে পালাতে চাইছেন।
অন্তর্বর্তী সরকার এ ব্যক্তিদের আইনের আওতায় নিতে তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। বর্তমান সরকারের সংশোধিত নীতিমালা অনুযায়ী, সাবেক এ ক্ষমতাবানদের সাধারণ পাসপোর্ট প্রাপ্তির আবেদন তখনই গ্রহণ করা হবে যখন তাদের বিষয়ে দুটি তদন্ত সংস্থা ইতিবাচক প্রতিবেদন দেবে; অথচ নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরও আওয়ামী লীগের আমলের ১৮ ভিআইপি সাধারণ সবুজ পাসপোর্ট পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি, সাবেক রাষ্ট্রদূত, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও তাদের স্ত্রীরা।
গোয়েন্দা সংস্থা আপত্তি জানানোর পর বিষয়টির সুরাহা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠায় পাসপোর্ট অধিদপ্তর। পুনঃতদন্তের বিধান থাকলেও সুরক্ষা সেবা বিভাগ তা না করে সরাসরি অনাপত্তি দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এসব পাসপোর্টের আবেদনের বিষয়ে দুটি তদন্ত সংস্থা নেতিবাচক প্রতিবেদন দিয়েছিল মন্ত্রণালয়কে।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী লাল পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন জানালে তা দেওয়ার জন্য বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর পক্ষে তদবির করেন। এ নিয়ে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। গত ৮ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে যান। তার দেশত্যাগ নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে হইচই পড়ে যায়। গত ১৫ বছরে সরকারের সহযোগীদের বিচারের আওতায় নেওয়া এবং বিভিন্ন সেক্টরে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার হিসেবে নিয়েছে বর্তমান সরকার। সরকার যখন কঠোর অবস্থানে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট পেতে সহায়তা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে সাধারণ পাসপোর্ট ইস্যুর বিষয়ে নতুন নীতিমালায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্যবিলুপ্ত জাতীয় সংসদের সদস্যসহ যারা পদের কারণে কূটনৈতিক পাসপোর্ট নিয়েছেন, নিয়োগ বা কর্মকাল শেষ হলে তাদের এবং তাদের স্ত্রীদের পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উল্লিখিতদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে।
কূটনৈতিক পাসপোর্টধারী ভিআইপিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ ও তার স্ত্রী রেহানা বেগম; সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী সাকিন রহমান চৌধুরী; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের কর্তা খুরশেদ আলমের স্ত্রী জাবীন আলম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এএসএম মাকসুদ কামালের স্ত্রী ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইংরেজি বিভাগের ডিন অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসী; জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সত্যজিৎ কর্মকার; পরিকল্পনা কমিশনের সাবেক সিনিয়র সচিব মোছাম্মৎ নাসিমা বেগম; বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ও তার স্ত্রী মনোয়ারা বেগম; আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও তার স্ত্রী মারিয়াম খানম; কানাডার অটোয়ায় বাংলাদেশ দূতাবাসের সাবেক হাইকমিশনার খলিলুর রহমান ও তার স্ত্রী নাজনীন আক্তার; বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও তার স্ত্রী শান্তি ঘোষ; আবুধাবিতে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত মো. আবু জাফরের স্ত্রী সালমা আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও তার স্ত্রী খোদেজা বেগম; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দ্বীন মোহাম্মদ নুরুল হক ও তার স্ত্রী রোজিনা হক; বুয়েটের সাবেক উপাচার্য সত্য প্রসাদ মজুমদার; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস ফেরদৌসী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাশেফা হোসেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে, যার তদন্ত চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব খুরশেদ আলম ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিবাদে পদত্যাগ করেন। সমুদ্রসীমা নির্ধারণবিষয়ক আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও অন্যান্য সফলতার জন্য তাকে ২০২০ সালে বঙ্গবন্ধু পদক দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং প্রক্টর গোলাম রব্বানীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
পরিকল্পনা কমিশনের সদস্য মোছাম্মৎ নাসিমা বেগমের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ১৫ লাখ পরিবারের কাছে বরাদ্দের টাকা না পৌঁছানোর অভিযোগ রয়েছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সাবেক উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা রয়েছে শাহবাগ থানায়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত আগস্টে পদত্যাগ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
বিচারপতিদের আন্দোলনে পদত্যাগে বাধ্য হন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও পদত্যাগে বাধ্য হন।
বিগত সরকারের সময়ের এসব ভিআইপিকে সাধারণ পাসপোর্ট কেন দেওয়া হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) শামীম খান দেশ রূপান্তরকে বলেন, ‘নির্দেশনা মেনে পাসপোর্ট দিতে অনাপত্তি দেওয়া হয়েছে।’
চার দিনের সফরে
আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।
টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন, সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।
সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে জাপানের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে- প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওনডা এবং নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
ড. ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে: মাসুদ কামাল
‘ড. ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নোতকর্মীরা ঘরে থাকতে পারতো না। নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো, এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে তাড়িয়েছি। এখন উনি (ড. ইউনূস) যেসব আচরণ শুরু করছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না।’
সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
মাসুদ কামাল বলেন, ড. ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে? রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি?
তিনি বলেন, ড. ইউনূসের কিন্তু বোঝা উচিৎ তিনি এখানে কী করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার। যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে তিনি কাজগুলো করতেন। কিন্তু তিনি সেটা করছেন না।
ড. ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কী এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, তিনি রাজনীতি বোঝেন না। ২৫ আগস্টে তার দেওয়া বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন— আমরা অন্য জগতের মানুষ। তিনি 'আমরা' বলেছেন, মানে তারা (উপদেষ্টা) সবাই। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি এগুলা বুঝি না। তখন তাকে প্রশ্ন করা হয়— অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না? উত্তরে তিনি বলেন— তাদের কী বলব, আমি নিজেই ভুল করি, আমি নিজেই তো বুঝি না। অনুরোধে ঢেকি গেলা যায় না, ড. ইউনূস অনুরোধে ঢেকি গিলছেন। উনি আবার সেটা বলেন যে এইটা আমি জানি না।
সেই সময়ে ড. ইউনূসের বিকল্প ছিল কি না এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, সেটা তো ড. ইউনূসের দেখার ব্যাপার না। এমন বিকল্প নেই সেই কথা শেখ হাসিনাও বলতো। তার কিছু চামচা ছিল; আপনার-আমার বন্ধু ছিলো যারা গিয়ে বলতো— আপা আপনি তো অমর। আপনি মরে গেলে দেশের কী হবে? তো এখন উনি নাই, তাতে কি দেশের কোনো সমস্যা হয়েছে? পৃথিবীতে অপরিহার্য কোনো ব্যক্তি নাই। আর এই বিষয়টা যারা মানতে না পারে তাদের আচার-আচরণে স্বৈরাচারী মনোভাব আছে।
টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে
সাংবাদিককে হুমকি কাদেরের, বললেন দেশে ফিরলে ‘তখন আপনাদের দেখা যাবে না’
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৫ আগস্ট তিনি বাথরুমে আত্মগোপনে ছিলেন এবং ছাত্রদের সহায়তায় প্রাণে বেঁচে যান। ইউটিউব চ্যানেল ‘নাগরিক টিভি’র এডিটর ইন চিফ নাজমুস সাকিবকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সাক্ষাৎকারে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
এর আগে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের।
ওই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের নানা বিষয় ধরে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন নাজমুস সাকিব।
ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার (কাদের) একটা ইন্টারভিউ দেখলাম, খুব ভাইরাল হলো। ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। বলা হচ্ছে, ৫ই আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল। তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান-এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এছাড়া কি উপায় ছিল?’
আপনি কি তাহলে বলতে চান যে, ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে? তখন কাদের বলেন, ‘হ্যাঁ এটাও তো ঠিক।’
কিন্তু অনেকে বলছেন, ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি। সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না-এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ‘ওরা (ছাত্ররা) বলছিলো, আপনার প্রতি রাগ ছিল। কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে।’
এরপর তো আপনি তিন মাস দেশেই ছিলেন? জবাবে কাদের বলেন, ‘হ্যাঁ ছিলাম।’
দেশ থেকে তাহলে গেলেন কীভাবে, ওখানে কারা আপনাকে সহযোগিতা করলো, এটা কি বলা যাবে?
পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন, ‘এটা কি বলা যায়? তিন মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি..., তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল। অনেকগুলো ওষুধ খেতে হয়। আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই। অনেককিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না, এই আর কি।’
এই তিন মাস যে আপনি থাকলেন, এই সময়ে তো আপনি বুঝতে পেরেছেন, আওয়ামী লীগকে নিয়ে মানুষের ক্ষোভ, এই ক্ষোভটা আপনি কি মনে করেন না যে যুক্তিযুক্ত ছিল, কারণ সাড়ে ১৫ পনেরো বছর যা করলেন?
জবাবে কাদের বলেন, ‘সাড়ে ১৫ বছরে পদ্মা সেতুও তো আমরা করেছি। মেট্রোরেল তো আমরা করেছি। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়েও তো আমরা করেছি।’
২০১৮ সালে রাতের ভোট, ২০২৪ সালে ডামি নির্বাচন করলেন। এই যে জনগণের ভোটের অধিকারটা যে কেড়ে নিয়েছিলেন। আপনি কি মনে করেন না যে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল?
উত্তরে কাদের বলেন, ‘এগুলো আলোচনার অপেক্ষা রাখে! সেগুলো চর্চা করার বিষয় আছে। আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। আজকে পৃথিবীর দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়। সেটি আমরা করেছি। কিন্তু উন্নয়ন তো দেশের মানুষ যা চায়.... আজকে অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক চায় শেখ হাসিনা আবার আসুক এবং শেখ হাসিনাকে আবার চাই। এ কথা আজ মানুষের মুখে মুখে। ইলেকশনটা হলে বুঝবেন।’
কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে আপনি দেখেছেন, শেখ হাসিনা যদি সত্যিই ওই সিচুয়েশন থাকতো তাহলে দেশে থাকতেন। উনাকেতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না?
জবাবে কাদের বলেন, ‘নো, আমি এটা মনে করি না। তখন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল। কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে।’
আচ্ছা বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু কই, উনি তো কম্প্রোমাইজ করেননি। উনি তো আপস করেননি। দেশেই থেকেছেন। তাকে চিকিৎসা করতে দেননি। কম্প্রোমাইজ করলে তাকে বিদেশে যেতে দিতেন। তিনি তো তা করেননি। কিন্তু আপনাদের নেত্রী তো কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন! জবাবে কাদের বলেন, ‘না, কম্প্রোমাইজ করে যাননি। তাকে (শেখ হাসিনা) বাঁচার দরকার ছিল। সে জন্য চলে আসছেন।’
কিন্তু আপনার কি মনে হয় না, আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন এমন সবকিছু...
কাদের বলেন, ‘এখন বাংলাদেশে আপনারা অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে। আমি সে কথায় যাচ্ছি বারবার।’
আপনি (কাদের) যেহেতু আওয়ামী লীগ করেন, আপনি ভাববেন বা বিশ্বাস করেন...
কাদের বলেন, ‘আমি সে কথা ভাববো কেন। দেশের পাবলিক অপিনিয়ন কী এটা আপনি জানেন না?, এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না। এটাই স্বাভাবিক। আপনি তো বায়াসড! হোয়েন ইউ আর এ বায়াসড অ্যাজ এ জার্নালিস্ট। আপনি ঢালাও অভিযোগ করছেন।’
সাংবাদিক বলতে কারা বায়াসড ছিল না? এই নাঈমুল ইসলাম খানের মতো লোকরা, শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো। উত্তরে কাদের রাগান্বিতভাবে বলেন, ‘তাদের কথা বাদ। আপনি নিজেই তো বায়াসড। আমি সবার কথা তো বলছি না।’
আপনি (কাদের) নিজেও তো সাংবাদিকতা করেছেন, ‘আপনি জানেন সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি। জবাবে কাদের বলেন, প্রশ্ন করে লাভ নেই। প্রশ্ন করে যেটা নেবেন সেটা লিখতে পারবেন না। কারণ আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি। সেটা আপনি প্রচার করতে পারবেন না।’
আপনাদের এখনো কি কোনো অনুশোচনা বা আত্মোপলব্ধি হয়েছে, মানে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না। সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আত্মোপলব্ধি, আমাদের আত্ম-সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করবো। যখন আমরা দেশে ফিরবো। সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে, তাহলে ভুল স্বীকার করবো। সেটা দেশে, বিদেশে বসে নয়।’
কিন্তু দেশে যাওয়ার মতো বাস্তবতা আপনাদের কি হবে আদৌ হবে? কারণ আপনাদের নেতাকর্মীরা তো সবাই পলাতক, বেশিরভাগই, কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দি সান রাইজেস এ... বাট ডিনাই... বিফোর। এই ইংরেজিটার বাংলা একটু আপনি ভাবেন। এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অব দিস...। এখন আমরা যে অবস্থায় আছি। উই ক্যান গেট আউট অব দ্য গ্যাটার। আমি সেটাই মনে করি।’
কিন্তু এই গ্যাটারে আপনারা পড়লেন কেন? কাদের বলেন, ‘আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছেন-এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে, সেই ‘জঙ্গি’ উত্থানে। তারাও কেন এখন মনে করছে, তারা ভুল করেছে।’
তাই যদি হয়, মানুষ যদি আপনাদের পক্ষে থাকে তাহলে দেশে আসছেন না কেন? জবাবে কাদের বলেন, ‘সময় হলে দেখবেন।’
আরেক প্রশ্নের জবাবে রাগান্বিতভাবে কাদের বলেন, ‘আপনার এই চেহারাটা, বক্তব্যটা কোথায় যাবে? যদি আমরা ফিরে যাই। তখন তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। মানে কি আপনি কি আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন? যারা সমালোচনা করছেন?’
জবাবে কাদের বলেন, ‘হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক ক্যারেক্টার আছে সেটার প্রকাশ ঘটাচ্ছেন।’ নাজমুস সাকিব বলেন, ‘না আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি।’
কাদের তখন বলেন, ‘ইউ আর নট আ জার্নালিস্ট, ইউ আর বায়াসড। পার্শিয়াল জার্নালিস্ট।’ নাজমুস সাকিব বলেন, ‘বায়াসড কে নয়। নাইমুল ইসলাম খানের মতো লোকেরা?’
কাদের বলেন, ‘জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে। এইটা আপনার নাই। আপনিতো এটা করতেছেন একটা পক্ষ হইয়া। ইউনূসের লোকেরা যেভাবে বলে, ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে, আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন। আমার সঙ্গে এ ধরনের কথা বলে লাভ কী! আর আমাদের দল নিষিদ্ধ। এখন আপনিতো এটা প্রকাশ করতে পারবেন না। দরকার কি আমার ইন্টারভিউ...।
আরও পড়ুন
তবু জানতে চাই আপনার কী মনে হচ্ছে না জনগণের কাছে আপনার…।- উত্তরে কাদের বলেন, ‘জানার দরকার নাই। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আপনার প্রশ্নের মধ্যে তো আপনার পার্শিয়ালিটির প্রকাশ ঘটাচ্ছেন। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত। সেটার প্রকাশ ঘটাচ্ছেন। প্রশ্ন এভাবে করে না। একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এইরকম হয় না।’
নাজমুস সাকিব বলেন, ‘শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। তাহলে আপনারা কি কখনই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না?’
উত্তরে কাদের বলেন, ‘আমি সে কথার জবাব দিয়েছি। শুনতে পাননি? আমরা যাই করবো দেশে গিয়ে করবো।’
ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। কাদের জবাবে বলেন, ‘তখন আর আপনাদের দেখা যাবে না।’
নাজমুস সাকিব বলেন, ‘ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন। দেশে আসলে আমাদের একবারে শেষ করে ...।’
কাদের বলেন, ‘না আমরাতো করবো না। আপনি নিজেই পালাবেন। আপনি একটা জার্নালিস্ট, আপনি নিজেইতো...।’
নাজমুস সাকিব বলেন, ‘আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে, মানে ওই আগের বাংলাদেশটাই আপনারা...।
কাদের বলেন, ‘কঠিন প্রশ্ন না, শত্রুতামূলক প্রশ্ন, কঠিন প্রশ্ন না!’ নাজমুস সাকিব বলেন, ‘আপনার আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন, কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম।’ এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জনগণের কাছে সেবা পৌঁছে দিতে
‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’।
উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দালালমুক্ত, সহজলভ্য ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’।
বিশেষ দিকনির্দেশনা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সব মন্ত্রণালয়ের সেবাকে এই প্ল্যাটফর্মে আনার চেষ্টা। প্রবাসীদের জন্য প্রবাসী সেবা কেন্দ্র গঠনের নির্দেশ। উদ্যোক্তারা স্থান ভাড়া, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নেবেন। সেবা মান বজায় না রাখলে লাইসেন্স বাতিল হতে পারে।’
আসিফ মাহমুদ বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের নাগরিক সেবা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, এবং ডিজিটাল সরকারব্যবস্থার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য