ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

শোকজের জবাবে যে ব্যাখ্যা দিলেন সমন্বয়ক হাসিব

নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৪ ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
শোকজের জবাবে যে ব্যাখ্যা দিলেন সমন্বয়ক হাসিব

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। তিনি মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, সময়স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করতে গিয়ে আংশিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্দোলনের সমন্বয়ক এ তথ্য জানান।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের টিভি টকশোতে আন্দোলন চলাকলে বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে এই ঘটনায় তাকে বৈষম্যবিরোধী সংগঠন থেকে শোকজ করা হয়। তারই জবাব দিয়েছেন সমন্বয়ক হাসিব।

লিখিত জবাবে হাসিব বলেছেন, ডিবিসি নিউজের ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে সময়স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমার বক্তব্য কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এবং বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদমাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

আমার বক্তব্যে আমি মূলত বোঝাতে চেয়েছিলাম বিপ্লব কখনো নিয়ম মেনে হতে পারে না। পৃথিবীর প্রতিটি বিপ্লবই নিয়মের বাইরে গিয়ে সংগঠিত হয়েছে। আমি আমার বক্তব্যে বোঝাতে চেয়েছি, আওয়ামী ফ্যাসিবাদের দম্ভের স্তম্ভ তাদের তথাকথিত উন্নয়ন প্রকল্প মেট্রো রেলে যখন তারা নিজেরাই আগুন দিয়ে তারপর সেটা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার মায়াকান্না জনমানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ত্বরান্বিত করেছে।

আর জুলাই অভ্যুত্থানে আওয়ামী দোসর পুলিশ লীগ নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা পরিচালনা করেছিল তখন দেশের সর্বস্তরের জনতা নিজেদের জীবন বাঁচাতে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল, যেটা ছিল মুক্তিকামী জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে ব্যবহার করে গণহত্যা পরিচালনা করছে এ জন্য এই অভ্যুত্থানে যত রক্তপাত হয়েছে এর দায় আওয়ামী ফ্যাসিস্টদের নিতে হবে এটা জনগণ উপলব্ধি করেছিল। এই দুটো বিষয় বোঝাতে গিয়ে সময়স্বল্পতার কারণে স্রেফ ঘটনা উল্লেখ করতে পেরেছি, পুরো বিষয় তুলে ধরা সম্ভব হয়নি।

আমার সঙ্গে যোগাযোগ ও মতামত না নিয়েই আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদমাধ্যম বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছেন যা খুবই হতাশার।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    নিজস্ব প্রতিবেদক
    ৮ নভেম্বর, ২০২৪ ১১:৪৭
    নিজস্ব প্রতিবেদক
    শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    চলতি মাসের মাঝামাঝিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে পারে। এছাড়া ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৮-১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে।

    আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ বইবে ডিসেম্বরের শেষ ও জানুয়ারি মাসের শুরুতে।

    শীত কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, এখনই সকালের দিকে উত্তরবঙ্গের লোকজন শীতের অনুভূতি পাওয়ার কথা বলছে। তবে এ মাসের ১৫ তারিখের পর শীতের অনুভূতি তৈরি হবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পঞ্চিমাঞ্চলে।

    এই আবহাওয়াবিদ আরও বলেন, নভেম্বর মাসে অহরহ লঘুচাপ তৈরি হয়। এ মাসে ঘূর্ণিঝড় হতে পারে। ডিসেম্বরেও লঘুচাপ হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভবনা কম।

    আবহাওয়া অফিস বলছে, আগামী তিন মাসে দেশে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আছে। এর মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

    আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শহীদ নাফিজের দেহ বহনকারী রিকশাটি গণভবন জাদুঘরে

      নিজস্ব প্রতিবেদক
      ৭ নভেম্বর, ২০২৪ ২০:৪৩
      নিজস্ব প্রতিবেদক
      শহীদ নাফিজের দেহ বহনকারী রিকশাটি গণভবন জাদুঘরে

      ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে।

      বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা বলেন। গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

      গত ৫ নভেম্বর (মঙ্গলবার) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিক রিকশা ও রিকশাচালককে খুঁজে বের করার জন্য তার দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

      ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয় যে, উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রিকশাচালক নূর মোহাম্মদ ওরফে নুরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা (রিকশা) ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের নিকট বিক্রি করেছেন বলে জানান। পরবর্তী সময় আহসানুল কবীর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নিকট হস্তান্তর করা হয়।

      উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরবর্তী সময় এই রিকশার ছবি কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান নৌ উপদেষ্টার

        নিজস্ব প্রতিবেদক
        ৭ নভেম্বর, ২০২৪ ২০:২৯
        নিজস্ব প্রতিবেদক
        মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান নৌ উপদেষ্টার

        ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মেরিন ও অফশোর শি‌ল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে। তাই এই খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

        বৃহস্প‌তিবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী আন্তার্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো- (বিমক্স ২০২৪)’ উদ্বোধনকা‌লে তি‌নি এ আহ্বান জানান।

        এম সাখাওয়াত বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে নদীমাতৃক দেশ; আমাদের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ নদী ও সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এখানে প্রচুর সমুদ্র সম্পদ ও বিশাল শ্রমশক্তি রয়েছে। এখানে যারা বিনিয়োগ করবে তারাই সফল হবে।

        নৌ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজের দিক দিয়ে খুবই স্বচ্ছ। এখন সব ধরনের সুযোগ সুবিধা উন্মুক্ত। তাই দেশি-বিদেশি উদ্যোক্তাদের বলবো এখনই সময়, এই খাতে বিনিয়োগ করেন। যারা এখানে বিনিয়োগ করতে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করব।

        ষষ্ঠবারের মতো আয়ো‌জিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড টেকনোলজি, শিপ রিসাইকেলিং, শিপ-ব্রেকিং ইকুইপমেন্ট, ফিশিং ভেসেলস ফিশারি এবং প্রসেস অটোমেশ, বন্দর ও এর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি তু‌লে ধরা হ‌য়ে‌ছে। প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকা‌রি প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আখতার হুসাইন, ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার,

        নেদারল্যান্ডস দূতাবাস ঢাকা মিশনের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সুইডেন দূতাবাসের রাজনৈতিক, বাণিজ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মিস লোভিসা হফম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহেল বারী, আকিজ গ্রুপের প‌রিচালক এবং আকিজ মোটরসের সিইও আমিনুদ্দিন, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম প্রমুখ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

          নিজস্ব প্রতিবেদক
          ৭ নভেম্বর, ২০২৪ ২০:১৮
          নিজস্ব প্রতিবেদক
          জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

          ডেস্ক রিপোর্ট: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এছাড়া কমিশনের আরও ৫ সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন, বর্তমান কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড.বিশ্বজিৎ চন্দ এবং সদস্য ড. তানিয়া হক।

          বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

          রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাপত্রে তিনি উল্লেখ করেন, আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে আজ ৭/১১/২৪ তারিখ, আমি আমার পদত্যাগ পত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগ পত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।

          ২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন। তার আগে তিনি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত