ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

১৫ লাখে ছাগল কেনা সেই ইফাত কার ছেলে, জানালেন এমপি নিজাম হাজারী

নিজস্ব প্রতিবেদক
২০ জুন, ২০২৪ ১৫:৫১
নিজস্ব প্রতিবেদক
১৫ লাখে ছাগল কেনা সেই ইফাত কার ছেলে, জানালেন এমপি নিজাম হাজারী

এ বছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১৫ লাখ টাকার ছাগল। কুরবানি শেষ হলেও থামছে না এই ছাগলকাণ্ড নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগলকাণ্ড। এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা হিসেবে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম। যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে জানিয়েছেন তিনি।

মতিউর রহমান দাবি করেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি। সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত। আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাব।

তবে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী গণমাধ্যমকে জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।

বৃহস্পতিবার নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন।’

সূত্রে জানা গেছে, এনবিআরের সদস্য মতিউর দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ। যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে।

এ ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহ খানেক আগে। ১৫ লাখ টাকা দামের ছাগল ১২ লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কীভাবে এতো টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সিলেট বন্যা: বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

    নিজস্ব প্রতিবেদক
    ২০ জুন, ২০২৪ ১৫:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    সিলেট বন্যা: বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

    বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

    আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট, যুবক গ্রেপ্তার

      নিজস্ব প্রতিবেদক
      ২০ জুন, ২০২৪ ১১:৪৩
      নিজস্ব প্রতিবেদক
      ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট, যুবক গ্রেপ্তার

      সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

      বুধবার (১৯ জুন) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৭৪) ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। পরে দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

      গ্রেপ্তার জাহাঙ্গীর আলম হাকিমপুর পৌর শহরের ধরন্দা মহল্লার সিপি রোড এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

      মামলার এজাহার ও অভিযোগকারী ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন। তিনি ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক’ এই দাবি জানান। এ পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ওই ব্যক্তির এমন পোস্টের তীব্র প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

      হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে বাড়ছে বানভাসি মানুষ

        নিজস্ব প্রতিবেদক
        ২০ জুন, ২০২৪ ১১:৩১
        নিজস্ব প্রতিবেদক
        সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে বাড়ছে বানভাসি মানুষ

        সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্রে মোট ১৮ হাজার ৪২৯ জন বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে।

        পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বুধবার (১৯ জুন) এর সর্বশেষ হিসাব অনুযায়ী সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দিরাইয়ে সুরমা নদীর পানি ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হচ্ছে। যে কারণে উজান থেকে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামছে।

        জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার চারটি পৌরসভা এলাকাসহ ৭৮টি ইউনিয়নের ১ হাজার ১৮টি গ্রামের ছয় লাখ ৬০ হাজার মানুষ বন্যা পরিস্থিতির শিকার।

        সুনামগঞ্জ জেলার পুরোটাই বন্যাকবলিত হলেও সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, মধ্যনগর ও ছাতক উপজেলার মানুষ। ছাতক উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর পানি হাওরে প্রবেশ করার কারণে সুনামগঞ্জের অনেক হাওর এখন পানিতে টইটুম্বুর। আর এর ফলে নতুন করে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ সদর, মধ্যনগর, ধর্মপাশা ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম। ইতিমধ্যে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ৭ হেক্টর জমির সবজিখেত পানিতে নষ্ট হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কায়েতকান্দা, রাজধরপুর, কাকিয়াম মৌলভীপাড়া, আলমপুর দোয়াদুর রহমান ও দক্ষিণ রূপনগরের মোট পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

        সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার গণমাধ্যমকে বলেন, সুরমা নদীর পানি কোনো কোনো স্থানে সামান্য কমেছে আবার কোন স্থানে বাড়ছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পানি আরও বাড়তে পারে। যদি উজানে বেশি বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ জুন, ২০২৪ ২৩:১৩
          নিজস্ব প্রতিবেদক
          নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

          ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২১ জুন (শুক্রবার) নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষ্যে ২১-২২ জুন সেখানে অবস্থান করবেন তারা।

          বুধবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লীর ফোরকোর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই সংবর্ধনা পর্বে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

          একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষ্যে হায়দ্রাবাদ হাউস গমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

          ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজনও থাকছে এই পর্বে।’

          বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরের শুরুর দিন ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। ২২ জুন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এসময় ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সাঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

          উল্লেখ্য, দুই দিনের এ সফর শেষে ২২ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত