শিরোনাম
যুব সংগঠন ওয়াইপিএসডি’র নতুন কমিটি গঠন
যুব সংগঠন ‘ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’(ওয়াইপিএসডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে যুব সংগঠক মাহিম সাঈদ জিসানকে প্রধান সমন্বয়ক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া আগামী এক বছরের জন্য গঠিত কমিটির ডেপুটি সমন্বয়ক মানফারা, তানভীর হোসাইন, মো. সালাহ উদ্দিন সরকার শুভ ও আহনাফ আতিফ।
এছাড়াও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. তাহশীন রহমান, হেড অব রিসার্চ মো. ফরহাদ ইসলাম, হেড অব প্রোজেক্ট মো. ওসমান ফারুক রিফাত, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. সিয়াম আবু রাফি, হেড অব আইটি এন্ড পাবলিকেশন মো. আয়নুল ইসলাম, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন জারিন তাহসিন, হেড অব পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আবরার বিন সালিম, হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. মুবতাসিম ফায়েজ, হেড অব কালচার অ্যান্ড স্পোর্টস মাথুইচিং মার্মাকে দায়িত্ব প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম বলেন, “ওয়াইপিএসডি প্রায় আট বছর যাবৎ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যুব ক্ষমতায়ন, এসডিজি বাস্তবায়নে যুবকদের সম্পৃক্ততা বৃদ্ধি ও যুব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম পরিধি আরও প্রসারিত ও টেকসই হবে বলে আমি বিশ্বাস করি”।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসান বলেন, “সংগঠক হিসেবে দায়িত্ব আমার প্রথম নয়। বৈচিত্র্যময় বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়কে মাথায় রেখে কাজ করা চ্যালেঞ্জিং। আমাদের লক্ষ্য তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও দায়বোধ বৃদ্ধি করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা। সে মাফিক কাজ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।"
সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ মোট ৩,১৯৯ (তিন হাজার একশ নিরানব্বই) টাকা।
সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ ৮,১৯৯ (আট হাজার একশ নিরানব্বই) টাকা।
মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন—জানতে চাইলেন শাওন
ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এটিকে অন্য দ্বারা লেখা একটি স্ক্রিপ্ট বলে মনে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
এক ফেসবুক পোস্টে শাওন স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে শাওন বলেন, “আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন, প্লিজ।
এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।”
মূলত স্নিগ্ধ গতকাল এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরে আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।
মীর স্নিগ্ধ লিখেছেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম।
এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে, এমন সব পরিবারের।’
যত দিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, তত দিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’
তিনি নিজের পোস্টে আরো লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই।
শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’
৯ মাস পর খোলা সেন্টমার্টিন, কোনো জাহাজ ছাড়েনি
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য পুনরায় খোলা হয়েছে সেন্টমার্টিন দ্বীপ। তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়েনি।
পর্যটকরা জানান, কক্সবাজার থেকে দ্বীপে পৌঁছাতে প্রায় ৮-৯ ঘণ্টা সময় লাগে। দীর্ঘ যাত্রার পর সেখানে রাত যাপন না করলে পুনরায় ফিরতে সমস্যা হয়।
জাহাজ মালিকরা বলেন, পর্যটকের অনাগ্রহের কারণে তারা জাহাজ ছাড়তে পারেননি। সরকারের নিয়ম অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকরা সেন্টমার্টিনে গিয়ে দিনে ফিরবেন। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতযাপন করা সম্ভব হবে।
সেন্টমার্টিনে পর্যটক চলাচল ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল। সরকার দ্বীপের পরিবেশ রক্ষার জন্য পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
আজ সারা দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ রোববার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। এর সঙ্গে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। এমন বৃষ্টি আজ প্রায় সারা দিন ঢাকা ও আশপাশের অঞ্চলে থেমে থেমে হতে পারে।
আজ সকালের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগসহ দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
গতকাল সকাল ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান জেলায় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য