ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৮
নিজস্ব প্রতিবেদক
সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

এমবিবিএস (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তি শেষ আজ। আজ ২৪ ফেব্রুয়ারি অফিস সময়ের মধ্য উত্তর্ণ শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শেষ করার কথা রয়েছে। সরকারি মেডিকেল কলেজ গুলোতে আসন মোট ৫ হাজার ৩৮০টি। ১৮ ফেব্রুয়ারি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯ দশমিক শূন্য ২ শতাংশ (২৯ হাজার ৪৬৬)। মেডিকেলে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ (৫৬ দশমিক ৫৪ শতাংশ)। ছেলেদের সংখ্যা ২ হাজার ৩১২ (৪৩ দশমিক ২৬ শতাংশ)।

মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ (৪৩ দশমিক ২৬ শতাংশ) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ (৫৬ দশমিক ৭৪ শতাংশ)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনসংখ্যার ৫শতাংশ হিসাবে ২৬৯ শিক্ষার্থী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটায় ৩৯ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন তানজিম মুনতাকা সর্বা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববারের মধ্যে

    নিজস্ব প্রতিবেদক
    ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৭
    নিজস্ব প্রতিবেদক
    মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববারের মধ্যে

    চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    মহাপরিচালক আরও বলেন, ‘দেশের কোনো কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করব।’ তিনি বলেন, এ বছরও ভর্তি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। আবেদনকারীদের মধ্যে ৫৯ শতাংশ ছাত্রী, ৪১ শতাংশ ছাত্র।

    গতকাল শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।

    গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা হল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মেডিকেল ভর্তি পরীক্ষার একদিন আগে ৬ কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত

      নিজস্ব প্রতিবেদক
      ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫০
      নিজস্ব প্রতিবেদক
      মেডিকেল ভর্তি পরীক্ষার একদিন আগে ৬ কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত

      ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আগের দিন দেশের ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

      আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

      ভর্তি কার্যক্রম স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো-

      ১. উত্তরা আইচি মেডিকেল কলেজ

      ২. নর্দান মেডিকেল (ঢাকা)

      ৩. নর্দান মেডিকেল (রাজশাহী)

      ৪. শাহ মাখদুম মেডিকেল কলেজ (ঢাকা)

      ৫. কেয়ার মেডিকেল কলেজ এবং

      ৬. সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজ।

      এর মধ্যে কেয়ার মেডিকেল কলেজ ও সাভারের নাইটেঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।

      স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত না। বেসরকারি মেডিকেল কলেজের আইন রয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। তবে এখন থেকে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

      তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫৩৮০ টি। এ ছাড়া বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬ হাজার ২৯৫টি।

      প্রশ্নফাঁস বন্ধে ডিজিটালাইজেশন ব্যবস্থা প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

      ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও দায়িত্বরতদের জন্য নির্দেশনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় হলের গেট খুলবে। এদিন সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।

      পরীক্ষার দিন কেন্দ্রসমূহের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ/প্রতারণা/গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি পরীক্ষার শিডিউল প্রকাশ

        নিজস্ব প্রতিবেদক
        ৩ জানুয়ারি, ২০২৪ ১৪:১
        নিজস্ব প্রতিবেদক
        বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি পরীক্ষার শিডিউল প্রকাশ

        বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি-২০২৪ এর রেসিডেন্সি কোর্সের (এমডি/এমএস) ফেজ-এ এবং ফেজ-বি এর লিখিত পরীক্ষার শিডিউল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকীম স্বাক্ষরিত পরীক্ষার শিডিউল বিএসএমএমইউর নিজস্ব ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হয়।

        এতে বলা হয়, এমডি-এমএস ফেইজ-এ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

        এছাড়াও এমডি-এমএস ফেইজ-বি আগামি ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-২ অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নিজেই নিজের বেতন বাড়ালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

          নিজস্ব প্রতিবেদক
          ২৫ জুন, ২০২৩ ১১:৪৮
          নিজস্ব প্রতিবেদক
          নিজেই নিজের বেতন বাড়ালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

          চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের বিরুদ্ধে নিজেই নিজের বেতন বৃদ্ধির অভিযোগ উঠেছে। উপাচার্য ডা. মো. ইসমাইল খানের নিয়োগ অনুযায়ী বেতন স্কেল তৃতীয় গ্রেডে হওয়ার কথা থাকলেও তিনি নিয়ম না মেনে প্রথম গ্রেডে বেতন নিচ্ছেন বলে জানা গেছে। এমনকি তার নিজের বেতন বৃদ্ধির বিষয়টি সিন্ডিকেটে পাসও করিয়ে নিয়েছেন। যা সঠিক হয়নি বলে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

          এছাড়া তিনি নিজের ব্যক্তিগত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিল থেকে ৩ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে। উপাচার্যের বেতন বৃদ্ধিসহ এ রকম সাত খাতে প্রতিষ্ঠানটিতে আর্থিক অনিয়ম পেয়েছে ইউজিসির পর্যবেক্ষক দল। ইউজিসিকে এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে দলটি। ইউজিসির বাজেট পর্যালোচনা দল চমেবির আটটি খাতে পর্যবেক্ষণ দিয়েছে। এর মধ্যে সাতটি খাতে আর্থিক অনিয়ম পাওয়ার কথা জানায় দলটি। গত মাসের ২৩ তারিখে এসব বিষয় উল্লেখ করে একটি পরিপত্র প্রকাশ করে ইউজিসি।

          ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক (বাজেট) মো. হাফিজুর রহমানের সই করা ওই পর্যবেক্ষণে বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী উপাচার্য সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আহরিত বেতন-ভাতাদির সমপরিমাণ অর্থ মাসিক বেতন হিসেবে প্রাপ্য হবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়ম পরিবর্তন করে তাঁর বেতন প্রথম গ্রেডে উন্নীত করে। এই এখতিয়ার সিন্ডিকেটের নেই।

          উল্লেখ্য, সরকারের সর্বশেষ পে-স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন-ভাতা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজার টাকা।

          কিন্তু চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ইসমাইল খান প্রথম গ্রেডে মূল বেতন পান ৮৩ হাজার টাকা। আর ভাতাসহ তিনি পান মোট প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা। অথচ তাঁর তৃতীয় স্কেলে মূল বেতন ছিল ৭৪ হাজার টাকা। এ অবস্থায় এলপিসি অনুযায়ী তাঁর বেতন নেওয়ার ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে ইউজিসির পর্যবেক্ষণ দল।

          এ ছাড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন ও ডিপিপিসংক্রান্ত সমন্বয় সভার ব্যয় বাবদ রাজস্ব খাত থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয়। এতেও নিয়মের ব্যত্যয় এবং আর্থিক ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ইউজিসির পর্যবেক্ষণ দল। তারা মতামত দেয়, উন্নয়ন প্রকল্পে কোনো প্রকার অর্থ রাজস্ব তহবিল থেকে প্রদান করা যাবে না। এরপরও রাজস্ব তহবিল থেকে ব্যয় করায় আর্থিক অনিয়ম হয়েছে।

          অভিযোগের বিষয়ে উপাচার্য ইসমাইল খান বলেন, ‘২০১২ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বেতন স্কেল গ্রেড-৩-তে ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলাম। পরে ঢাকা মেডিকেল কলেজে অধ্যক্ষ ও ডিন হিসেবে যোগদান করি। সব মিলিয়ে আমার প্রফেশনালিজম অনেক বছরের, সে জন্য প্রথম গ্রেডে বেতন নেওয়ার যোগ্যতা রাখি।’

          এছাড়া , ‘ইউজিসি ২০২১-২২ অর্থবছরে সংশোধিত বাজেটে চিকিৎসা বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সেটি আমি খরচ করি। এই সব বিষয়ে ইউজিসিকে লিখিত আকারে জানিয়েছি।’

          তবে ইউজিসি কতৃপক্ষ বলছে , তৃতীয় গ্রেডে নিয়োগ হয়েও প্রথম গ্রেডে বেতন নেওয়ার কোনো সুযোগ নেই। সিন্ডিকেটে পাস করলেও পারা যায় না। এলপিসি অনুযায়ী বেতন নিতে হবে। এই নিয়ম না মানলে অবশ্যই অনিয়ম হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত