ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মাদ্রাসায় জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বাতিল

অনলাইন ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫ ১৭:১৪
অনলাইন ডেস্ক
মাদ্রাসায় জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বাতিল

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে এমপিও বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি নেই, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটি এবং এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে।

এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’-এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইআবির অধীনে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু কেন্দ্র পরিদর্শনে উপাচার্য

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৪ আগস্ট, ২০২৫ ১৬:৩৫
    ক্যাম্পাস প্রতিনিধি
    ইআবির অধীনে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু কেন্দ্র পরিদর্শনে উপাচার্য

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৩ পরীক্ষা আজ রবিবার (২৪ আগস্ট) সারা দেশে একযোগে শুরু হয়েছে। সকালে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। এ সময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন ।

    কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারাদেশে সকল পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করি।

    এবছর মাস্টার্স পরীক্ষায় সারাদেশের মোট ৪৯ টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর  ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে।

    ঢাকা আলিয়া প্রতিনিধি/

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মাদ্রাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

      অনলাইন ডেস্ক
      ২১ আগস্ট, ২০২৫ ১৯:০
      অনলাইন ডেস্ক
      মাদ্রাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

      মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

      নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি অত্র অধিদপ্তর হতে নিয়মিত প্রদান করা হলেও কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ (এমপিও) প্রদান করা হচ্ছে না মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে প্রদান করা হয়নি। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোশ ভাতাও বন্ধ করা যাবে না।

      এতে বলা হয়েছে, কর্মরত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে। যেমন—সুপার/অধ্যক্ষ না থাকলে সহ-সুপার/উপাধ্যক্ষ এবং সহ-সুপার/উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসককে প্রতিস্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়েছে। তা সত্ত্বেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বেতন প্রদান না করা বিধিবহির্ভূত এবং অনভিপ্রেত। এ ছাড়াও কোনো শিক্ষক-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ৬ (ছয়) মাসের মধ্যে নিষ্পত্তি (বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত) করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি।

      বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা প্রতিপালন না করলে 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)' অনুসারে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ৩৮ অনুসারে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আল-আজহার পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল

        ক্যাম্পাস প্রতিনিধি
        ২১ আগস্ট, ২০২৫ ১৮:১৩
        ক্যাম্পাস প্রতিনিধি
        আল-আজহার পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল

        বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট স্তরের স্কলারশিপে নির্বাচিত হওয়ার পর, এবার মরক্কোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে বাংলাদেশের মনোনীত ১০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২০২২–২৩ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।

        কুমিল্লা জেলার লালমাই উপজেলার ইছাপুর গ্রামের সন্তান রাকিবুল শৈশবে পড়াশোনা শুরু করেন ইছাপুরা হেমায়েত ইসলাম নূরানী মাদ্রাসা থেকে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাওতুল হেরা দারুসসুন্নাত আল জামেয়া মাদ্রাসা থেকে দাখিল এবং দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এই মেধাবী শিক্ষার্থী।

        রাকিবুল ছিলেন মিশরের কায়রো থেকে পরিচালিত মারকায সওতুল ইসলাম অনলাইন ভিত্তিক আধুনিক আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮তম ব্যাচের শিক্ষার্থী। উল্লেখ্য, ২০২০ সাল থেকে এই অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৭৭ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছেন।

        নিজের অনুভূতি জানিয়ে রাকিবুল ইসলাম রাইজিং ক্যাম্পাসকে বলেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর তাআলার প্রতি, যিনি আমাকে মরক্কোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এই অর্জনের পেছনে আমার সম্মানিত পিতা-মাতা ও শিক্ষকদের দুআ ও পরিশ্রম রয়েছে। সর্বোপরি এ অর্জনে আমি ভীষণ খুশি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষক-শিক্ষার্থীসহ দেশবাসীর নিকট আমি দুআ কামনা করছি।

        এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক রাইজিং ক্যাম্পাসকে বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল মরক্কোর স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের জন্য মুফতি আমিমুল ইহসান হল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা

          ক্যাম্পাস প্রতিনিধি
          ২১ আগস্ট, ২০২৫ ১৫:০
          ক্যাম্পাস প্রতিনিধি
          মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা

          বাংলাদেশ থেকে মরক্কো সরকারের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ তালিকায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে মোট ১৫ জন মূল প্রার্থী এবং বিকল্প হিসেবে আরও সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

          প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।

          স্নাতক পর্যায় (Undergraduate Program)
          মূল প্রার্থী (১০ জন)
          মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা),মো. নাসের উদ্দিন (কুমিল্লা),তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার),মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট),মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা),শেখ আদনান মোস্তফা (ঢাকা),মো. নিয়ামতুল্লাহ (নড়াইল),মো. কাওসার আলম (কুমিল্লা),তামজিদ হোসাইন জয় (মাদারীপুর),মো. ইরাহাদ বিন আনসারী (পঞ্চগড়)।

          স্নাতকোত্তর পর্যায় (Master’s Program)
          মূল প্রার্থী (৪ জন)
          মো. সুধীপ্ত কবির (রংপুর),হাসিবুল হাসান (ঢাকা),মুস্তাফিজুর রহমান (ফরিদগঞ্জ),মোহাম্মদ সাকিব বিন সেলিম (চট্টগ্রাম)।

          পিএইচডি পর্যায় (PhD Program)
          মূল প্রার্থী (১ জন)
          মো. আতিকুর রহমান (ঢাকা)

          বিকল্প প্রার্থী হিসেবে স্নাতক পর্যায়ে আরো পাঁচ জন ও স্নাতকোত্তর পর্যায়ে দুই জন সুযোগ পেয়েছেন

          শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরক্কোর দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

          এই মনোনয়নকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত