ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এমসি কলেজে গণধর্ষণ : মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
এমসি কলেজে গণধর্ষণ : মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আগামী ৩০ দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

এর আগে গত ১৬ আগস্ট সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের মামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহ পরান থানায় মামলা করেন।

মামলায় আট জনকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত বছরের ১৭ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী। অভিযোগপত্রে নাম থাকা আসামিরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুম।

এছাড়া এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে দায়রা আদালতে পৃথক চার্জশিট দেওয়া হয়। পরে বাদীপক্ষ হাইকোর্টে এলে দুটি মামলা এক আদালতে চলবে বলে আদেশ দেন হাইকোর্ট।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চলতি সপ্তাহে হতে পারে বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল : অ্যাটর্নি জেনারেল

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ নভেম্বর, ২০২২ ১১:১৩
    নিজস্ব প্রতিবেদক
    চলতি সপ্তাহে হতে পারে বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল : অ্যাটর্নি জেনারেল

    চলতি সপ্তাহে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বা বুধবার  বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে। এছাড়া আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা প্রতি বছর ২ দফা নেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল।

    ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজিত নবীন বরণ, বিদায় এবং তালিকাভুক্ত নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

    গত শনিবার (২৬ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের এ অনুষ্ঠানে বিভাগের ১১তম থেকে ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ২৮তম ও ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আর বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন আদালতের আট আইনজীবীকে সম্মান জানানো হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী শামসুল হাসান ও সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কক্সবাজারে সিএনজির ধাক্কায় টমটম চালকের মৃত্যু

      নিজস্ব প্রতিবেদক
      ৭ নভেম্বর, ২০২২ ২৩:৩৩
      নিজস্ব প্রতিবেদক
      কক্সবাজারে সিএনজির ধাক্কায় টমটম চালকের মৃত্যু

      তাফহীমুল আনাম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা ( সিএনজি) এর ধাক্কায় ব্যাটারি চালিত টমটম চালক নিহত হয়েছেন।

      সোমবার (৭ নভেম্বর) সকালে শহরের সোসাইটিপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

      নিহত ব্যক্তি রেজাউল করিম (৩০)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামের মৃত আবু ছৈয়দের ছেলে।

      পুলিশ জানায়, টমটম চালক রেজাউল করিম যাত্রী নিয়ে চকরিয়া শহর থেকে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিলেন । এসময় দ্রুতগতির একটি সিএনজি সড়কের বক্সরোড থেকে ছিটকে গিয়ে টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সে মারা যায়।

      চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজি ও টমটম জব্দ করা হয়। আহত টমটম চালক সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জেনেছি । এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কক্সবাজারে ১০১ ইয়াবা কারবারির রায় জানা যাবে ১৪ নভেম্বর

        নিজস্ব প্রতিবেদক
        ৭ নভেম্বর, ২০২২ ২৩:৮
        নিজস্ব প্রতিবেদক
        কক্সবাজারে ১০১ ইয়াবা কারবারির রায় জানা যাবে ১৪ নভেম্বর

        তাফহীমুল আনাম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির মামলায় আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য ও তর্ক-যুক্তি উপস্থাপনের জন্য ১৪ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। এদিন যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করবেন বিচারক।

        আজ সোমবার (৭ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ তারিখ নির্ধারণ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম।

        তিনি বলেন, ১০১ জন আসামিকে চিহ্নিত করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী দুজনের সাফাই সাক্ষ্য প্রদানের আবেদন করেছেন। আদালত তা আমলে নিয়ে ১৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন সাফাই সাক্ষ্য শেষ হলে যুক্তি-তর্ক শেষে জানা যাবে কবে এ মামলার রায় ঘোষণা হবে।

        পিপি আরও বলেন, ‘গত ৩০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট ২১ জন সাক্ষী দিয়েছেন। বর্তমানে মামলার সকল আসামি জামিনে আছেন।

        ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ সদরের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১০২ জন ইয়াবাকারবারি সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশীয় তৈরি বন্দুক ও ৭০ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন। ওই দিনই তাদের নামে টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়। বাদী টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম।
        ওই দিনই আদালতের মাধ্যমে আত্মসমর্পণকারী সবাইকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। ১০২ আসামির মধ্যে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে ২০০৯ সালের ৭ আগস্ট আসামি মোহাম্মদ রাসেল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এজলাসে ঢুকে ভিডিও ধারণ, ‘শাস্তি’ ১ ঘণ্টা কাঠগড়ায়

          নিজস্ব প্রতিবেদক
          ৭ নভেম্বর, ২০২২ ২০:৭
          নিজস্ব প্রতিবেদক
          এজলাসে ঢুকে ভিডিও ধারণ, ‘শাস্তি’ ১ ঘণ্টা কাঠগড়ায়

          কার্যক্রম চলাকালে এজলাস কক্ষে ঢুকে ভিডিও ধারণের অপরাধে এক ব্যক্তিকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়। লিখিতভাবে ভুল স্বীকারের পর তাকে আদালত ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

          সোমবার (৭ নভেম্বর) দুপুরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ মোছাম্মৎ ইশরাত জাহান নাসরিনের আদালতে এ ঘটনা ঘটে।

          ট্রাইব্যুনালের প্রসিকিউটর অনুপ কুমার চৌধুরী স্বপন জানান, বেলা ১২টার দিকে ওই ব্যক্তি আদালতের বারান্দা থেকে মোবাইলে ভিডিও ধারণ করতে করতে এজলাস কক্ষে ঢুকে যান। তখন বিচারক এজলাসে ছিলেন। এজলাসের ভেতরে ভিডিও করার সময় এক আইনজীবী তাকে দেখেন। ওই ব্যক্তিকে মোবাইল বন্ধ করার কথা বলার পরও ওই ব্যক্তি ভিডিও ধারণ অব্যাহত রাখেন।

          তিনি আরও জানান, এক পর্যায়ে কয়েকজন আইনজীবী মিলে তাকে ধরে বিষয়টি আদালতের নজরে আনেন। এ সময় ওই ব্যক্তি তার নাম তৌহিদুল আলম এবং নিজেকে এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দেন। পরে আদালত তার মোবাইল জব্দের আদেশ দিয়ে তাকে কাঠগড়ায় এনে দাঁড় করানোর নির্দেশ দেন।

          জানতে চাইলে ওই আদালতের বেঞ্চ সহকারী নুরুল আলম বলেন, ‘এক ঘণ্টারও কিছু বেশি সময় তাকে আদালতের নির্দেশে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নিয়মিত কার্যক্রম শেষে বিচারক উনাকে ভিডিও ধারণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। উনি এশিয়ান টিভির ঢাকার সাংবাদিক পরিচয় দেন। পরে ভিডিও ধারণের জন্য লিখিতভাবে ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য আদালত তাকে সতর্ক করেন। আদালতের নির্দেশে ধারণ করা ভিডিও মোবাইল থেকে মুছে ফেলা হয়। এরপর মোবাইল ফেরত দিয়ে বিচারক তাকে আদালত ত্যাগের নির্দেশ দেন।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত