শিরোনাম
মদ্যপ অবস্থায় হারিয়ে যান, পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেই নিজের খোঁজে নামেন!
তুরস্কে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা দ্রুত বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে রাত কাটানোর পর, বেহয়ান মুতলু (Beyhan Mutlu) পার্শ্ববর্তী একটি বনাঞ্চলে চলে যান। যখন তার বন্ধুদের তাকে খুঁজে পাওয়া যায়নি, তারা পুলিশকে খবর দেন এবং তাকে ‘নিখোঁজ’ হিসেবে রিপোর্ট করা হয়।
শীঘ্রই একটি খোঁজ তল্লাশি দল বনাঞ্চলে বের হয়, আর তারপর কী ঘটে? মুতলু নিজেই সেই খোঁজ তল্লাশি দলে যোগ দেন! তিনি তখন পর্যন্ত বুঝতে পারেননি যে তিনি নিজেই ‘নিখোঁজ ব্যক্তি’।
পরিস্থিতি আরও হাস্যকর হয়, যখন স্বেচ্ছাসেবকরা তার নাম চেঁচাতে শুরু করেন। তখন তিনি বললেন, “আমি এখানে!”—সবাই স্তম্ভিত হয়ে যান।
এই মজাদার ভুল বোঝাবুঝি প্রায় ৩০ মিনিট ধরে চলেছিল এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সত্যিই, কখনও কখনও বাস্তব জীবনের গল্পগুলোই সবচেয়ে হাস্যকর হয়!
২০ মিনিটে শাকিব নিলেন ৩৫ লাখ টাকা!
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একজন চিত্রনায়ক হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক এখন তার দখলে। গুঞ্জন ছিল- সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া ‘প্রিন্স’ সিনেমার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এর সত্যতা না মিললেও, শাকিবের পারিশ্রমিক যে কোটি টাকার উপরে এটা নিশ্চিত। আর যে কোনো অনুষ্ঠানে তার অংশগ্রহণের পারিশ্রমিকও সর্বোচ্চ।
তারই অংশ হিসেবে গতকাল শুক্রবার নায়ক গিয়েছিলেন রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিয়েছেন! তার মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে ২ লাখ টাকা।
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’
‘আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে’
পঁচিশ বছরে দীর্ঘ ক্যারিয়ারে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। করেছেন অভিনয়ও। কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এক ঘোষণা হৃদয় ভেঙে দেয় শ্রোতা-ভক্তদের; জানান, সংগীত জগত থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, এটাই তার ওভারসিজ ব্যান্ডের সঙ্গে শেষ ট্যুর। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ধরে নেন, গায়ক হয়তো পুরোপুরি সংগীত ছাড়ছেন।
এ নিয়ে সম্প্রতি আবারও প্রশ্নের মুখে পড়েন তাহসান। এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই শিল্পী বলেন, ‘গান থেকে বিরতি নিব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’
তাহসান বলেন, ‘একটা কথার ফলেই অনেক কিছু হয়ে গেছে। আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এগুলো আসলে খেলারই অংশ। কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসেছেন। এটা দোষের কিছু না। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।’
এই শিল্পী জানান, এই প্রথম নয়, বরং ক্যারিয়ারে এর আগেও কয়েকবার বিরতি নিয়েছেন। তবে ২৫ বছরের ক্যারিয়ারে তিনি শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন। তাই কিছুদিন থেমে যাওয়াই এখন প্রয়োজন- এমনটাই মনে করেন গায়ক।
সাম্প্রতিক বিতর্ক নিয়ে তাহসান বলেন, ‘আমাদের এখন খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথায় কী হয়ে যাবে, একটা কথার রিপারকেশন কী হবে, তা আগে থেকে বোঝা যায় না। আমার কথাটা আসলে একটা ইমোশনাল মুহূর্তে বলা, ওটা ভাইরাল হয়ে গেছে; ভাবিনি এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে।’
তিনি আরও জানান, এই বছর হাতে থাকা কয়েকটি কনসার্ট সম্পন্ন করেই আপাতত থামছেন।
মা হলেন ক্যাটরিনা
মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন ভিকি কৌশল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন। পোস্ট দেখে জানা যায় ক্যাটরিনা ও ভিকি কৌশলের ঘরে আলোকিত করে এসেছে পুত্র সন্তান। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।
গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
উপস্থাপনায় ফিরলেন তাহসান খান
জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন মৌসুম নিয়ে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে—শিগগিরই শুরু হচ্ছে এর দ্বিতীয় সিজন, যেখানে আগের মতোই সঞ্চালকের ভূমিকায় থাকছেন গায়ক ও অভিনেতা তাহসান খান।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে। তারা জানান, এই ডিসেম্বরেই শুরু হবে সিজন–২–এর শুটিং। নতুন মৌসুমে থাকবে আরও বেশি হাসি, মজা, আর জমজমাট পারিবারিক প্রতিযোগিতা। এবারের সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।
তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের আবারও একসাথে টেলিভিশনের সামনে বসতে উদ্বুদ্ধ করেছে—যেখানে থাকে মজার সব তর্ক-বিতর্ক, হাসি আর পারস্পরিক বোঝাপড়ার আনন্দ। নতুন সিজনে আরও বড় পরিসরে সারা দেশের নতুন নতুন পরিবারকে যুক্ত করতে, তাদের সঙ্গে হাসতে ও স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–১ ছিল বিশাল সাফল্যমণ্ডিত। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে অনুষ্ঠানটির ভিউ ছাড়িয়ে গেছে ১০০ কোটিরও বেশি, এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শক এতে সম্পৃক্ত ছিলেন। প্রথম সিজনের সব পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে, যাতে দর্শকরা আবারও সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।
সিজন–২–এর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের পরিবারগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, মজা করতে চান, কিংবা মজার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত-তাদের সবার জন্যই এটি এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।
প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার। প্রতিযোগিতার প্রতিটি পর্বে ছিল হাস্যরস, আবেগ, আর পরিবারের সবার মধ্যে মজার সব খুনসুটি। সেই সিজনে মোট ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রথম সিজনে যেমন দর্শকের মন জয় করেছিল, আয়োজকরা আশাবাদী-দ্বিতীয় সিজনও সেই জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য