ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ভাই

অনলাইন ডেস্ক
৩০ জুন, ২০২৫ ১৬:৩৩
অনলাইন ডেস্ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ভাই

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির ভাই আবু সাহেদ রাসেল। শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তিনি। 

জানা গেছে, সম্পর্কে কাজিন হলেও মাহির বাড়িতেই থাকতেন তার ভাই রাসেল। দুর্ঘটনার দুইদিন আগে বন্ধুর বিয়ে খেতে ফেনী গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েন। হাসপাতালে নেওয়ার পরেও তাকে প্রাণে বাঁচানো যায়নি। 

এ ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন সামিরা খান মাহি। সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ওরা আমার ভাইকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।’

এরপর আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই (রাসেল) যে আমাদের সঙ্গে আমাদেরই বাসায় থাকত, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।’

মাহি বলেন, ‘একটি নোহা গাড়ি ২-৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নীচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।’

পরের ঘটনা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই। কারণ ওরা চিন্তা করছিল, কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা—এসব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মুল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।’

প্রশ্ন রেখে মাহি বলেন, ‘আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত—একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসেব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না—এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?

আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব—সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।

এদিকে এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে চান না মাহি। কারণ হিসেবে তিনি বলেন, ‘কোন গাড়ি ধাক্কা দিয়েছে জানি না। পেছনে থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। কোন গাড়ি, কী গাড়ি কিছুই জানা নেই। তাছাড়া গতকাল রোবরাব রাতে সাড়ে নয়টার দিকে দাফন হয়েছে। আইনি পদক্ষেপ নিতে হলে লাশের পোস্টমর্টেম প্রয়োজন হয়। আমরা চাইনি কোনো কাটাছেড়া করা হোক।’ 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী

    বিনোদন ডেস্ক
    ২৯ জুন, ২০২৫ ১৮:৪৯
    বিনোদন ডেস্ক
    চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী

    বেশ কয়েক মাস আগে ভারতের একটি রিয়েলিটি শো-এর জেরে বিতর্কিত হয়ে শিরোনামে এসেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ও অভিনেত্রী অপূর্বা মুখিজা। তবে বেশ আগে থেকেই তিনি পরিচিত ‘দ্য রেবেল কিড’ নামে, ইনস্টাগ্রামে ‘কলেশি অরাত’ নামে সমান জনপ্রিয় তিনি। এখন এই পরিচিতি তাকে বানিয়ে দিয়েছে কোটিপতি।  

    দিল্লীর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম অপূর্বার। পড়াশোনা করেন সেখানেই, কম্পিউটার সায়েন্স থেকে অর্জন করেন ডিগ্রী। স্নাতক উত্তীর্ণ হওয়ার পর চাকরি করেন প্রযুক্তি সংস্থা 'ডেল' এ। অনেকদিন এই চাকরি করে তিনি বুঝতে পারেন, দিনে আট ঘণ্টার ডিউটি তার জন্য নয়।

    ২০১৯ সালে প্রেমে বিচ্ছেদ এবং চাকরি ছাড়ার পরে যখন তিনি প্রথম ইনস্টাগ্রামে আসেন, নিত্যদিনের ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর মধ্য দিয়ে ছোট ছোট কমেডি ভিডিও বানাতে শুরু করলেন। তারপরেই ক্রমে ভাইরাল হয়ে যায় তার কনটেন্ট। তার স্পষ্টভাষী উপস্থাপনা, স্পষ্ট স্ক্রিপ্ট, সমাজ ও সম্পর্ক নিয়ে প্রাপ্তবয়স্কদের প্রতি নির্ভীক দৃষ্টিভঙ্গি তাকে একটি অনুগত অনুরাগীমহল তৈরি করে দেয়।

    কিন্তু অপূর্বা জনপ্রিয়তাতেই কেবল থেমে থাকেননি। নেটফ্লিক্স, অ্যামাজন, মেটা, নাইকি, গুগল, ওয়ানপ্লাসের মত হেভিওয়েট সহ আরও ১৫০টি ব্র্যান্ড পার্টনারশিপের মাধ্যমে অপূর্বা মখিজার রেট কার্ড অনেক প্রভাবশালী ক্রিয়েটরদের কাছে ঈর্ষার বিষয়। প্রতিবেদন অনুসারে তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরির জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এবং প্রতি রিলে প্রায় ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। তার ইনস্টাগ্রাম-ইউটিবে স্টোরি, রিলস- সব মিলিয়ে রয়েছে বহু ভিডিও। 

    তার মোট সম্পদের পরিমাণ যদিও অনিশ্চিত, তবে সূত্র অনুসারে জানা যাচ্ছে বর্তমানে তিনি ১ কোটি টাকার সম্পদের মালিক। তবে এটি নিশ্চিত যে তার প্রতিটি ব্র্যান্ড ডিলের থেকেই বেশিরভাগ আয় উপার্জন হয় আর টাকা আসে স্পনসরড কনটেন্টের থেকে।

    অপূর্বা একজন অভিনেত্রীও। ২০২৩ সালে ওয়েব সিরিজ 'হু ইজ ইয়োর গাইন্যাক' এবং এরপরে ২০২৫ সালে 'পক্কি বাত' সিরিজে তাকে প্রথম অভিনয় করতে দেখা যায়। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চিত্রনায়ক নাঈমের সকল দাবি মেনে নিল ঢাবি

      অনলাইন ডেস্ক
      ২৬ জুন, ২০২৫ ১৯:১৩
      অনলাইন ডেস্ক
      চিত্রনায়ক নাঈমের সকল দাবি মেনে নিল ঢাবি

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন নবাব পরিবারের বংশধর ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।

      গত ২৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন নাঈম। তিনি বলেন, ‘৭ জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সলিমুল্লাহ মুসলিম হলে ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন করে। নবাব সলিমুল্লাহর বংশধরের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং তার অবদানের স্বীকৃতির জন্য কিছু দাবি পেশ করি। এই দাবিগুলো শুধু আমাদের নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও; যা কর্তৃপক্ষ আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এতো সুন্দর আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হলের ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

      নাঈমের দাবিগুলোর মূল প্রতিপাদ্য ছিল—ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের উচ্চশিক্ষা ও মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহর অবদানের যথাযথ স্বীকৃতি ও স্মরণ নিশ্চিত করা। তিনি জানান, এসব দাবিকে আন্তরিকভাবে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

      তিনি আয়োজনে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হলের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

      উল্লেখ্য, নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেন এবং ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ভূমিকা রাখেন। এমনকি ১৯২০ সালে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট’ পাশ করাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

      মন্তব্য

      মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ এর সেই অভিনেতা!

      বিনোদন ডেস্ক
      ২২ জুন, ২০২৫ ১৪:১৫
      বিনোদন ডেস্ক
      মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ এর সেই অভিনেতা!

      মারা গেছেন মার্কিন তারকা অভিনেতা জ্যাক বেটস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এই দুঃসংবাদে রীতিমতো শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন জগতে।

      চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। কারণ, ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস।

      স্যাম রাইমির 'স্পাইডার ম্যান' চলচ্চিত্রে প্রয়াত অভিনেতা জ্যাক বেটস

      জ্যাকের মৃত্যুতে আফসোসও করছেন অনেকে। কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান।

      ১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। মিয়ামিতে বেড়ে ওঠা এই অভিনেতা নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার আগে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন।

      বেটস বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো অসংখ্য ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘ছোটখাটো কারণে এখন ডিভোর্স হয়, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়’

        বিনোদন ডেস্ক
        ১৫ জুন, ২০২৫ ১৯:৪৪
        বিনোদন ডেস্ক
        ‘ছোটখাটো কারণে এখন ডিভোর্স হয়, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়’

        ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে— এমনই মন্তব্য করলেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে ডিভোর্স ও আর্থিক বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন জনপ্রিয় এই অভিনেতা। 

        সালমানের এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

        ভাইরাল হওয়া ওই ক্লিপে সালমান খানকে বলতে শোনা যায়, ‘আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার একটা মানসিকতা ছিল। এখন রাতে গায়ের ওপর পা রাখা বা নাক ডাকার মতো ছোট বিষয়েও ডিভোর্স হয়ে যায়। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে যায়।’

        সালমানের এই মন্তব্য শুনে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। তবে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ সালমানের কথায় সমর্থন জানালেও, অনেকেই এটিকে 'পুরুষতান্ত্রিক' দৃষ্টিভঙ্গি বলে আখ্যা দিয়েছেন।

        প্রসঙ্গত, সালমান খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। মুক্তির পর কিছুটা সাড়া ফেললেও বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি ছবিটি; কোনো মতে ১০০ কোটির গণ্ডি পার করলেও সেটিকে ফ্লপ বলেই ধরা হচ্ছে।

        এদিকে শিগগিরই নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। পরিচালক অপূর্ব লঙ্কার পরিচালনায় আসছে সালমান খানের পরবর্তী ছবি, যার গল্প গড়ে উঠেছে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। 

        ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বই অবলম্বনে নির্মিত এ ছবিতে ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে।

        সূত্র: দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত