ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ এর সেই অভিনেতা!

বিনোদন ডেস্ক
২২ জুন, ২০২৫ ১৪:১৫
বিনোদন ডেস্ক
মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ এর সেই অভিনেতা!

মারা গেছেন মার্কিন তারকা অভিনেতা জ্যাক বেটস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এই দুঃসংবাদে রীতিমতো শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন জগতে।

চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। কারণ, ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস।

স্যাম রাইমির 'স্পাইডার ম্যান' চলচ্চিত্রে প্রয়াত অভিনেতা জ্যাক বেটস

জ্যাকের মৃত্যুতে আফসোসও করছেন অনেকে। কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান।

১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। মিয়ামিতে বেড়ে ওঠা এই অভিনেতা নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার আগে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন।

বেটস বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো অসংখ্য ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ‘ছোটখাটো কারণে এখন ডিভোর্স হয়, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়’

    বিনোদন ডেস্ক
    ১৫ জুন, ২০২৫ ১৯:৪৪
    বিনোদন ডেস্ক
    ‘ছোটখাটো কারণে এখন ডিভোর্স হয়, তারপর মেয়েরা টাকা নিয়ে চলে যায়’

    ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে— এমনই মন্তব্য করলেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অংশ নিয়ে ডিভোর্স ও আর্থিক বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন জনপ্রিয় এই অভিনেতা। 

    সালমানের এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

    ভাইরাল হওয়া ওই ক্লিপে সালমান খানকে বলতে শোনা যায়, ‘আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার একটা মানসিকতা ছিল। এখন রাতে গায়ের ওপর পা রাখা বা নাক ডাকার মতো ছোট বিষয়েও ডিভোর্স হয়ে যায়। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে যায়।’

    সালমানের এই মন্তব্য শুনে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। তবে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ সালমানের কথায় সমর্থন জানালেও, অনেকেই এটিকে 'পুরুষতান্ত্রিক' দৃষ্টিভঙ্গি বলে আখ্যা দিয়েছেন।

    প্রসঙ্গত, সালমান খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। মুক্তির পর কিছুটা সাড়া ফেললেও বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি ছবিটি; কোনো মতে ১০০ কোটির গণ্ডি পার করলেও সেটিকে ফ্লপ বলেই ধরা হচ্ছে।

    এদিকে শিগগিরই নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। পরিচালক অপূর্ব লঙ্কার পরিচালনায় আসছে সালমান খানের পরবর্তী ছবি, যার গল্প গড়ে উঠেছে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। 

    ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বই অবলম্বনে নির্মিত এ ছবিতে ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে।

    সূত্র: দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫? যা জানা গেল

      বিনোদন ডেস্ক
      ২ জুন, ২০২৫ ১৩:২৮
      বিনোদন ডেস্ক
      কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫? যা জানা গেল

      দর্শকমহলে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আসন্ন কোরবানির ঈদের রাত থেকেই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির পর্বগুলো।

      নতুন সিজন প্রসঙ্গে রোববার বিকেলে গুলশানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে হাজির হচ্ছেন।

      অমি বলেন, ‘এর আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’

      অমি ছাড়াও সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে।

      জানা গেছে, ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

      আবার যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই, তারা ইউটিউব ও টিভিতে সাপ্তাহিকভাবে ফ্রি দেখতে পারবেন—প্রতিমাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় বুম ফিল্মস ইউটিউবে প্রথম এপিসোড, ৯টা ৩০টায় চ্যানেল আইতে সম্প্রচার। পরদিন শুক্রবার একই নিয়মে চলবে দ্বিতীয় এপিসোড।

      মন্তব্য

      জিয়ার চরিত্রে অভিনয় করতে চান শুভ

      বিনোদন ডেস্ক
      ২৯ মে, ২০২৫ ১৮:২৪
      বিনোদন ডেস্ক
      জিয়ার চরিত্রে অভিনয় করতে চান শুভ

      বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। ৫ আগস্ট পর থেকে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এবার কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’। এই সিনেমার মাধ্যমে শুভ আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

      ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।

      আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে শুভ একটি গণমাধ্যমকে বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।”

      নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে শুভ বলেন, “মুজিব সিনেমা করার পর গুঞ্জন উঠেছিল আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? আমি কখনো রাজনীতিতে জড়াব না, এটি আমার সচেতন ও ব্যক্তিগত সিদ্ধান্ত।”

      ‘নীলচক্র’ সিনেমার পোস্টারে শুভকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ

        বিনোদন ডেক্স
        ২৯ মে, ২০২৫ ১১:৩৭
        বিনোদন ডেক্স
        কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ

        বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ (২৯ মে)। বেঁচে থাকলে এদিন ৭৪ বছরে পা রাখতেন তিনি। 

        মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।

        আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন হুমায়ুন ফরীদি। পরবর্তীতে বাংলা সিনেমার জগতে এক অধ্যায় হয়ে ওঠেন তিনি। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র।

         ‘মাতৃত্ব’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরীদি। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন।

        ১৯৫২ সালের ২৯ মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এ টি এম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

        ১৯৬৫ সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শুরু হুমায়ুন ফরীদির। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরীদি বিশ্ববিদ্যালয় জীবনে জড়িয়ে পড়েন নাট্যাঙ্গনের সঙ্গে।

        ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দীনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। আর হুমায়ুন ফরীদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে ফরীদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘আত্মস্থ ও হিরন্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক। ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল।

        হুমায়ুন ফরীদির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আনন্দ অশ্রু’, ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘টাকার অহংকার’, ‘অধিকার চাই’, ‘সন্ত্রাস’, ‘দহন’, ‘লড়াকু’, ‘দিনমজুর’, ‘বীর পুরুষ’, ‘বিশ্ব প্রেমিক’, ‘আজকের হিটলার’, ‘দুর্জয়’, ‘শাসন’সহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে।

        এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘কোথাও কেউ নেই’, ‘নিখোঁজ সংবাদ’, ‘হঠাৎ একদিন’, ‘পাথর সময়’, ‘সংশপ্তক’, ‘সমূদ্রে গাংচিল’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘নীল নকশাল সন্ধানে’, ‘দূরবীন দিয়ে দেখুন’, ‘ভাঙনের শব্দ শুনি’।

        ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরীদি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০। হুমায়ুন ফরীদির প্রয়াণে যে শূণ্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে, সেটা অপূরণীয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত