ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৫ ১৭:২৭
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ২ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া টেন্ডার তৈরি ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি।

একই মামলায় আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে।

রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২২ জুলাই, ২০২৫ ১৫:১২
    ক্যাম্পাস প্রতিনিধি
    নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ জুলাই) নোয়াখালী জেলা দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

    দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান এর নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম এবং কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা ও সংগ্রহ করেন।

    দুদক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহযোগী অধ্যাপক পদে ড. মো. শফিউল্লাহ নামে একজনকে নিয়োগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এসেছেন। ২০২৫ সালের ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৬তম রিজেন্ট বোর্ড সভায় তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ড. শফিউল্লাহ ১৯৯৮ সালে দাখিল, ২০০১ সালে আলিম পাশ করেন। ২০০৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এলএল.বি (অনার্স) (সিজিপিএ ৩.২৮) এবং ২০০৯ সালে এলএল.এম (সিজিপিএ ৩.৫৮) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে আইনে এম.এস.এস (সিজিপিএ ৩.৫৮) ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৪ বছর ৫ মাস ১৫ দিনের শিক্ষকতা করার অভিজ্ঞতা সহ সিনিয়র লেকচারার এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

    সদ্য নিয়োগপ্রাপ্ত আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল্লাহ'র নিয়োগের বিষয়ে আনীত অভিযোগে রয়েছে সিনিয়র লেকচারারকে সহকারী অধ্যাপক হিসেবে গণ্য করে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া । এছাড়াও ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

    অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, “নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে, প্রয়োজনে পরবর্তীতে আরও ব্যবস্থা নেওয়া হবে।”

    এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, যথাযথ নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা একাডেমিক এক্সিলেন্সসহ অন্যান্য ক্রাইটেরিয়ার যাচাই করে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনেই এ নিয়োগ দেয়া হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এনবিআরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৬ নেতার দুর্নীতি অনুসন্ধানে দুদক

      অনলাইন ডেস্ক
      ২৯ জুন, ২০২৫ ১৮:৩১
      অনলাইন ডেস্ক
      এনবিআরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৬ নেতার দুর্নীতি অনুসন্ধানে দুদক

      জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

      রবিবার (২৯ জুন) বিকেলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

      তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। 

      যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, এনবিআর সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮ মির্জা আশিক রানা; বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান; যুগ্ম কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু।

      সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘এনবিআরের কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে, তাদের (করদাতা) করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করেন বলে জানা যায়।

      দুদক কারও হাতিয়ার হয়ে কাজ করছে না জানিয়ে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করেই অনুসন্ধান শুরু হয়েছে।

      দুদক কর্মকর্তারা বলছেন, অনেক করদাতা আগাম কর দেন। আবার কেউ কেউ বেশি কর দেন। নিয়ম হচ্ছে এই কর হিসাব-নিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয়। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়, করের বাড়তি টাকা ফেরত পেতে আরো অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয়।

      অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা টাকা। একইভাবে বিগত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

        অনলাইন ডেস্ক
        ২৩ জুন, ২০২৫ ১৭:১৭
        অনলাইন ডেস্ক
        সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

        অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

        সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

        এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

        আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার (২২ জুন) মামলা করেছে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রফেসর কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

          অনলাইন ডেস্ক
          ১৮ জুন, ২০২৫ ১৮:৪১
          অনলাইন ডেস্ক
          প্রফেসর কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

          নকশা পরিবর্তন, অর্থ আত্মসাৎ, ঠিকাদারকে অগ্রিম বিল প্রদানসহ নানা অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

          বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

          মামলার আসামিরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আ. সালাম বাচ্চু ও ঠিকাদার এম এম হাবিবুর রহমান।
           
          দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, পরস্পর যোগসাজশ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, ৩০ কোটি টাকা মূল্যের ঊর্ধ্বের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ব্যতিরেকে সম্পাদন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখা এবং সেই এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টর হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ, ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনও সংস্থান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহযোগিতার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা এবং অগ্রিম প্রদানকৃত বিল সমন্বয়ের পূর্বেই অগ্রিম বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিসমূহ অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত ড্রইং/ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধিবর্হিভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রদান, অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর ২০০৮-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন সম্পন্ন না করার অভিযোগ রয়েছে।

          যা দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ও দণ্ডবিধির ৪০৯, ১০৯ ধারায় ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত