ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক
২৫ মার্চ, ২০২৬ ১৯:৫৬
অনলাইন ডেস্ক
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। 

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থলে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা।

স্থানীয় কলেজ ছাত্র বেনজির হোসেন বলেন, বাসটি উল্টে যাওয়ার সময় ৪০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।

এদিকে, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আকোটের চরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

    ক্রীড়া ডেস্ক
    ২৫ মার্চ, ২০২৬ ১৯:৫২
    ক্রীড়া ডেস্ক
    আকোটের চরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

    আকোটের চর ভাঙা ব্রিজ সংলগ্ন শাহাদাত বেপারী মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। 

    টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট আটটি দল সেখান থেকে দুটি দল ফাইনালে প্রতিযোগিতা করেছে। 

    ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে সে দুটি দল হচ্ছে দোয়েল এক্সপ্রেস ও ভাই ভাই ক্রিকেট ক্লাব। ফাইনালে ভাই ভাই ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

    টুর্নামেন্টের মূল আয়োজক এডভোকেট রাসেল মাহমুদ রিয়ান জানান - আমরা প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা রাখতে চাই সে সে ক্ষেত্রে সকলের সম্মিলিত ঐক্যের মাধ্যমে এই যাত্রা সম্ভব। তিনি আরো জানান মাদক ও মোবাইল আসক্তি আমাদের যুব সমাজকে যেভাবে গ্রাস করছে সেখানে ক্রীড়া ছাড়া মুক্তি সম্ভব নয়।

    এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকোটের চরের সর্বস্তরের জনগণ ও গুনীজনরা। সকলে এই ক্রীড়া অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল

      অনলাইন ডেস্ক
      ১৮ মার্চ, ২০২৬ ৮:৪০
      অনলাইন ডেস্ক
      ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল

      মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই যাত্রীঢল লঞ্চ টার্মিনালে। ভোর ৬টার প্রথম লঞ্চে যেনো নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। অনেকে সেখানেই খান সেহরি।

      বরিশাল রুটের লঞ্চগুলো বিকেলের দিকে থাকলেও, চাঁদপুর রুটের নৌযানগুলো ভোর থেকেই চলাচল করে। ঈদ উপলক্ষ্যে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন।

      যাত্রীরা জানান, উৎসবের কারণেই বাড়তি ভিড়। কষ্ট হলেও প্রিয়জনের কাছে পৌঁছাতে পারলেই স্বস্তি। প্রায় প্রতিটি লঞ্চের কেবিনই পরিপূর্ণ। চাপ সামাল দিতে ব্যস্ত পরিবহন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী আইনশৃঙ্খলা বাহিনীও। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        যেসব এলাকায় হতে পারে টানা দুই দিন বৃষ্টি

        অনলাইন ডেস্ক
        ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪১
        অনলাইন ডেস্ক
        যেসব এলাকায় হতে পারে টানা দুই দিন বৃষ্টি
        কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বসন্তের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে পারে।

         
        গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

         
        পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, 

         
        ‘আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।’

         
        তিনি আরও লিখেছেন, ‘বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।’

         
        সবশেষ গোটা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১

          অনলাইন ডেস্ক
          ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪
          অনলাইন ডেস্ক
          ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১
          ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

           
          বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

           
          ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত করা হচ্ছিল। এসময় মাওয়াগামী দ্রুতগতির অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

           
          খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকা পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

           
          হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ পরিক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন।

           
          নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।

           
          দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামের আবদুল আজিজের ছেলে মো. ইমরান মন্ডল (২৪)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

           
          শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত