ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

অনলাইন ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬ ৮:৩৪
অনলাইন ডেস্ক
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে।

লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

এনআই/বিআরইউ

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

    অনলাইন ডেস্ক
    ৯ এপ্রিল, ২০২৬ ৯:২১
    অনলাইন ডেস্ক
    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

    বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। আর জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়েছিল। উপনির্বাচনে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এ ছাড়া নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।

    সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছেন।

    সকাল সাড়ে ৮টার দিকে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি দাস বলেন, এ কেন্দ্রে মোট চার হাজার ৭৮১ ভোটার রয়েছেন। ৯টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

    শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। দুই উপজেলায় আছে ১২৮টি ভোটকেন্দ্র।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

      অনলাইন ডেস্ক
      ২৫ মার্চ, ২০২৬ ১৯:৫৬
      অনলাইন ডেস্ক
      দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

      রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। 

      বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থলে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা।

      স্থানীয় কলেজ ছাত্র বেনজির হোসেন বলেন, বাসটি উল্টে যাওয়ার সময় ৪০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

      প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।

      এদিকে, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আকোটের চরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

        ক্রীড়া ডেস্ক
        ২৫ মার্চ, ২০২৬ ১৯:৫২
        ক্রীড়া ডেস্ক
        আকোটের চরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

        আকোটের চর ভাঙা ব্রিজ সংলগ্ন শাহাদাত বেপারী মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। 

        টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট আটটি দল সেখান থেকে দুটি দল ফাইনালে প্রতিযোগিতা করেছে। 

        ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে সে দুটি দল হচ্ছে দোয়েল এক্সপ্রেস ও ভাই ভাই ক্রিকেট ক্লাব। ফাইনালে ভাই ভাই ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

        টুর্নামেন্টের মূল আয়োজক এডভোকেট রাসেল মাহমুদ রিয়ান জানান - আমরা প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা রাখতে চাই সে সে ক্ষেত্রে সকলের সম্মিলিত ঐক্যের মাধ্যমে এই যাত্রা সম্ভব। তিনি আরো জানান মাদক ও মোবাইল আসক্তি আমাদের যুব সমাজকে যেভাবে গ্রাস করছে সেখানে ক্রীড়া ছাড়া মুক্তি সম্ভব নয়।

        এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকোটের চরের সর্বস্তরের জনগণ ও গুনীজনরা। সকলে এই ক্রীড়া অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল

          অনলাইন ডেস্ক
          ১৮ মার্চ, ২০২৬ ৮:৪০
          অনলাইন ডেস্ক
          ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল

          মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই যাত্রীঢল লঞ্চ টার্মিনালে। ভোর ৬টার প্রথম লঞ্চে যেনো নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। অনেকে সেখানেই খান সেহরি।

          বরিশাল রুটের লঞ্চগুলো বিকেলের দিকে থাকলেও, চাঁদপুর রুটের নৌযানগুলো ভোর থেকেই চলাচল করে। ঈদ উপলক্ষ্যে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন।

          যাত্রীরা জানান, উৎসবের কারণেই বাড়তি ভিড়। কষ্ট হলেও প্রিয়জনের কাছে পৌঁছাতে পারলেই স্বস্তি। প্রায় প্রতিটি লঞ্চের কেবিনই পরিপূর্ণ। চাপ সামাল দিতে ব্যস্ত পরিবহন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী আইনশৃঙ্খলা বাহিনীও। 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত