শিরোনাম
অপতথ্য প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক সচেতনতা গড়ে তুলছে তরুণরা
ইউথ কানেক্ট মিসইনফরমেশন রেজিল্যান্স কমিউনিটি প্রজেক্ট অপতথ্য ও গুজব প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা তৈরিতে তরুণদের সম্পৃক্ত করে একটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট (ক্যাপ) অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এবং সেন্টার ফর কোয়ালিটি স্টাডিজ, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ইপসার মুরাদপুর ইউনিয়ন শাখায় আয়োজিত এ ক্যাপে অংশগ্রহণ করেন রেডিও সাগরগিরি ভলান্টিয়ার টিম ও ইপসার কিশোরী ক্লাবের সদস্যরা।
ক্যাপের মেন্টর ও প্রজেক্ট ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সভাপতি দিলরুবা আকতার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুটি টিমের লিডার ফারিয়া আফরোজ ও আকিয়া জাহান। দুইটি টিমে ১৫ জন করে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এ কার্যক্রমে অংশ নেন, যারা প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সহযোগী কার্যক্রমেও যুক্ত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভলান্টিয়ার ও কিশোরী সদস্যদের বিশেষভাবে মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘কোস্টাল ট্রুথ কানেক্ট’ ও ‘হার হেলথ, হার ট্রুথ’ কার্যক্রমের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুল তথ্য, গুজব ও অপতথ্য শনাক্ত ও যাচাইয়ের কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি এসব বিষয়ে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে টিম লিডার ফারিয়া আফরোজ বলেন, হার হেলথ, হার ট্রুথ’ কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও সামাজিক বিষয়ক ভুল তথ্য সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এই ক্যাপের মাধ্যমে কিশোরীরা জানতে পেরেছে কোন তথ্য বিশ্বাসযোগ্য এবং কোনটি নয়। এতে তারা যেমন নিজেরা সচেতন হবে, তেমনি অন্যদেরও সচেতন করতে পারবে।
অপরদিকে টিম লিডার ফারিয়া আফরোজ বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সত্যতা যাচাই না করেই অনেকেই বিশ্বাস করে ফেলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফ্যাক্ট-চেকিংয়ের মৌলিক কৌশল শিখেছে, যা তারা নিজেদের কমিউনিটিতে প্রয়োগ করতে পারবে। তরুণরাই পারে অপতথ্যের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুইটি সেশনে বিভক্ত এ প্রশিক্ষণ কার্যক্রম বিকাল ৪টায় শেষ হয়।
এ প্রসঙ্গে বিভাগের সভাপতি দিলরুবা আকতার বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে সচেতন ও দায়িত্বশীল মিডিয়া ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের বিস্তারের প্রেক্ষাপটে ফ্যাক্ট-চেকিং সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।
বোয়ালমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অন্তত ৭ জন আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গ্রামীণফোন টাওয়ারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পরপরই আশপাশের দোকানদার, পথচারী ও এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। তারা আহতদের বাস থেকে বের করে প্রাথমিকভাবে স্থানীয়ভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন এবং পরে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আশঙ্কাজনক আহত ব্যক্তিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজও শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের গণমিছিল ও পথসভা
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে বিশাল গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় ছয় সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
গণমিছিল শেষে মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোন রেকর্ড নেই, তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়া কে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নের ভূমিকা রাখবেন অঙ্গীকার করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস), উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মোঃ মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলাম সহ অত্র উপজেলার ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে আটক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি
বরিশালের বানারীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাসির উদ্দিন(৫২) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ২৫ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ : ৩০ মিনিটের সময় বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে মোঃ নাসির উদ্দীনকে আটক করে।
প্রসঙ্গত নাসির উদ্দিনকে বরিশাল এর বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের ও ১০০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামি ছিলো।গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন
যশোর-৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাতপাখা প্রতীকের গাজী সহিদুল ইসলামের নির্বাচনী কার্যক্রম জোরদার করতে কেশবপুর উপজেলার ৭ নম্বর পাজিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে পাজিয়া ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির জন্য নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ মুরাদ খান, আয়ুব মিয়া, শামীম, মোঃ আব্দুল হামিদসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কেশবপুরে হাতপাখা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। জনগণের নৈতিক ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র বিকল্প শক্তি।
উদ্বোধন শেষে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান। নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক ফলাফল অর্জন করবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য