ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জেলা প্রতিনিধি
৪ জুন, ২০২৫ ১৮:৪৫
জেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী পরিবারের সদস্য ও সুবর্ণচর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্টি অপারেটর আব্দুল কাইয়ুম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আমার বড় ভাই সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়ির বিল্ডিংয়ের দরজার লক ভেঙ্গে ৮-১০ জন মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দেয়। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    দিনাজপুরে ধানক্ষেত থেকে ভুয়া দুদক চেয়ারম্যান গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক
    ৪ জুন, ২০২৫ ১৭:২৩
    নিজস্ব প্রতিবেদক
    দিনাজপুরে ধানক্ষেত থেকে ভুয়া দুদক চেয়ারম্যান গ্রেফতার

    দিনাজপুরের একটি ধানখেত থেকে দুদক চেয়ারম্যান পরিচয় দেওয়া রেজোয়ানুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বুধবার (৪ জুন) সকালে র‍্যাব-১৩ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। 

    এর আগে গত ১২ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে তাকে ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছিল।

    এক সংবাদ বিবৃতিতে দুদক জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে রেজোয়ানুল হক নামের এক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। তার সন্ধান পেলে দুদক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করে সংস্থাটি। রেজোয়ানুল হকের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তার নেতৃত্বে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। চক্রটি দুদক চেয়ারম্যান ও কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে। ওই চক্রের সদস্যরা সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে জানিয়েছিল দুদক। 

    সংস্থাটি আরও জানায়, প্রতারণার মামলায় তাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল; কিন্তু জামিনে বের হয়ে আবারও প্রতারণা করছেন রেজোয়ানুল।

    মন্তব্য

    নোয়াখালীতে ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা নাগরিক আটক

    জেলা প্রতিনিধি
    ৪ জুন, ২০২৫ ১৬:২০
    জেলা প্রতিনিধি
    নোয়াখালীতে ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা নাগরিক আটক

    নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটার হতে আসা এক দালালসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

    আটকরা হলেন, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২২নম্বর ক্যাম্পের ৩৯৫ রুমের আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) ও সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওর কোট গ্রামের স্বর্ণকার বাড়ির মৃত শফিকুল্লার ছেলে মো.বেলায়েত হোসেন (৪৩।

    মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে এ ঘটনা ঘটে।  

    স্থানীয়রা জানায়, চট্টগ্রামের বসবাসরত সোনাইমুড়ীর বাসিন্দা রাজু দালালের মাধ্যমে রোহিঙ্গা যুবক নুরুল আমিন স্থানীয় ইউনিয়নের জন্মসনদ তৈরী করে নেন। এরপর মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক নুরুল আমিন সোনাইমুড়ীতে আসেন। এরপর বিকেল ৩টার দিকে ভোটার হওয়ার উদ্দেশ্যে উপজেলা নির্বাচন অফিসে যান। ওই সময় রাজু দালালের চাচা বেলায়েত হোসেন রোহিঙ্গা যুবকের ভোটার হওয়ার সকল কাগজপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে আসেন। পরে সেখানে রোহিঙ্গা যুবককে ভোটার হওয়ার জন্য ছবি তোলার চেষ্টা করেন। নির্বাচন অফিসে তাদের কথাবার্তায় গরমিল পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রোহিঙ্গা যুবক জানান রাজু দালালের মাধ্যমে তিনি ভোটর হতে এসছেন। রাজু দালাল দুপুর ২টার দিকে তাকে তার কাকা দালাল বেলায়েতের হাতে তুলে দেন।  ঘটনার পর থেকে গা ঢাকা দেয় দালাল মো.রাজু (৩৮)।   

    বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আলী হোসেন। তিনি বলেন,তাদের আচরণ, তথ্য ও কথা বলায় গরমিল পেলে সন্দেহ হয়। একপর্যায়ে তাদের কাগজপত্রের বিষয়ে চ্যালেঞ্জ করা হলে তারা ধরা পড়েন। আটক দুইজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।  

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন,বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
     

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    অতিরিক্ত বাস ভাড়া আদায়, আব্দুল্লাহপুরে গ্রেফতার ২

    অনলাইন ডেস্ক
    ৪ জুন, ২০২৫ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    অতিরিক্ত বাস ভাড়া আদায়, আব্দুল্লাহপুরে গ্রেফতার ২

    রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

    মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতার হলেন– আমিরুজ্জামান লিমন (৩২) ও বোরহান উদ্দিন (৩০)।

    সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

    আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।

    মন্তব্য

    ২শ সিলিন্ডারসহ উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ

    অনলাইন ডেস্ক
    ৪ জুন, ২০২৫ ১২:৫৮
    অনলাইন ডেস্ক
    ২শ সিলিন্ডারসহ উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

     বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন, ভয়ানক শব্দ ও ধোঁয়ার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল।

    জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহর বাইপাসের বিরাসার এলাকায় বড় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

    সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে। কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আগুন ধরে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের ঘুমন্ত মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

    ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সম্ভবত প্রাইভেটকারের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা পরে ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা সব সিলিন্ডারই বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়।

    অটোরিকশাচালক মাহাবুব রহমান সাকিব বলেন, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। এত বড় গর্তে না পড়লে এমন দুর্ঘটনা হতো না।

    ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, “দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চলেছে। কেউ হতাহত না হলেও সড়কে বিশাল যানজট তৈরি হয়েছিল।”

    ঘটনার পর শহরের ভেতর দিয়ে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত