ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

কী কারণে গ্রিনল্যান্ডের দখল আবশ্যক, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৬ ২০:৫৫
অনলাইন ডেস্ক
কী কারণে গ্রিনল্যান্ডের দখল আবশ্যক, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এ বিষয়ে গ্রিনল্যান্ডের জনগণের মতামতকে তিনি অগ্রাধিকারযোগ্য বলে মনে করেন না।
হোয়াইট হাউসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার জ্বালানি ইস্যুতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের হাতে না থাকে, তাহলে সেখানে চীন অথবা রাশিয়া প্রভাব বিস্তার করতে পারে। তাঁর ভাষায়, প্রতিবেশী হিসেবে এই দুই দেশকে যুক্তরাষ্ট্র চায় না।
 

তিনি আরও দাবি করেন, ১৯৫১ সালের চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও কেবল চুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত হয় না। নিরাপত্তা বজায় রাখতে হলে মালিকানা ও নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র তা না করলে অন্য শক্তিধর দেশ সেই দায়িত্ব নেবে বলেও মন্তব্য করেন তিনি।
 

গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যার আয়তন প্রায় ২১ লাখ বর্গকিলোমিটারের বেশি। তবে দ্বীপটির জনসংখ্যা খুবই কম—মাত্র প্রায় ৫৭ হাজার। বাসিন্দাদের বড় অংশই ইনুইট জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কাছাকাছি হলেও গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এর জনগণ ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে গণ্য।
 

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ এই অবস্থানের বিরোধিতা করে আসছে।
এদিকে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    থালাপতি বিজয়কে তলব করল সিবিআই

    অনলাইন ডেস্ক
    ৭ জানুয়ারি, ২০২৬ ১৮:১৮
    অনলাইন ডেস্ক
    থালাপতি বিজয়কে তলব করল সিবিআই

    দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর নতুন রাজনৈতিক দল- তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর তামিলনাড়ুর কারুরে অভিনেতার জনসভায় পদদলিত হয়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

    গত বছরের ২৭ সেপ্টেম্বর কারুর-ইরোড হাইওয়ের ভেলুসামিপুরমে বিজয়ের একটি বিশাল জনসভা আয়োজিত হয়। সেদিন দুপুর ১২টায় সমাবেশ স্থলে পৌঁছানোর কথা থাকলেও অভিনেতা সন্ধ্যা ৭টার দিকে সভাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় অপেক্ষার ফলে ১০ হাজার ধারণক্ষমতার সেই মাঠে প্রায় ৩০ হাজার মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তা বিধি লঙ্ঘন করে সামনে এগোতে থাকলে পদপিষ্টের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ৪১ জন প্রাণ হারায় এবং অন্তত ৬০ জন আহত হন।

    পদদলিত হয়ে মৃত্যুর দায় ওঠে বিজয়ের কাঁধে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং এন.ভি. আনজারিয়ার দ্বৈত বেঞ্চ সিবিআইকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে একটি তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটিও গঠন করা হয়েছে।

    এ ঘটনার পর বিজয়ের দল টিভিকে-এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। বিজয় নিজেই এক ভিডিও বার্তায় শোকসন্তপ্ত পরিবারগুলো পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

    এদিকে অভিনেতার নতুন সিনেমা ‘জন নায়গন’ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। নির্মাতার দাবি, ১৮ ডিসেম্বর সিনেমাটি জমা দেওয়া হলেও বোর্ড বিভিন্ন সংশোধনী চেয়েছে। সময়মতো সেন্সর বোর্ডের সার্টিফিকেট না পাওয়ায় থিয়েটারে অগ্রিম টিকিট বুকিং শুরু করা যাচ্ছে না।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

      অনলাইন ডেস্ক
      ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:৪৯
      অনলাইন ডেস্ক
      বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

      যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ।

      সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে।

      ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে। এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে।

      যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে থাকেন, তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে।

      এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

        অনলাইন ডেস্ক
        ৫ জানুয়ারি, ২০২৬ ২০:১
        অনলাইন ডেস্ক
        ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

        ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নিয়ে আসা হয়েছে।

        আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পাঠ করা হবে।

        বিবিসি জানিয়েছে, ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট, যারা তাদের নিরাপত্তা দিচ্ছিলেন।

        বিবিসি জানায়, মাদুরো ও তার স্ত্রীর পরনে ছিল কারাগারের পোশাক। এ সময় মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

        এর আগে ভেনেজুয়েলা সময় শনিবার ভোরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বিশেষ অভিযান চালিয়ে আটক করে মার্কিন বাহিনী।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মাদুরোকে আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে

          আন্তর্জাতিক ডেস্ক
          ৫ জানুয়ারি, ২০২৬ ১৮:১৯
          আন্তর্জাতিক ডেস্ক
          মাদুরোকে আজ নিউইয়র্ক আদালতে তোলা হবে

          যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

          মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।

          স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার।

          প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

          ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

          মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে।

          রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

          এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুশিঁয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

          দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

          প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায়, ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত