ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫ ৯:৪৬
অনলাইন ডেস্ক
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ খবর জানিয়েছে আল জাজিরা।

রাষ্ট্রীয় লেবানন নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার শরণার্থী শিবিরের এক মসজিদের পার্কিংয়ে ড্রোন হামলা চালানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে আঘাত করেছে, যারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অ্যাভিচে আদ্রাঈ একটি বিবৃতিতে বলেন, ‘আমরা উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি মেনে নেব না। যে কোনো সশস্ত্র গোষ্ঠী সেখানে সক্রিয় থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। লেবাননে হামাসের ঘাঁটি গড়ে ওঠা ঠেকাতে এবং যারা আমাদের নিরাপত্তাকে হুমকি দেয় তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে অভিযান চালিয়ে যাব।’

হামাস এই দাবিকে অস্বীকার করে এটিকে “মনগড়া” বলে উল্লেখ করেছে এবং বলেছে, তাদের লেবাননের শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মামদানি ৯৭ শতাংশ মুসলিম ভোটারের সমর্থন পেয়েছেন

    অনলাইন ডেস্ক
    ১২ নভেম্বর, ২০২৫ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    মামদানি ৯৭ শতাংশ মুসলিম ভোটারের সমর্থন পেয়েছেন

    যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি বাড়তে থাকা ক্ষোভের মধ্যেই এই প্রবণতা দেখা গেছে বলে একটি নতুন বুথফেরত জরিপের তথ্য থেকে জানা গেছে।

    সোমবার মার্কিন সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর)’ জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে। জরিপে দেখা গেছে, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে মুসলিম ভোটারদের ৯৭ শতাংশ সমর্থন দিয়েছেন। এ ছাড়া ভার্জিনিয়ার ডেমোক্রেটিক মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে মুসলিম ভোটের ৯৫ শতাংশ পেয়েছেন। মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীদেরই নয়, বরং তুলনামূলকভাবে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থি অমুসলিম প্রার্থীদেরও ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন।

    গভর্নর নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির দুই নারী কংগ্রেস সদস্য ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউজার্সির মিকি শেরিল মুসলিম ভোটারদের প্রায় ৮৫ শতাংশের সমর্থন পেয়েছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে অনুকূল নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করা ‘প্রস্তাব ৫০’ মুসলিম ভোটারদের ৯০ শতাংশের সমর্থন পেয়েছে। সিএআইআর জানিয়েছে, এ জরিপের জন্য তারা এক হাজার ৬২৬ মুসলিম ভোটারের সাক্ষাৎকার নিয়েছে।

    যেভাবে বাগড়া দিতে পারেন ট্রাম্প নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হওয়ার কয়েক মুহূর্ত পরই মার্কিন রাজনীতির উদীয়মান তারকা জোহরান মামদানি তাঁর পরবর্তী লড়াইয়ের দিকে নজর দেন। এ লড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। রাজনীতিবিষয়ক বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, ট্রাম্প আরও কাটছাঁট করতে পারেন। এতে নিউইয়র্কের বাসিন্দাদের জীবনযাপনের খরচ কমাতে জোহরান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জুলিয়ান জেলিজার মনে করেন, নবনির্বাচিত মেয়রকে এখন নিজের পরিকল্পিত সব কাজ এগিয়ে নেওয়ার বদলে প্রেসিডেন্ট ট্রাম্পকে সামলানোর দিকেই বেশি মনোযোগ দিতে হবে। এটা নগরের জন্য সমস্যা তৈরি করবে। এ ব্যাপারে জোহরানের বক্তব্য জানার চেষ্টা করেছিল বিবিসি। তবে তিনি সাড়া দেননি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      যুক্তরাষ্ট্রে ৩৫ দিন ধরে অচল সরকার, বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা

      অনলাইন ডেস্ক
      ৪ নভেম্বর, ২০২৫ ১৫:৬
      অনলাইন ডেস্ক
      যুক্তরাষ্ট্রে ৩৫ দিন ধরে অচল সরকার, বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা

      যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা। মূলত শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি ক্রমেই বাড়ছে।

      আর এরই জেরে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল ও হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

      ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৭০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২ হাজার ২৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এমনকি সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। এদিন সন্ধ্যা পর্যন্ত শিকাগো ও’হেয়ার, ডালাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার ও নিউয়ার্কসহ বড় শহরগুলোর বিমানবন্দরে আরও ৪ হাজার ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়।

      এফএএ জানায়, সরকারের অচলাবস্থার কারণে তাদের ৩০টি বড় বিমানবন্দর নিয়ন্ত্রণ কেন্দ্রের অর্ধেকেই জনবল ঘাটতি দেখা দিয়েছে। নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে অনুপস্থিতির হার পৌঁছেছে ৮০ শতাংশে।

      আল জাজিরা বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার বিমান চলাচল নিয়ন্ত্রক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার আছেন, যারা ‘অপরিহার্য কর্মী’ হিসেবে বিবেচিত হওয়ায় গত ১ অক্টোবর থেকে বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এফএএ বলেছে, সাম্প্রতিক সময়ে এই কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা বজায় রাখতে বিমান চলাচলের সংখ্যা কমাতে হচ্ছে।

      সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “অচলাবস্থার অবসান না হলে এটিসি কর্মকর্তারা প্রাপ্য বেতন পাবেন না এবং যাত্রীদের আরও বিলম্ব ও বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে বিমান চলাচল সীমিত করা হবে, যার ফলে ফ্লাইট বিলম্ব বা বাতিলও হতে পারে।”

      যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি গত রোববার সিবিএস নিউজকে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট চলাচলে বিলম্ব অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা ওভারটাইম কাজ করছি যাতে সিস্টেম নিরাপদ থাকে। প্রয়োজনে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হবে।”

      তিনি আরও জানান, কিছু এটিসি কর্মকর্তা জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় কাজ করছেন, তবে তাদের বরখাস্ত করা হবে না। ডাফির ভাষায়, “যখন কেউ পরিবারকে খাওয়ানোর জন্য দ্বিতীয় কাজ করতে বাধ্য হচ্ছে, তখন আমি তাকে চাকরি থেকে ছাঁটাই করব না।”

      এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন বা অচলাবস্থা টানা ৩৫তম দিনে গড়িয়েছে। এর মাধ্যমে বর্তমান শাটডাউন ২০১৮-২০১৯ সালের অচলাবস্থার সমান দীর্ঘ হয়েছে এবং এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন।

      বর্তমান এই অচলাবস্থায় এখন পর্যন্ত অন্তত ৬ লাখ ৭০ হাজার বেসামরিক ফেডারেল কর্মী বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন এবং প্রায় ৭ লাখ ৩০ হাজার কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ল্যুভরে ডাকাতি, আরও ৫ জন গ্রেপ্তার

        আন্তর্জাতিক ডেস্ক
        ৩০ অক্টোবর, ২০২৫ ১৯:১৪
        আন্তর্জাতিক ডেস্ক
        ল্যুভরে ডাকাতি, আরও ৫ জন গ্রেপ্তার

        চলতি মাসের ল্যুভর (ল্য ম্যুজে দ্যু লুভ্র) জাদুঘরের অলংকার ডাকাতির ঘটনায় ফরাসি পুলিশ এক মূল সন্দেহভাজনসহ আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানান প্যারিসের প্রসিকিউটর।

        মূল সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে লরে বেকুউ বলেন, ‘আমরা তাকে আমাদের নজরে রেখেছিলাম।’ তিনি আরও বলেন, আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের লুটপাট হওয়া কোনো জিনিষই পাওয়া যায়নি।

        ডিএনএ প্রমাণের ভিত্তিতে মূল সন্দেহভাজনকে চুরির সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়েছে। 

        বেকুউ বলেন, ওই মূল সন্দেহভাজন ব্যক্তি ১৯ অক্টোবরের ডাকাতির চার সদস্যের দলের একজন ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, পুলিশ হেফাজতে থাকা অন্যান্য ব্যক্তি ঘটনাপ্রবাহ সম্পর্কে আমাদের আরো তথ্য দিতে পারেন।

        বুধবার প্যারিস ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে ফরাসি রাজধানীর ঠিক বাইরের সেইন-সেন্ট-ডেনিস অঞ্চল থেকে এই পাঁচ জনকে আটক করা হয়।

        প্রসিকিউটররা জানান,‘শনিবার আটক দুই সন্দেহভাজনকে বুধবার চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করা হলে, তারা অভিযোগ আংশিক স্বীকার করেছে।’ 

        বিচারের আগে তাদের আটক রাখা হয়েছে। বেশ ক’জন গোয়েন্দা চার জন চোরকে খুঁজছে, যারা জাদুঘরের প্রথম তলার গ্যালারিতে প্রবেশ করে আটটি মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়।

        জাদুঘর থেকে চুরি যাওয়া এসব অলংকারের মধ্যে রয়েছে প্রথম নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসকে দেওয়া একটি পান্না ও হীরার নেকলেস এবং প্রায় ২০০০ হীরা দিয়ে সজ্জিত সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা

          অনলাইন ডেস্ক
          ২৮ অক্টোবর, ২০২৫ ২৩:২৭
          অনলাইন ডেস্ক
          ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা

          বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতে আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে মোন্থা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

          ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ৩ থেকে ৪ ঘণ্টা স্থলে তাণ্ডব চালাবে স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূল অতিক্রম করবে বিধায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। 

          আবহাওয়া বিভাগ আরও জানায়, ‘সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।’

          ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত