ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ভয়ংকর আকাশ প্রতিরক্ষা দিল চীন

ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
৮ জুলাই, ২০২৫ ১৯:২৬
অনলাইন ডেস্ক
ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি। তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান।

তেহরানের আশঙ্কা, যে কোনো সময় আবারো হামলা করতে পারে ইসরায়েল। আর সেই আশঙ্কা থেকেই এবার জোরকদমে পূর্বপ্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন। ইরান দেখেছে, সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটার গুলোর সামনে কীভাবে অসহায় হতে হয়েছে তাকে। তাই শত্রুকে আকাশেই প্রতিরোধে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান।

জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের (এসএএম) বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশসীমার ৩০০ কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান, ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা এসএএম HQ-9 বা HQ-16 এর এসব ব্যাটারি ইরানে পৌঁছায়। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে।

আরেক আরব কর্মকর্তা জানান, ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এ অগ্রগতির বিষয়ে অবহিত রাখা হয়েছে। জানা গেছে, চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করছে।

চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল আমদানি করছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ইসরায়েলি আধিপত্যের সমাপ্তি ঘটাতে পারে। কারণ, সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায়।

তবে পাল্টা হামলায় ইরানও ইসরায়েলের তেলআবিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেয়।

বর্তমানে ইরান রাশিয়ার এস-৩০০ ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাদ ও বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করছে, যদিও সেগুলো মার্কিন স্টেলথ ফাইটার F-35 প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয়। তাই চীনা HQ-9 বা HQ-16 এর মতো আধুনিক এসএএম সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

চীন ইতোমধ্যেই পাকিস্তান ও মিসরের মতো মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। এবার ইরানেও তা হস্তান্তর, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বরখাস্ত হওয়ার পর গাড়িতে মিলল রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ

    অনলাইন ডেস্ক
    ৮ জুলাই, ২০২৫ ১৮:১
    অনলাইন ডেস্ক
    বরখাস্ত হওয়ার পর গাড়িতে মিলল রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ

    বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার এক মন্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কর্মকর্তা। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। 

    রোমান স্তারোভোয়িত নামে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি রাশিয়ার যোগাযোগমন্ত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিন থেকে ভ্লাদিমির পুতিনের সই করা একটি আদেশে তাকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

    সোমবার মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা বলছেন, রোমান স্তারোভোয়িত আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও আত্মহত্যার কথা জানিয়েছে। 

    ২০২৪ সালের মে মাস থেকে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। সম্প্রতি সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে।

    রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্তারোভোয়িতকে সরিয়ে দেওয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলে দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তছরুপের একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে বলেছে, আজ ওদিন্তোসোভো এলাকায় নিজের প্রাইভেট কারের ভেতর সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ পাওয়া গেছে। তাঁর শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

    তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, এই বরখাস্তের সঙ্গে ‘আস্থাহীনতার’কোনো সম্পর্ক নেই। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      যে ১৪ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ

      অনলাইন ডেস্ক
      ৮ জুলাই, ২০২৫ ১৬:২৮
      অনলাইন ডেস্ক
      যে ১৪ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ

      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে 'বাণিজ্যযুদ্ধ' আরও তীব্র করেছেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশসহ তুলনামূলক ছোট বাণিজ্য অংশীদার দেশের উদ্দেশে পাঠানো ১৪টি চিঠিতে তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন হারে শুল্ক বসবে। সোমবার (স্থানীয় সময়) ১৪ দেশকে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের এই ঘোষণা দেন।

      পূর্বঘোষিত খাতভিত্তিক শুল্ক যেমন গাড়ি, ইস্পাত বা অ্যালুমিনিয়ামের সঙ্গে এই শুল্ক একীভূত হবে না।

      ওই ১৪ দেশের তালিকায় বাংলাদেশেও রয়েছে। অন্য দেশগুলো হলো- জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া ও কাজাখাস্তান।

      যে হারে শুল্ক আরোপ হয়েছে

      লাওসের ওপর ৪০ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, কম্বোডিয়া ৩৬ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ, বাংলাদেশ ৩৫ শতাংশ, সার্বিয়া ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, তিউনিসিয়া ২৫ শতাংশ, কাজাখাস্তান ২৫ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫ শতাংশ, জাপান ২৫ শতাংশ ও মালয়েশিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের চিঠি দেওয়া হয়েছে।

      ট্রাম্পের এমন ঘোষণায় ওয়ালস্ট্রিটের শেয়ার বাজারে ধাক্কা লাগে। এক ধাক্কায় এসঅ্যান্ডপি ৫০০ সূচকে উল্লেখযোগ্যভাবে ধস নামে। তবে এশিয়ার শেয়ারবাজারগুলোতে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

      এমন ঘোষণার পর কেউ পাল্টা শুল্ক আরোপ করলে তার ওপরও সমপরিমাণ বাড়তি শুল্ক আরোপ করা হবে বলে চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন। তবে এ ক্ষেত্রে তিনি বাণিজ্য আলোচনার সুযোগের ইঙ্গিত দিয়েছেন।

      জাপান ও দক্ষিণ কোরিয়াকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, আপনারা যদি কোনো কারণে শুল্ক বাড়ান, তবে যে হারে বাড়াবেন তা আমাদের ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হবে।

      যুক্তরাষ্ট্রে এই ঘোষণার পর এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮ শতাংশ কমে যায়। যদিও জাপানের নিক্কেই সূচক প্রাথমিক পতনের পর ঘুরে দাঁড়ায় এবং দক্ষিণ কোরিয়ার বাজার ১.৮ শতাংশ বেড়ে যায়।

      এপ্রিল মাসে শুরু হওয়া ট্রাম্পের এই বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক আর্থিক বাজারে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারকেরা নিজেদের অর্থনীতি রক্ষায় তৎপর হয়েছেন।

      ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, আলোচনার সময়সীমা আগামী ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও তিনি বলেছেন, সময়সীমা কঠোর হলেও শতভাগ কার্যকর নয়। যদি কেউ বিকল্প প্রস্তাব নিয়ে আসে, আমরা তা বিবেচনা করব।

      এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য আলোচক ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহ-সভাপতি ওয়েন্ডি কাটলার বলেন, সংবাদটি হতাশাজনক হলেও এখনও আলোচনার সুযোগ আছে। খেলা শেষ হয়ে যায়নি।

      এদিকে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

      বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান রয়টার্সকে বলেন, 'এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক খবর। আমরা আশা করেছিলাম শুল্কহার ১০-২০ শতাংশের মধ্যে থাকবে। ৩৫ শতাংশ শুল্ক আমাদের শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে আসবে।'

      বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্প, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ এবং ৪০ লাখের বেশি শ্রমিক নিয়োজিত।

      জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, উচ্চ শুল্ক এড়াতে কিছু অগ্রগতি হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ আগস্টের মধ্যে দ্রুত আলোচনা এগিয়ে নিতে প্রস্তাব পেয়েছি। জাপানের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে চিঠির বিষয়বস্তু বদলাতেও পারে।

      দক্ষিণ কোরিয়া বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা জোরদার করবে এবং কোনো চুক্তিতে গাড়ি ও ইস্পাতের শুল্ক অব্যাহতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

      ইন্দোনেশিয়া বলেছে, তাদের পক্ষে এখনও আলোচনার সুযোগ আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছে দেশটির প্রতিনিধি দল।

      দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ শুল্ক অন্যায্য, কারণ দক্ষিণ আফ্রিকায় যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ পণ্যে কোনো শুল্ক নেই।

      চীনের সঙ্গে ১২ আগস্টের মধ্যে একটি চুক্তি না হলে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া আসবে এবং যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরবরাহ চেইনে চীনকে বাদ দিয়ে চুক্তি করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

      এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি বাণিজ্য ঘোষণা আসবে।

      এছাড়াও ট্রাম্প ব্রিকসভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনসহ) উন্নয়নশীল দেশগুলোকে হুমকি দিয়েছেন, অ্যান্টি-আমেরিকান নীতিতে চললে তাদের পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

      মন্তব্য

      ফিলিস্তিনিদের অন্যদেশে পাঠানো নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

      অনলাইন ডেস্ক
      ৮ জুলাই, ২০২৫ ১৫:৪৮
      অনলাইন ডেস্ক
      ফিলিস্তিনিদের অন্যদেশে পাঠানো নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

      ফিলিস্তিনিদের অন্যদেশে স্থানান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় নেতানিয়াহু সাংবাদিকদের একথা জানান। খবর রয়টার্সের।

      নেতানিয়াহু বলেন, গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করবে এমন দেশ খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ইসরাইল। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিতর্কিত প্রচেষ্টায় অগ্রগতিরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

      নেতানিয়াহু বলেছেন, ‘কেউ যদি থাকতে চায়, তাহলে থাকতে পারে। তবে যদি তারা যেতে চায়, তাহলে তাদের চলে যেতে পারা উচিৎ।’

      ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া পরিকল্পনা সম্পর্কে তিনি আরো বলেন, যেসব দেশ সব সময় বলে যে, তারা ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যত চায়, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ধরণের বেশ কয়েকটি দেশ খুঁজে পাওয়ার কাছাকাছি চলে এসেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

      ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ কাজে ইসরাইলের আশপাশের দেশগুলো সাহায্য করছে। তাই ভালো কিছু ঘটবে বলে আশাবাদী তিনি।

      গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে চাপের মধ্যেই হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন।

      মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু ব্লেয়ার হাউজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সাথে দেখা করবেন।

      তারপর তিনি ক্যাপিটল হিলসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সাথে সাক্ষাত করবেন। তারপর বৈঠকের জন্য ব্লেয়ার হাউজে ফিরে আসবেন। এছাড়া, ডেমোক্র্যাটিক সিনেটর জন ফেটারম্যানসহ অন্যান্য সিনেটরদের সাথেও তার দেখা করার কথা রয়েছে।

       

      মন্তব্য

      ড. ইউনূসকে চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প

      অনলাইন ডেস্ক
      ৮ জুলাই, ২০২৫ ১৪:৪৭
      অনলাইন ডেস্ক
      ড. ইউনূসকে চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প
      অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

      পহেলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

      ওই চিঠিটি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

      হোয়াইট হাউস ওয়াশিংটন ৭ জুলাই, ২০২৫

      মাননীয় মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা

      প্রিয় ইউনূস,

      এই চিঠি পাঠানো আমার জন্য এক মহান সম্মানের বিষয়, কারণ এটি আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও, একসাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে, আমরা এখন আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চাই।

      আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের এক নম্বর বাজার—মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। গত কয়েক বছর ধরে আমরা বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক নিজে আলোচনা করেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের অবশ্যই এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে বেরিয়ে আসতে হবে, যা মূলত বাংলাদেশের শুল্ক, অ-শুল্ক নীতিমালা এবং বাণিজ্য বাধার কারণে সৃষ্টি হয়েছে।

      ‘দুই বিষের এক বিষ’ এটা জিয়াউর রহমানের দল না: আসিফ আকবর‘দুই বিষের এক বিষ’ এটা জিয়াউর রহমানের দল না: আসিফ আকবর
      দুঃখজনকভাবে, আমাদের সম্পর্কটি বর্তমানে একমুখী এবং পারস্পরিক নয়। তাই, পহেলা অগাস্ট ২০২৫ থেকে আমরা যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি যেকোনো এবং সব পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করবো। বর্তমানে বিভিন্ন খাতে যে শুল্ক রয়েছে, এই শুল্ক তার অতিরিক্ত হিসাবে কার্যকর হবে।

      এই শুল্ক এড়াতে যদি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হয়, সেটিও উচ্চ শুল্কের আওতায় পড়বে।

      অনুগ্রহ করে উপলব্ধি করুন যে, বর্তমানে আপনার দেশের সাথে আমাদের যে বাণিজ্য বৈষম্য রয়েছে, এই ৩৫% শুল্ক হারটি সেই বৈষম্য দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম।

      তবে বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। সেক্ষেত্রে দ্রুত, পেশাদারিত্বের সাথে তাদের অনুমোদন দিতে আমরা সবকিছু করবো যা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই করা হবে।

      তবে কোনো কারণে বাংলাদেশ যদি তার শুল্কহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আপনি যেকোনো হারে শুল্ক বাড়াবেন, আমরা একই হারে পাল্টা শুল্ক আরোপ করবো।

      আপনি উপলব্ধি করবেন যে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটা তৈরির পেছনে ভূমিকা রেখেছে বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতি ও নানা রকমের বাণিজ্য প্রতিবন্ধকতা। এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

      আমরা বহু বছর ধরে আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করার জন্য আগ্রহী।

      যদি আপনি এতদিন ধরে বন্ধ থাকা বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য খুলতে চান এবং আপনার শুল্ক ও অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য বাধাগুলি দূর করতে চান, তাহলে আমরা এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এই শুল্ক হার আপনার দেশের সাথে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে বাড়তে বা কমতে পারে।

      আপনি কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হতাশ হবেন না।

      এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!

      শুভেচ্ছান্তে,

      ডোনাল্ড ট্রাম্প

      মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

      সূত্র: বিবিসি বাংলা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত