ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

খামেনিকে ‘নিকৃষ্ট মৃত্যু’ থেকে বাঁচিয়েছি : দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
২৮ জুন, ২০২৫ ১৪:৫৪
অনলাইন ডেস্ক
খামেনিকে ‘নিকৃষ্ট মৃত্যু’ থেকে বাঁচিয়েছি : দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিজয় ঘোষণার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধের সময় খামেনিকে তিনি ‘এক কুৎসিত ও অপমানজনক মৃত্যু’ থেকে রক্ষা করেছেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “আমি জানতাম খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। আমি চাইলে ইসরায়েল ও মার্কিন সেনাবাহিনী দিয়ে তার জীবন শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। আমি তাকে একটি অত্যন্ত নিকৃষ্ট ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি।”

বিদ্রূপের সুরে তিনি আরও বলেন, “...এরপরেও তাকে আমাকে ধন্যবাদ জানাতে হবে না। ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প’ বলারও প্রয়োজন নেই।”

ট্রাম্পের দাবি, যুদ্ধের শেষ দিকে তিনি ইসরায়েলকে একটি বিশাল বিমানবহর ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন, যা তেহরানের দিকে যাচ্ছিল। তার ভাষায়, “ওই হামলাটি হলে যুদ্ধের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ ঘটত। বহু ইরানি মারা যেত। তবে আমি তা হতে দিইনি।”

এর একদিন আগে খামেনি এক ভাষণে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার দাবি করেন। তিনি বলেন, “আমার প্রিয় ইরানের জনগণকে অভিনন্দন। তারা মার্কিন শাসনের বিরুদ্ধে জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামতে বাধ্য হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যুদ্ধে না নামলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবুও তারা কিছুই অর্জন করতে পারেনি।”

খামেনির এই দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে তার মিথ্যা বলা উচিত নয়। তিনি কীভাবে এতটা স্পষ্টভাবে ঘোষণা দেন যে তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জিতেছেন? এটা পুরোপুরি মিথ্যা এবং তিনি নিজেও তা জানেন।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার মতে, দেশটি এখন ধ্বংসপ্রাপ্ত এবং সামরিক ও অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে।

ট্রাম্প জানান, যুদ্ধ শেষে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছিলেন, যেন দেশটি দ্রুত ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে। কিন্তু খামেনির শত্রুতামূলক বক্তব্যের পর তিনি সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, “আমি নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কাজ করছিলাম, যা ইরানের জন্য একটি ভালো পুনরুদ্ধারের সুযোগ হতে পারত। কিন্তু এর বদলে আমি পেলাম কেবল রাগ আর ঘৃণার বার্তা। তাই আমি সবকিছু বাতিল করে দিয়েছি।”

ইরানকে ‘রাগান্বিত, বৈরী ও অসন্তুষ্ট’ দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই বৈশিষ্ট্যগুলোই দেশটিকে ধ্বংস করেছে। আমি চাই ইরানের নেতৃত্ব এটা বুঝুক যে, মধু দিয়ে অনেক সময় ভিনেগারের চেয়ে বেশি কিছু অর্জন করা যায়।” তিনি ইরানকে বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হবে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তারা খামেনিকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তিনি একটি গভীর সুড়ঙ্গে আশ্রয় নেওয়ায় তা সম্ভব হয়নি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    ২৮ জুন, ২০২৫ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। সূত্র : সিএনএন

    গত ২১ জুন ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই। এটি প্রশ্নাতীত।’

    সংবাদ সম্মেলনে উল্লেখ ট্রাম্প করেন, ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’।

    শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।

    এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, ‘অবশ্যই’। এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে।’ 

    ট্রাম্প আরও বলেন, ‘তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।’ তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্কোন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।’

    সূত্র : টাইমস অব ইসরায়েল

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইরানের পরমাণু কর্মসূচিতে বিশাল বিনিয়োগ করতে চায় ট্রাম্প প্রশাসন

      অনলাইন ডেস্ক
      ২৮ জুন, ২০২৫ ১৩:১৬
      অনলাইন ডেস্ক
      ইরানের পরমাণু কর্মসূচিতে বিশাল বিনিয়োগ করতে চায় ট্রাম্প প্রশাসন

      বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে পরমাণু শক্তি ব্যবহারের জন্য ইরানকে সহযোগিতা করতে চায় ওয়াশিংটন; আর সেই সহযোগিতার খাতিরে ইরানের বিধ্বস্ত পরমাণু প্রকল্পে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

      বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, চলতি জুনের শুরু থেকে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মিত্র ও অংশীদার ও তেহরানের মধ্যে এ ইস্যুতে গোপনে এ ইস্যুতে আলোচনা চলছে। অর্থাৎ ইরান ও ইসরায়েলের সংঘাত শুরুর আগেই শুরু হয়েছিল এ সংক্রান্ত আলোচনা।

      ট্রাম্প প্রশাসনের চার জন কর্মকর্তা এ ব্যাপরে সিএনএনের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে। অন্যদিকে তেহরান এই ব্যাপারটিকে নিজেদের রেডলাইন বলে ঘোষণা করেছে।

      “কিন্তু আমরা এখনও আমাদের চাওয়া থেকে সরে যাইনি। ইরানের সঙ্গে আমরা একটা সমঝোতায় আসতে চাইছি এবং তা যেন সহজে হয়— সেজন্যই আমরা সেখানে বিনিয়োগ করতে চাই। আপাতত ২ হাজার থেকে ৩ হাজার ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এই অর্থের একটি অংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, বাকিটা আসবে মধ্যপ্রাচ্যে আমাদের মিত্র ও অংশীদারদের কাছ থেকে”, সিএনএনকে বলেছেন ওই কর্মকর্তা।

      ইরানকে সমঝোতার পথে আনতে পরমাণু প্রকল্প খাতে বিনিয়োগের পাশপাশি বিদেশের বিভিন্ন ব্যাংকে ইরানের ফ্রিজড হিসাবগুলো খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে বিদেশি ব্যাংকগুলোতে ইরানের ৬০০ কোটি ডলার ফ্রোজেন অবস্থায় আছে। এছাড়া দেশটির তেল রপ্তানির ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন, সেসবও শিথিল করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা।

      তবে এসব আকর্ষণীয় প্রস্তাবে সম্মত হয়ে ইরান শেষ পর্যন্ত সমঝোতায় আসতে রাজি হবে কি না— তা নিয়ে এখনও নিশ্চিত নয় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অপর এক কর্মকর্তা সিএনএনকে এ প্রসঙ্গে বলেন, “আমরা আভাস-ইঙ্গিতে আমাদের প্রস্তাব ইরানকে দিয়েছি। তেহরান এখনও ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমরা আমদের চেষ্টা চালিয়ে যাব।”

      প্রসঙ্গত, পরমাণু প্রকল্প নিয়ে গত মে মাস থেকে ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছিল তেহরান। কিন্তু তার মধ্যেই ‘ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১২ জুন তেহরানসহ বিভিন্ন শহরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এই হামলার জবাব দিতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও।

      উভয়পক্ষের সংঘাত প্রায় চরম পর্যায়ে ওঠার পর ২৩ জুন এতে প্রবেশ করে যুক্তরাষ্ট্র; ইরানের তিনটি পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এই হামলার পরের দিন ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

      সূত্র : আরটি, সিএনএন

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইসরায়েলের হত্যা পরিকল্পনা থেকে যেভাবে বেঁচে গেলেন খামেনি

        অনলাইন ডেস্ক
        ২৭ জুন, ২০২৫ ১১:৫৬
        অনলাইন ডেস্ক
        ইসরায়েলের হত্যা পরিকল্পনা থেকে যেভাবে বেঁচে গেলেন খামেনি

        সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে সময়মতো গোপন স্থানে আত্মগোপনে যাওয়ার ফলে প্রাণে বাঁচেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

        বৃহস্পতিবার ইসরায়েলের ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, ‘যদি খামেনি আমাদের নাগালের মধ্যে থাকতেন, আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম। কিন্তু তিনি ঝুঁকি বুঝতে পেরে আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি।’

        ১৩ জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন, যা ইরানে ‘শাসন ব্যবস্থার পরিবর্তনের’ আভাস হিসেবেও দেখা হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়।

        আত্মগোপন থেকে প্রকাশ্যে খামেনি, জানালেন পাল্টা হুমকি

        প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওবার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। ক্লান্ত ও কণ্ঠস্বর ভারী হলেও তার বক্তব্য ছিল আগ্রাসী।

        খামেনি বলেন, ‘আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি। যদি আরও উসকানি দেওয়া হয়, তবে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধা করব না।’

        তবে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে সরাসরি কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে’ মন্তব্যকেও খামেনি গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন।
        সূত্র: দ্য ইকোনমিক টাইমস

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের যুদ্ধবিমান ভারতে নেমেছিল কেন

          অনলাইন ডেস্ক
          ২৬ জুন, ২০২৫ ২০:১০
          অনলাইন ডেস্ক
          দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের যুদ্ধবিমান ভারতে নেমেছিল কেন

          প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমান ভারতে জরুরি অবতরণ করে। যুক্তরাজ্যের ফিফথ জেনারেশনের উন্নতমানের ফাইটার জেট এফ-৩৫বি। এটি ইন্ডিয়ান নেভির সঙ্গে যৌথ মহড়া শেষে নিজের ঘাঁটিতে ফিরছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে এটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে।

          বিমানটি নিরাপদে নামলেও পরে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে সেটি আর উড়তে পারেনি। ব্রিটিশ নৌবাহিনীর ইঞ্জিনিয়াররা প্রথমে বিমানটি পরীক্ষা করেন। পরে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আনতে হয়।

          যুদ্ধবিমানটি যেন বিমানবন্দরের স্বাভাবিক কাজে বাধা না দেয়, তাই সেটিকে আলাদা হ্যাঙ্গারে সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ দল আসছে যুক্তরাজ্য থেকে।

          ভারতের এয়ার ইন্ডিয়া তাদের হ্যাঙ্গার ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। তবে ব্রিটিশরা তা গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে, বিমানের গোপন প্রযুক্তি নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

          যুক্তরাজ্য জানিয়েছে, ভারতের সহযোগিতা প্রশংসনীয়। বিমান অবতরণ থেকে শুরু করে নিরাপত্তা—সবখানে ভারতের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। এখনো ঠিক জানা যায়নি কবে বিমানটি উড্ডয়ন করবে।

          সূত্র : এনডিটিভি

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত