ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ৫ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ ১৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শুক্রবার (১০ জানুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে এ আমন্ত্রণ জানানো হয়।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ। যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে পরিচিত ছিল। পরে ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট।

এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সম সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।

বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯৫৩ সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও তার পদাঙ্ক অনুসরণ করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি

    নিজস্ব প্রতিবেদক
    ১১ জানুয়ারি, ২০২৫ ১৬:২
    নিজস্ব প্রতিবেদক
    মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি

    ডেস্ক রিপোর্ট: আগামী ৯ মার্চ কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তার উত্তরসূরি হিসেবে নতুন দলীয় প্রধানের নাম ঘোষণা করবে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ৯ মার্চ দেশব্যাপী নেতৃত্ব নির্বাচনের ভোট শেষ হবে। সেদিনই নতুন নেতার নাম ঘোষণা করা হবে।

    প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর দলের ভেতরে অসন্তোষ বাড়তে থাকার প্রেক্ষাপটে ট্রুডো সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

    লিবারেল পার্টির সভাপতি সচিত মেহরা বলেন, একটি দৃঢ় ও সুরক্ষিত জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে এবং ২০২৫ সালের নির্বাচন জয়ের জন্য প্রস্তুত হবে। এটি আমাদের দলের এবং দেশের ভবিষ্যৎ গঠনের জন্য সারা দেশের লিবারেলদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমি সবাইকে এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে অংশগ্রহণের আহ্বান জানাই।

    ক্রমবর্ধমান হারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত বছর জনগণের সমালোচনার মুখে ট্রুডোর প্রতি লিবারেল পার্টির সমর্থন কমে আসতে শুরু করে। জরিপ অনুযায়ী, ট্রুডোর দল কনজারভেটিভ দলের চেয়ে ২০ পয়েন্টেরও বেশি পিছিয়ে রয়েছে। কনজারভেটিভ দলের নেতৃত্বে আছেন কঠোর মনোভাবাপন্ন নেতা পিয়ের পলিয়েভ।

    পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ট্রুডো ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করেন। লিবারেল দল আশঙ্কা করছে, তাদের সরকার অনাস্থা ভোটে পরাজিত হতে পারে। লিবারেল দলের নেতৃত্ব প্রত্যাশী দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও মার্ক কার্নি। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডো সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। গত ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মার্ক কার্নি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভুল হবেই, আমি দেবতা নই : মোদি

      নিজস্ব প্রতিবেদক
      ১১ জানুয়ারি, ২০২৫ ১৪:৪১
      নিজস্ব প্রতিবেদক
      ভুল হবেই, আমি দেবতা নই : মোদি

      ডেস্ক রিপোর্ট: চা বিক্রেতা থেকে ১৪০ কোটি মানুষের প্রধানমন্ত্রিত্ব করছেন নরেন্দ্র মোদি। দেশ চালাতে গিয়ে অকপটে স্বীকার করে নিয়েছেন নিজের ভুলের কথা। ভারতের একটি প্রতিষ্ঠান তাকে নিয়ে পডকাস্ট তৈরি করেছে। ওই পডকাস্টে মোদি নিজের বিভিন্ন দিক তুলে ধরেন। খোলামেলা আলোচনা করেন নিজের ভুলগুলো নিয়েও।

      আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই।

      ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ পায়। যেখানে উপস্থাপক নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

      পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন যে একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে তাকে কী কী পরীক্ষা দিতে হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়; দেশ গঠনের মিশন নিয়ে আসে।

      পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি শান্তির পক্ষে। তবে এমন সংকটে নিরপেক্ষ হতে পারেন না। এটাকে বড় ব্যর্থতা হিসেবেই আখ্যায়িত করছেন।

      মোদিকে জিজ্ঞাসা করা হয় কেউ যদি মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে থাকে এবং শৈশব থেকে বলা হয় যে রাজনীতি একটি নোংরা জায়গা। তাহলে ভালো মানুষ রাজনীতিকে আসবে কীভাবে? এ নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদি। বলেন, এমনটা হলে দেশ চালানো সম্ভব হতো না।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এবার অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে

        নিজস্ব প্রতিবেদক
        ১১ জানুয়ারি, ২০২৫ ১৪:৩২
        নিজস্ব প্রতিবেদক
        এবার অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে

        ডেস্ক রিপোর্ট: এবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় তাকে এই হুমকি দেওয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

        গতকাল শুক্রবার হুমকি দেওয়ার সেই ভিডিও পোস্ট করে সংবাদমাধ্যমটি।

        ভিডিওতে দেখা গেছে, ২০১৬ সাল শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের ব্যাপারে ২০১৭ সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন চ্যানেল-৪ এর এক ব্রিটিশ সাংবাদিক। জবাবে সাংবাদিকের উদ্দেশে টিউলিপ বলেছিলেন, ‘খুব সতর্ক থাকুন।’

        টিউলিপ হুমকির সুরে বলেন, আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্নের একজন লেবার এমপি। আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। খুব সাবধান থাকবেন। আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন, তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বক্তব্য এখানেই শেষ।

        শেষের দিকে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন, এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি। আশা করি, তোমার সন্তান ভালোভাবে হবে। কারণ, প্রসব খুবই কঠিন। দেখা হবে। এরপরই তার একজন সহকারী ক্যামেরার সামনে হাত দিয়ে সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন। ওই সহকারী সাংবাদিকদের প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক ও বেপরোয়া মন্তব্য করে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

        চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন টিউলিপ সিদ্দিকের সে মন্তব্যকে হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন। যদিও পরবর্তীতে টিউলিপ স্বীকার করেছিলেন যে, তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

        অন্যদিকে ভুক্তভোগী সেই সাংবাদিক আইলিফ গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তার পুরনো অভিজ্ঞতা নতুন করে শেয়ার করেছেন। তিনি বলেন, যখন আমি ২০১৭ সালে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে ‘সতর্ক থাকতে’ বলেন। এ ঘটনার পর অফকম, পুলিশ এবং আমার বসদের কাছে অভিযোগ করেন এমপি। যদিও কোনো অভিযোগ টিকেনি। কারণ, সৌভাগ্যবশত আসলে যা ঘটেছিল তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়াতেন।

        এর আগে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান নামে পরিচিত) স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সিরিয়াকে মাদকের খামারে পরিণত করেছে আসাদ সরকার : এরদোগান

          নিজস্ব প্রতিবেদক
          ১১ জানুয়ারি, ২০২৫ ১৩:২৩
          নিজস্ব প্রতিবেদক
          সিরিয়াকে মাদকের খামারে পরিণত করেছে আসাদ সরকার : এরদোগান

          আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকার সিরিয়াকে মাদক উৎপাদনের খামার এবং এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) অস্থিতিশীলতার উৎসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

          শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির দক্ষিণ ডেনিজলি প্রদেশে তার দলের অষ্টম প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, এ সময় এরদোগান ১৩ বছরের সিরিয়ার সংঘাতের সময় আসাদ সরকারের পদক্ষেপের নিন্দা করেছেন।

          তিনি বলেন, ‘অত্যাচারী আসাদ এবং তার চক্র সিরিয়াকে একটি বিশাল মাদক উৎপাদন খামারে পরিণত করেছে, দেশটিকে মাদক ও নিপীড়নের কেন্দ্রে পরিণত করেছে।’

          এছাড়াও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক নেতাদেরও সমালোচনা করে এরদোগান বলেন, ‘দায়েশ (আইএসআইএস)- এর বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে, বিদেশি শক্তিগুলো পিকেকে (সন্ত্রাসী গোষ্ঠী) এবং এর সহযোগীদের হাজার হাজার ট্রাক অস্ত্র সরবরাহ করেছে। এই অস্থিরতা সন্ত্রাসী হামলাকে ইন্ধন দিয়েছে এবং আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।’

          তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সিরিয়ার মুক্তি কেবল লাখ লাখ সিরীয়দের জন্য নয়, তুরস্কের জন্যও স্বস্তি এনেছে। কারণ সিরিয়ার সঙ্গে আমাদের ৯১১ কিলোমিটার সীমান্ত রয়েছে। আমরাও সংঘাতের প্রত্যক্ষ পরিণতি মোকাবিলা করেছি।’

          তুরস্ক বাস্তুচ্যুত সিরীয়দের তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন এরদোগান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত