শিরোনাম
রিপাবলিক বাংলা চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ
ডেস্ক রিপোর্ট: ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ-ব্লক করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, “রিপাবলিক বাংলা” একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ, কন্টেন্টসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এ ছাড়া, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নিরন্তনভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নোটিশে আরও বলা হয়েছে, এ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে । এই ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ ছাড়া, এ ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই এ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া, বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে এ বিদেশি টেলিভিশন চ্যানেলের সব নিউজ, কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে।
নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ-ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ৩ লাখ ডলার জরিমানা
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে ৩ লাখ ডলার জরিমানা করেছে দেশটির একটি আদালত। মানহানির এক মামলায় অন্য আরেক রাজনীতিবিদকে এই ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ মাস প্রধানমন্ত্রী থাকা মুহিউদ্দিনের বিরুদ্ধে সাবেক এক বাদশাহকে অপমান করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহসহ তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ২০২৩ সালের মার্চে একাধিক ফেসবুক পোস্টে সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইংয়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জন্য মুহিউদ্দিনকে ১৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত (৩০৮,০৭৮ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কুয়ালালামপুর হাইকোর্ট।
আদালত মুহিউদ্দিনকে বক্তব্য প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন এবং মানহানিকর মন্তব্যের পুনরাবৃত্তি থেকে বিরত থাকার আদেশ জারি করেছেন।
যদিও নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে মুহিউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। মুহিউদ্দিন বলেছেন, তিনি আপিল করবেন। তবে আদালতের আদেশ মেনে তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে আগের পোস্ট সরিয়ে ফেলার কথাও জানিয়েছেন।
ট্রাম্পকে ভোট দেয়ায় পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন না নারীরা
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের অনেক নারী। দেশটির হাজার হাজার নারী বলছেন, পুরুষদের ভোটের কারণে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পেরেছেন।
আর এর প্রতিবাদে ‘৪ বি’ নামের একটি আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অনেকে। এর অংশ হিসেবে তারা পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ে, ভালোবাসার সম্পর্ক ও সন্তান জন্ম না দেওয়ার ঘোষণা দিয়েছেন।
‘৪ বি’ নামের এই ব্যতিক্রম আন্দোলনটির উৎপত্তি দক্ষিণ কোরিয়ায়। তবে ট্রাম্পের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে এটি ট্রেন্ডিংয়ে পরিণত হচ্ছে।
ট্রাম্পের জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিসের সমর্থকরা ট্রাম্পকে নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করছেন। এছাড়া ট্রাম্পের জয়ের পর অনেক নারীকে কাঁদতে দেখা গেছে। আর এখন তারা শুরু করছেন ‘৪ বি’ আন্দোলন।
‘৪ বি’ শব্দের অর্থ হলো ‘চারটি বিষয়কে না’। কোরিয়ান ভাষায় ‘না’-এর সংক্ষিপ্ত রূপ হলো ‘বি’। দক্ষিণ কোরিয়ায় এই আন্দোলন ব্যাপক প্রভাব ফেলেছে। যা দেশটির সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখন স্পষ্ট হয়ে ওঠেছে। ২০২১ সালে দক্ষিণের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল বলেন, এ আন্দোলন তাদের দেশে নারী ও পুরুষের মধ্যে ‘সুন্দর সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমে যাওয়ার পেছনে ‘৪ বি’ আন্দোলনের প্রভাব রয়েছে।
ব্রায়ান স্কট নামের এক এক্স ব্যবহারকারী গত ৭ নভেম্বর এক পোস্টে জানান, সার্চ ইঞ্জিনে অসংখ্য নারীকে ‘৪ বি’ সম্পর্কে সার্চ করতে দেখা গেছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পিএইচডিরত মিরা চোই সংবাদমাধ্যম এনবিসিকে বলেছেন, “নারীরা সরকার আর রাষ্ট্র নিয়ে ভাবা শুরু করেছে। আর তখনই পুরুষরা তাদের ব্যর্থ করে দিচ্ছে।”
অনেক নারী আশা করেছিলেন এবারের নির্বাচনে কমালা হ্যারিস জিতবেন এবং তাদের প্রজনন বিষয়ক অধিকারগুলো রক্ষা করবেন। এই নারীরা মনে করছেন তাদের এই আকাঙ্খাকে এবারের নির্বাচনে অগ্রাহ্য করা হয়েছে।
তবে অনেক নারীই আবার এই ‘৪ বি’ আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন বলেছেন, এটির কারণে কোনো পুরুষের ঘুম হারাম হয়ে যাবে এমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
জাতিসংঘে আইসিএসসির সদস্য হলেন রাষ্ট্রদূত মুহিত
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরের জন্য আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (৯ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহিত বলেন, বাংলাদেশের এই জয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ২.০ এর প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানেরই স্বীকৃতি।
আইসিএসসি হলো জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ দেওয়া, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এবং সুপারিশের কাজ করে থাকে এই কমিশন।
পেশাদার কূটনীতিক, রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএসের এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের জন্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফো-রণ, নি-হত ২১
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা পৌঁছেছেন।
এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে।
দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।
কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ বলেছেন, ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ। তবে এনিয়ে তদন্ত চলছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য