ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফো-রণ, নি-হত ২১

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৪ ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফো-রণ, নি-হত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা পৌঁছেছেন।

এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ বলেছেন, ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ। তবে এনিয়ে তদন্ত চলছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সুইজারল্যান্ডে জানুয়ারি থেকে বোরকা পরা নিষিদ্ধ

    নিজস্ব প্রতিবেদক
    ৯ নভেম্বর, ২০২৪ ১২:১১
    নিজস্ব প্রতিবেদক
    সুইজারল্যান্ডে জানুয়ারি থেকে বোরকা পরা নিষিদ্ধ

    ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে দেশটিতে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

    বিষয়টি নিয়ে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট হয়েছিল, তাতে অল্প ভোটে বোরকা নিষদ্ধের পক্ষে রায় যায়। তখন দেশটির মুসলিম সম্প্রদায় এর ন্দিা জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল করেন। খবর আরব নিউজের।

    এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার (মসজিদ) নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

    সর্বশেষ বোরকা নিষিদ্ধ করার বিষয়ে বুধবার সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিল একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেউ এই আইনটিকে লঙ্ঘন করলে তাকে ১ হাজার সুইস ফ্রাঙ্ক (১১৪৪ মার্কিন ডলার) জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।

    সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি কোনো বিমানে, কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

    বিবৃতিতে আরও বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ট্রাম্প জেতায় দেশ ছাড়ার ঘোষণা মাস্কের কন্যার

      নিজস্ব প্রতিবেদক
      ৮ নভেম্বর, ২০২৪ ১৯:২১
      নিজস্ব প্রতিবেদক
      ট্রাম্প জেতায় দেশ ছাড়ার ঘোষণা মাস্কের কন্যার

      আন্তর্জাতিক ডেস্ক: টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের জীবনে এক অদ্ভুত দুঃখের অধ্যায় চলছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা ভিভান জেনা উইলসন যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ঘোর সমর্থক ইলন মাস্ক থেকে কন্যা জেনা নিজেকে বাবার রাজনৈতিক ও সামাজিক আদর্শ থেকে পুরোপুরি আলাদা করে নিয়ে এমন সিদ্ধান্ত নিলেন।

      ২০ বছর বয়সী জেনা উইলসন, যিনি ২০২২ সালে বাবা মাস্কের সঙ্গে সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করেছিলেন, তখনই নিজের নাম পরিবর্তন করে এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন। বাবা-মেয়ের সম্পর্কের এই তিক্ততা বহুদিন ধরেই আলোচনায় ছিল, কিন্তু এবার তা যেন এক শেষ সিদ্ধান্তে পৌঁছেছে। ট্রাম্পের জয় তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে প্ররোচিত করেছে।

      বুধবার (৬ নভেম্বর) থ্রেডসে এক আবেগঘন পোস্টে জেনা লিখেন, ‘গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে আর কোনো ভবিষ্যৎ দেখি না।’

      ইলন মাস্কের ছয় সন্তানের মধ্যে জেনা একমাত্র সন্তান যিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। ইলন মাস্ক বরাবরই ট্রাম্পের সমর্থক ও রক্ষণশীল চিন্তাবিদদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। কিন্তু জেনার মতে, মাস্ক এমন এক বাবা ছিলেন যিনি ‘থেকেও না থাকার মতো।’ মাস্ক কখনোই তার ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি।

      মেয়ের এই দূরে সরে যাওয়া সম্পর্কে মাস্কও খোলাখুলি মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বেসরকারি স্কুলগুলো মেয়ের চিন্তাভাবনাকে এ ‘ভাইরাস’ দ্বারা সংক্রমিত করেছে।

      তিনি মনে করেন, ক্রসরোডস স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্সেস নামের প্রতিষ্ঠানই জেনার মনে সমাজতান্ত্রিক ভাবনা ঢুকিয়ে দিয়েছে, যা ধনী মানুষদের প্রতি একপ্রকার বিরূপ মনোভাব তৈরি করেছে।

      বাবা ইলন মাস্ক আরও বলেন, ‘প্রথম সন্তান নেভাডার মৃত্যুর চেয়েও বেশি কষ্ট পেয়েছি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে। আমি কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না।’

      রক্ষণশীল চিন্তাবিদ জর্ডান পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক নিজের এ অনুভূতি আরও পরিষ্কার করেন। তিনি বলেন, আমি আমার ছেলেকে হারিয়েছি এবং জেনাকে তিনি মৃত বলেও উল্লেখ করেন।

      অপরদিকে, জেনা এনবিসি নিউজকে জানান, প্রায় চার বছর ধরে তিনি বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

      এদিকে বাবা-মেয়ের মধ্যে মতাদর্শগত এই যুদ্ধ যেন ব্যক্তিগত সম্পর্ককেও ছাড়িয়ে গেছে। দুই প্রজন্মের দুই ভিন্ন দর্শন, রক্ষণশীলতা বনাম প্রগতিশীলতা এ দ্বন্দ্ব একসময় তাদের সম্পর্ককে এক অতল গহ্বরে টেনে নিয়ে গেছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পুতিনের সঙ্গে কথা বলবেন, জানালেন ট্রাম্প

        নিজস্ব প্রতিবেদক
        ৮ নভেম্বর, ২০২৪ ১৮:৪০
        নিজস্ব প্রতিবেদক
        পুতিনের সঙ্গে কথা বলবেন, জানালেন ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নিকট ভবিষ্যতেই কথা হতে পারে তাদের মধ্যে।

        সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমরা কথা বলব এবং নিকট ভবিষ্যতেই এটা ঘটবে।”

        মঙ্গলবার ভোটগ্রহণের পর বুধবারই নিশ্চিত হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফলাফল প্রকাশের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা শুভেচ্ছা জানানো শুরু করেন ট্রাম্পকে। এ পর্যন্ত ৭০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে টেলিফোনে বা লিখিতভাবে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

        কিন্তু সেই দলে পুতিন ছিলেন না। অবশ্য গতকাল বৃহস্পতিবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচি’র একটি রিসোর্টে আয়োজিত এক আলোচনা সভায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তার সাহসিকতারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।

        পুতিন এবং ট্রাম্পের পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব আন্তর্জাতিক রাজনীতিতে সর্বজনবিদিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অর্থ সহায়তা পাঠানোর কট্টর বিরোধী ট্রাম্প। ২০২২ সালে এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধার পর ট্রাম্প বেশ কয়েক বার বলেছেন যে তিনি ক্ষমতায় গেলে ইউক্রেনকে অর্থ সহায়তা পাঠানো বন্ধ করে দেবেন।

        তিনি আরও বলেছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে। অবশ্য কীভাবে এ যুদ্ধ থামাবেন— সে সম্পর্কিত কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প।

        এদিকে গত মাসে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এক প্রতিবেদনে দাবি করেছেন, ২০২১ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউস ত্যাগের পর থেকে এ পর্যন্ত গোপনে অন্তত ৭ বার পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে এ বিষয়েও প্রশ্ন করেছিল এনবিসি।

        জবাবে ট্রাম্প বলেন, “আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে আমি আপনাকে বলব যে যদি আমি (ফোন) করেও থাকি, তাহলে তা নিশ্চিতভাবেই একটি স্মার্ট কাজ। আমি যদি মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ হই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি— সেটি অবশ্যই ভালো দিক; এতে খারাপ কিছু নেই…তার (পুতিন) কাছে অন্তত ২ হাজার পরমাণু অস্ত্র রয়েছে, আমাদের পরমাণু অস্ত্রের সংখ্যাও প্রায় তেমনই।”

        সূত্র : আরটি

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ

          নিজস্ব প্রতিবেদক
          ৮ নভেম্বর, ২০২৪ ১৭:২২
          নিজস্ব প্রতিবেদক
          আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ

          ডেস্ক রিপোর্ট: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদানি গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপকে আরও ২ হাজার কোটি টাকার (প্রায় ১৭৩ মিলিয়ন ডলার) অর্থায়ন করেছে।

          শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

          প্রতিবেদন থেকে জানা যায়, আদানি পাওয়ার এ অর্থায়নের বিষয়ে একটি নতুন লেটার অব ক্রেডিট (এলসি) পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে।

          প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিদ্যুতের জন্য আদানি গ্রুপের কাছে পূর্বের বকেয়া রয়েছে ৮৪৩ মিলিয়ন ডলার, যা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে পরিশোধের বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। এর ফলে রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি পাওয়ার।’ এমন পরিস্থিতিতে, বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে বিপিডিবি নতুন এ এলসিটি ইস্যু করে।

          এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এলসি বাংলাদেশের কৃষি ব্যাংকের মাধ্যমে ভারতের আইসিআইসিআই ব্যাংকে প্রদান করা হয়েছে, যা আদানি গ্রুপকে দেওয়া তৃতীয় এলসি। এ ছাড়া আগের এলসিগুলো বিদ্যুৎ ক্রয় চুক্তির সঙ্গে সমন্বিত ছিল না বলে দাবি করা হয়েছে।

          উল্লেখ্য, ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে, যেগুলোর ক্ষমতা ৮০০ মেগাওয়াট করে এবং সম্পূর্ণ উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হয়। এটি বাংলাদেশে বিদ্যুতের চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে।

          এদিকে, আদানি পাওয়ার বাংলাদেশ থেকে অতিরিক্ত ১৫-২০ মিলিয়ন ডলার দাবি করেছে এবং এ দাবি পূরণ না হলে বন্ধ থাকা ৮০০ মেগাওয়াটের প্রথম ইউনিট পুনরায় চালু করবে না বলে জানিয়েছে।

          এ বিষয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রার সংকটের কারণে আমদানিকৃত বিদ্যুৎ ও তেলের জন্য অর্থ প্রদান চ্যালেঞ্জে পড়েছে।

          প্রসঙ্গত, ২০১৫ সালে শেখ হাসিনা সরকারের আমলে ২৫ বছরের জন্য চুক্তিবদ্ধ এই বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় প্রতি মাসে বাংলাদেশকে ৯৫ থেকে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়। তবে সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের ফলে এ অর্থ প্রদানে অসুবিধা হচ্ছে। আইএমএফের সঙ্গে পূর্বের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে, যা এই সংকট মোকাবিলায় সহায়ক হয়ে উঠতে পারে।

          এর আগে বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য বাংলাদেশকে ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় আদানি গ্রুপ। তবে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলে সুর নরম করে আদানি গ্রুপ। পাশাপাশি বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়ার আলটিমেটামের বিষয়টিও অস্বীকার করে তারা। আদানি বলেছে যে ৮৫ কোটি ডলারের বকেয়ার পুরোটা তারা ৭ নভেম্বরের মধ্যে চায়নি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত