শিরোনাম
ইরানে কাসেম সোলাইমানির কবরের কাছে বিস্ফোরণ, নিহত অন্তত ৭৩
ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭৩ জন নিহত ও ১৭৩ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার মানুষ কেরমানের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।
ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফার তাসনিম নিউজকে বলেছেন, বিস্ফোরণের পরে পদদলিত হয়ে কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।
বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে যিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে।
কেরমান প্রদেশ রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লাহ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে... তবে সেখানে ভিড়ের ঢেউ রাস্তা অবরোধ করছে।
বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে দেশটির কর্মকর্তারা সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছেন।
সূত্র: রয়টার্স, আলজাজিরা, প্রেসটিভি
বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্স!
আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরির একটি বিমান প্যারিস ওরলি বিমানবন্দরে অবতরণের পর বিমানটির কারিগরি পরীক্ষার সময় লোকটিকে আন্ডার ক্যারেজ বে-তে জীবিত অবস্থায় পাওয়া যায়। খবর দ্য গার্ডিয়ানের।
বিমানবন্দরের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আড়াই ঘণ্টার বিমান যাত্রা শেষে তাকে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ব্যক্তির বয়স বিশ বছরের কাছাকাছি। তবে তার সঙ্গে কোনো পরিচয়পত্র না থাকায় তখন বেশি কিছু জানা সম্ভব হয়নি।
বাণিজ্যিক বিমানগুলো প্রায় ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেন স্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন মানুষ বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদের মধ্যে মৃত্যুর হার ৭৭ ভাগ।
৩৪ বছরের চাকরিজীবনে ৭১ বার বদলি!
কর্মজীাবনে বদলি একটি নিয়মিত ঘটনা। সাধারণত তিন-চার বছর বা তারও বেশি সময় পারপর বদলির ঘটনা ঘটে। কিন্তু ভারতের প্রদীপ কাসনি নামের এক সরকারি কর্মকর্তার ৩৪ বছর চাকরিজীবনে ৭১ বার বদলির ঘটনা ঘটেছে। এমনও হয়েছে তাকে এক মাসেই তিনবার বদলি করা হয়েছে। তবে যত দিন চাকরি করেছেন, সততার জন্যই পরিচিত হয়েছেন।
১৯৮০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে অফিসার হয়েছিলেন প্রদীপ। ১৯৮৪ সালে হরিয়ানা সরকারের কাজে যোগ দেন। কর্মজীবনে বার বার বদলি হয়েছেন প্রদীপ। তাকে এমন জায়গায় বদলি করা হয়েছিল যে দপ্তরের আদতে কোনো অস্তিত্বই ছিল না। সেখানে বসার জন্য চেয়ার পর্যন্ত ছিল না। আটকে দেওয়া হয়েছিল তার বেতন, ভাতা। এজন্য মামলাও করেছিলেন প্রদীপ। তিনি অবসর নেওয়ার আগে শেষ ৬ মাস বেতনই পাননি।
২০১৭ সালে প্রদীপের পোস্টিং হয়েছিল হরিয়ানার ল্যান্ড ইউজ বোর্ডের অফিসার অন স্পেশাল ডিউটি পদে। বদলির পরেই তিনি বুঝতে পেরেছিলেন, কিছু একটা গণ্ডগোল রয়েছে। প্রদীপ দেখেন, ওই বোর্ডে না রয়েছে কোনো নথি, না কোনো ফাইল। এমনকি কোনো কর্মীও ছিলেন না। এর পরেই সন্দেহ হয় প্রদীপের।
তিনি আরটিআই করেন। তাতে দেখা যায়, দীর্ঘ দিন আগেই ওই বোর্ড প্রত্যাহার করা হয়েছিল। তার পরেও কেন তাকে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়ে রয়েছে প্রশ্ন। এই নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি)-এ আবেদন করেন প্রদীপ। সেই নিয়ে মামলা চলে।
সেই মামলা অবসরের পরেও চালিয়েছিলেন প্রদীপ। তার স্ত্রী নীলম কাসনিও সরকারি কর্মী ছিলেন।
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নেভাদা ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। উত্তর আমেরিকার এই দেশটির ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে একজন হামলাকারী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়’। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে বলেও জানান তিনি।
ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের এই ক্যাম্পাসটি লাস ভেগাস উপত্যকা থেকে দুই মাইলেরও কম পূর্বে অবস্থিত। এখানে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট এবং ৮ হাজার স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন।
ইইউ না দিলেও এককভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি স্বীকৃতি না দেয়, তা হলে এককভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্পেন। শুক্রবার গাজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ে মিশরের দিকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী।
সানচেজ মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানচেজ। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচনে জিতলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন।
তিনি বলেন, আদর্শভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তত কয়েকটি সদস্য রাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। যদি সেটি না হয় তা হলে স্পেন একাই তার সিদ্ধান্ত নেবে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে ইসরাইল, ফিলিস্তিন ও মিশর সফর করেন সানচেজ। সফরের সময় উভয় নেতাই গাজার বেসামরিক জনগণের সুরক্ষা এবং ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার আহ্বান জানান।
এদিকে শুক্রবার থেকে হামাস ও ইসরাইলের সম্মতিতে শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে হামাস ২৫ বন্দিকে মুক্তি দিয়েছে। আর ইসরাইল মুক্তি দিয়েছে ৩৯ ফিলিস্তিনিকে। এ ছাড়া গাজায় শুক্রবার ত্রাণবাহী ২০০ ট্রাক প্রবেশ করেছে।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরাইল। তবে সম্প্রতি সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এ ছাড়া হামাস ইসরাইল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য