ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইরান নৈতিকতা পুলিশ বিলুপ্ত ঘোষণা করলো

নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২২ ২১:৩৬
নিজস্ব প্রতিবেদক
ইরান নৈতিকতা পুলিশ বিলুপ্ত ঘোষণা করলো

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে মাহসা আমিনীর গ্রেপ্তার ও মৃত্যুর প্রতিবাদে দুই মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের জেরে নৈতিকতা পুলিশকে ভেঙে দিয়েছে ইরান। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরির বরাত দিয়ে রোববার দেশটির গণমাধ্যমের খবরে বিতর্কিত এই পুলিশ শাখাকে ভেঙে দেওয়ার তথ্য জানানো হয়েছে।

তেহরানে হিজাব না পরার কারণে গত সেপ্টেম্বরের মাঝের দিকে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছর বয়সী মাহসা আমিনী। এর তিন দিন পর পুলিশি জিম্মায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুর্দি বংশোদ্ভূত এই তরুণী। পরে কোমায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই তরুণীর মৃত্যুর পর দেশটিতে হিজাববিরোধী আন্দোলন শুরু হয়; যা বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, হিজাববিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বলেছেন, বিচার বিভাগের সাথে নৈতিকতা পুলিশের কোনও সম্পর্ক নেই এবং এই পুলিশকে বিলুপ্ত করা হয়েছে।

তেহরানে ধর্মীয় এক সম্মেলনে একজন অংশগ্রহণকারী ‘কেন নৈতিকতা পুলিশ বাতিল করা হচ্ছে’ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ওই মন্তব্য করেন।

ইরানের নৈতিকতা পুলিশ— যা আনুষ্ঠানিকভাবে গাশত-ই এরশাদ বা ‘গাইডেন্স পেট্রোল’ নামে পরিচিত। দেশটির সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে ‘শালীনতা এবং হিজাবের সংস্কৃতি’ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল পুলিশের এই শাখা।

এর আগে, শনিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইরানের প্রজাতন্ত্র ও ইসলামিক ভিত্তি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। তবে সংবিধান বাস্তবায়নের পদ্ধতি নমনীয় করা হতে পারে।

১৯৭৯ সালের বিপ্লবের চার বছর পর ইরানে হিজাব বাধ্যতামূলক করা হয়। ওই বিপ্লবের মাধ্যমে মার্কিন-সমর্থিত তৎকালীন ক্ষমতাসীন সরকারকে উৎখাত এবং ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।

ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে। [সূত্র: এএফপি]

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বৃদ্ধের পেট থেকে পাওয়া গেল ১৮৭ টি কয়েন!

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ নভেম্বর, ২০২২ ১৬:৪০
    নিজস্ব প্রতিবেদক
    বৃদ্ধের পেট থেকে পাওয়া গেল ১৮৭ টি কয়েন!

    সম্প্রতি ভারতের কর্নাটকের এক ব্যক্তির পেটে একশোরও বেশি কয়েনের হদিস পেয়ে বিস্মিত হয়ে পড়েন চিকিৎসকরা। ৫৮ বছর বয়সের সেই ব্যক্তির পেটে হঠাৎ করে যন্ত্রণা শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসাউন্ড এবং এক্সরে ব্যবহার করে এন্ডোস্কোপি করার পর চিকিৎসকদের আঁতকে ওঠেন মত অবস্থা ! অপারেশন করে ব্যক্তির পেটে ১৮৭টি কয়েনের খোঁজ পেলেন তাঁরা।

    চিকিৎসকরা জানতে পারেন, ওই ব্যক্তি স্কিৎজ়োফ্রেনিয়া নামক এক রোগে আক্রান্ত। আর এই রোগের কারণেই ভুলবশত কয়েনগুলি গিলে ফেলেছিলেন তিনি। স্কিৎজ়োফ্রেনিয়া, নামটির মতোই কঠিন রোগটিও। রোগটিকে অল্প কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে সহজ করে বলতে গেলে এটি এমন এক রোগ, যাতে আক্রান্ত ব্যক্তি বাস্তব আর কল্পনাকে গুলিয়ে ফেলেন। এক বার এই রোগে আক্রান্ত হলে সাধারণত সারা জীবনই চিকিৎসার প্রয়োজন হয়।

    সংবাদমাধ্যমকে চিকিৎসক ঈশ্বর কালাবুর্গী জানান, ‘‘ওই ব্যক্তি একটি মানসিক রোগে ভুগছিলেন। গত দু-তিন মাস ধরে তিনি কয়েন খেতে থাকেন। পেটে অসহ্য যন্ত্রণা ও বমির জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

    অস্ত্রোপচার করে মোট ১৮৭ টি কয়েন বার করা হয় যার ওজন ছিল প্রায় দেড় কেজি। কয়েনগুলির মধ্যে ৫৬ টি পাঁচ টাকার কয়েন, ৫১ টি দু’টাকার কয়েন আর ৮০ টি এক টাকার কয়েন ছিল। অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন, তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।’’ [সূত্র: আনন্দবাজার]

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৭ হাজার কোটির বাবার ব্যবসার দায়িত্ব কেন নিতে নারাজ মেয়ে!

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ নভেম্বর, ২০২২ ১১:৯
      নিজস্ব প্রতিবেদক
      ৭ হাজার কোটির বাবার ব্যবসার দায়িত্ব কেন নিতে নারাজ মেয়ে!

      ভারতের বোতলজাত পানির বাজার অনেকটাই তাদের দখলে। ব্যবসাও বাড়ছে দিনে দিনে। প্রতিষ্ঠানটির কর্ণধারের বয়স হয়ে যাওয়ায় চাচ্ছিলেন নিজের উত্তরসূরীকে দায়িত্ব দিতে। তিনি সন্তানকেই সেই দায়িত্ব দিতে চান। কিন্তু সাত হাজার কোটির ব্যবসার দায়িত্ব নিতে রাজি নন সন্তান। বলা হচ্ছে ভারতের বোতলজাত পানির কোম্পানি বিসলেরির কথা।

      বিসলেরির বর্তমান চেয়ারম্যান রমেশ চৌহান চেয়েছিলেন একমাত্র মেয়ে জয়ন্তী চৌহানকে কোম্পানির পরবর্তী চেয়ারম্যান বানাতে। ২৪ বছর বয়সে বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে কাজও শুরু করেছিলেন তিনি। কোম্পানিতে জয়ন্তী পরিচিত জেআরসি নামে।

      রমেশ চৌহানের বয়স হয়েছে ৮২, চাচ্ছিলেন মেয়েই ধরুক তার ব্যবসার হাল। বিসলেরির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বও সামলাচ্ছেন জয়ন্তী। ব্যবসায়িক নানা কাজে যুক্ত থাকলেও ২৪ বছর বয়সী জয়ন্তী বাবার ব্যবসার হাল ধরতে নারাজ। মেয়ে চান না সাত হাজার কোটি রুপির সেই ব্যবসার কর্ণধার হতে।

      মেয়ে না চাওয়ায় ব্যবসা বেচে দিতে হচ্ছে রমেশ চৌহান। এ জন্য আলোচনা চলছে ভারতের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ টাটার সঙ্গে। এখনো চূড়ান্ত হয়নি সবকিছু। রমেশ চৌহানের হাত ধরে ভারতে মিনারেল ওয়াটার বিসলেরির জনপ্রিয়তা পেয়েছে।

      একমাত্র মেয়ে জয়ন্তী চৌহানের বাবার ব্যবসায় আগ্রহ না থাকার খবর ছড়িয়ে পড়ার পরই টাটা গ্রুপ বিসলেরি কেনার প্রস্তাব দেয়। সবকিছু বিবেচনা করেই রমেশ চৌহান টাটা গ্রুপের কাছে বিসলেরি তুলে দিতে চাচ্ছেন।

      তিনি মনে করেন, টাটা গ্রুপ এ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগের থেকে অনেক ভালো রাখবে। কারণ, তিনি টাকার জন্য বিসলেরি বিক্রি করছেন না। তিনি চান তাঁর প্রতিষ্ঠানের বর্তমানের আবেগ এবং উৎসাহ আগামীতে থাকুক। টাটা সেটি বজায় রাখতে পারবে বলেই বিশ্বাস। রমেশ চৌহানের আপাতত লক্ষ্য বিসলেরি বিক্রির পর সেই টাকা নিয়ে পরিবেশ রক্ষা, জনসেবামূলক কাজ শুরু করবেন।

      জয়ন্তী চৌহানের ছোটবেলা কেটেছে দিল্লি, মুম্বাই ও নিউইয়র্কে। স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন লস অ্যাঞ্জেলসের ফ্যাশন ইনস্টিটিউট অব ডিজাইনিং অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ে। তিনি সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিষয়ে পড়াশোনার পর ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি আলোকচিত্র নিয়েও পড়াশোনা করেছেন।

      বাবার দিল্লির অফিসে কাজের দায়িত্বও সামলিয়েছেন। ২০১১ সালে মুম্বাইয়ের অফিসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসব কাজের মধ্য দিয়ে কোম্পানির কাজও হাতেকলমে শিখেছেন। কিন্তু তিনি নিজেকে ব্যবসায়ের গণ্ডিতে আটকে রাখতে চান না। তাই কোম্পানির কর্ণধার আপাতত হতে চাইছেন না। তবে মেয়ে কেন ব্যবসার হাল ধরতে চান না, তা জানাননি রমেশ চৌহান।

      জয়ন্তী দায়িত্ব নিয়ে পানীয় কারখানার নানা সংস্কার করেছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে তাঁরই হাত ধরেই। সংস্থাটির ভেতরেও নানা বদল ঘটিয়েছেন জয়ন্তী। মানবসম্পদ উন্নয়ন থেকে সেলস এবং মার্কেটিং—সব বিভাগকে নতুন করে সাজিয়েছিলেন। জয়ন্তীর উদ্যোগে বেশ কিছু নতুন পণ্যও বাজারে আনে বিসলেরি।

      বিজ্ঞাপনী প্রচারেও বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। পণ্য বিক্রি ও বিপণনের দায়িত্বে থাকা দলের নেতৃত্বে ছিলেন জয়ন্তী। ব্র্যান্ডের মান ও নাম দুটিই তাঁর হাত ধরেই এগিয়েছে। [সূত্র: এনডিটিভি]

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মাদক পরীক্ষায় পজিটিভ ফল, থাইল্যান্ডে ভিক্ষুশূন্য মন্দির

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ নভেম্বর, ২০২২ ১০:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        মাদক পরীক্ষায় পজিটিভ ফল, থাইল্যান্ডে ভিক্ষুশূন্য মন্দির

        থাইল্যান্ডের  একটি মন্দিরের প্রধান ভিক্ষুসহ সব ভিক্ষুর মাদক পরীক্ষার ফল পজিটিভ আসার পর ওই মন্দির থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মন্দিরে কোনও ভিক্ষু নেই বলে স্থানীয় কর্তারা জানিয়েছেন।

        দেশটির কর্মকর্তা বুনলার্ট থিন্তাপথাই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উত্তরাঞ্চলীয় ফেৎচাবান বৌদ্ধ মন্দিরে মাদক পরীক্ষায়  প্রধান ভিক্ষুসহ মোট চারজন ভিক্ষুর ফল পজিটিভ এসেছে। তিনি বলেন, পরীক্ষার ফল পজিটিভ আসার পর ওই ভিক্ষুদের সবাইকে মাদক পুনর্বাসনের জন্য একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।

        মাদক পাচার মোকাবিলায় থাইল্যান্ডজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ওই মন্দিরের সব ভিক্ষুর মাদক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। সোমবার মন্দিরের ভিক্ষুদের মূত্র পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের মেথামফেটামিন গ্রহণের প্রমাণ পাওয়া যায়।

        তবে ঠিক কী কারণে ওই মন্দিরে অভিযান পরিচালনায় পুলিশ আগ্রহী হয়েছিল সেবিষয়ে দেশটির কর্মকর্তারা নির্দিষ্ট করে কিছু বলেননি। কর্মকর্তা বুনলার্ট থিন্তাপথাই বলেছেন, মন্দিরটি এখন ভিক্ষুশূন্য অবস্থায় আছে। মন্দিরে ভিক্ষু না থাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন নিয়ে উদ্বিগ্ন বলে আশপাশের গ্রামবাসীরা জানিয়েছেন।

        থিন্তাপথাই বলেন, আঞ্চলিক কর্মকর্তারা স্থানীয় ভিক্ষুদের প্রধানের সহায়তা চেয়েছেন। স্থানীয়দের উদ্বেগ দূর করার জন্য বুং স্যাম ফান জেলার মন্দিরে কয়েকজন নতুন ভিক্ষু নিয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

        গত কয়েক বছরে থাইল্যান্ডে মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে নিষিদ্ধ মাদক মেথামফেটামিন। ২০২১ সালে দেশটিতে মাদকদ্রব্য জব্দের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা জানিয়েছে।

        মেথামফেটামিন পাচারের অন্যতম এক প্রধান রুট হলো থাইল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় মেথামফিটামিন উৎপাদনকারী মিয়ানমার থেকে লাওস হয়ে এই মাদক থাইল্যান্ডে হু হু করে প্রবেশ করে। দেশটির রাস্তায় রাস্তায় এই মাদক মাত্র ৫০ বাথে কিনতে পাওয়া যায়।

        গত মাসে দেশটির সাবেক এক পুলিশ কর্মকর্তা একটি নার্সারি স্কুলে ঢুকে বন্দুক হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করে; যাদের বেশিরভাগই ছিলো শিশু। মেথামফেটামিন গ্রহণের কারণে পুলিশের এই কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন বলে জানায় দেশটির কর্মকর্তারা।

        ভয়াবহ এই হামলার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা দেশজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার আদেশ দেন। তার ওই আদেশের পর থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে যা এখনো চলমান। [সূত্র: বিবিসি, এএফপি]

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ নভেম্বর, ২০২২ ১৩:১৫
          নিজস্ব প্রতিবেদক
          মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

          মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। সুলতানের প্রাসাদ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় তিনি শপথ নেবেন। খবর আলজাজিরা।

          আনোয়ার ইব্রাহিম হবেন দেশটির দশম প্রধানমন্ত্রী। গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

          আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) জোট নির্বাচনে সর্বাধিক ৮২ আসন জিতেছে। সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই লাভ করেনি।

          তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকে। তবে দেশটির বিরোধী জোট দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা নিশ্চিত করতে পেরেছে।

          মালয়েশিয়ায় রাজার পদটি আলংকারিক হলেও রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী বাঁছাই করার ক্ষমতা তার আছে।

          এর আগে বুধবার (২৩ নভেম্বর) আনোয়ার ইব্রাহিম এবং মুহিদ্দিনকে জোট বেধে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন রাজা আল-সুলতান আব্দুল্লাহ। কিন্তু মুহিদ্দিন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

          মুহিদ্দিনের জোটে রয়েছে রক্ষণশীল ইসলামিক দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি। যেটি ৪৯টি আসন পেয়েছে। যদি মুহিদ্দিন ক্ষমতায় আসতেন তাহলে এই ইসলামিক দলটি মালয়েশিয়ায় ইসলামিক শাসন কায়েমের চেষ্টা চালাত। কিন্তু আপাতত তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। [সূত্র: রয়টার্স, আলজাজিরা]

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত