ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

পুতিনকে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
পুতিনকে হত্যার চেষ্টা!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করা হয়েছে। পুতিন প্রাণে বেঁচে গেছেন বলে স্পেনভিক্তিক সংবাদমাধ্যম ইউরো উইকলি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

বুধবার জেনারেল জিভিআর টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যদিও কোথায় পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে তা জানা যায়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিভিআর টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের লিমুনিজের সামনের বাম দিকের চাকা হঠাৎ প্রচণ্ড শব্দে ফেটে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তবে গাড়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অবশ্য এই ঘটনায় পুতিন অক্ষতই হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

পুতিনের এই হত্যাচেষ্টা নিয়ে নিউজ ডট সিও ডট এইউয়ের মতো সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সরকারি বাসভবনে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে, ২০১৭ সালে পুতিন প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তিনি অন্তত পাঁচটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এরমধ্যেই এই ঘটনা সামনে এলো।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পদ ছাড়ছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    পদ ছাড়ছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

    পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

    গত রোববার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় এগিয়ে রয়েছে রক্ষণশীল দলগুলোর জোট। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানালেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন।

    অ্যান্ডারসন বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী পদে মাগডালেনা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।

    বুধবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে ৩৪৯ আসনের মধ্যে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থিরা ১৭৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট ১৭৬টি আসন পেয়েছে।

    গত বছরের নভেম্বরে স্টেফান লোফভেনের পদত্যাগের পর সুইডেনের প্রধানমন্ত্রী হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন।

    অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস আট বছর ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছে। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে সাত বছর সুইডেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। ৫৪ বছর বয়সী মাগডালেনা অ্যান্ডারসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

      নিজস্ব প্রতিবেদক
      ৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:৭
      নিজস্ব প্রতিবেদক
      রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

      ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর বাকিংহাম প্যালেস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

      বাকিংহাম প্যালেস জানিয়েছে, বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শান্তিতে মৃত্যুবরণ করেছেন রানি। স্কটল্যান্ড থেকে তার মরদেহ শুক্রবার লন্ডনে আনা হবে।

      বেশ কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ভালোভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে রানির অসুস্থতার কথা জানায়।

      রানির অসুস্থতার খবর পেয়ে বালমোরাল প্যালেসে ছুটে যান তাঁর চার ছেলেমেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮) এবং চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়াম। সুদূর আমেরিকা থেকে ছুটে যান উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান।

      মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই নতুন প্রধানমন্ত্রীকে ট্রাসকে অভিনন্দন জানিয়েছিলেন রানি এলিজাবেথ।

      সবচেয়ে বেশি সময় (৭০ বছর) ধরে স্বীয় পদে থাকা এলিজাবেথ রাজ সিংহাসনে বসেন ১৯৫২ সালে। রানির মৃত্যতে তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস (সাবেক প্রিন্স অব ওয়েলস) ব্রিটেনের নতুন রাজার মুকুট মাথায় পরবেন।

      ১৯২৬ সালের ২১ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন। তাঁর সময়কালে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রানি, যাদের মধ্যে উইনস্টন চার্চিলও ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পাকিস্তানে আলুর কেজি ১০০, পেঁয়াজ ৩০০, টমেটো ৪০০ রুপি

        নিজস্ব প্রতিবেদক
        ৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৭
        নিজস্ব প্রতিবেদক
        পাকিস্তানে আলুর কেজি ১০০, পেঁয়াজ ৩০০, টমেটো ৪০০ রুপি

        করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন যুদ্ধের মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক সংকট বেড়েছে। এতে শেষ পেরেক ঠুকেছে ভয়াবহ বন্যা। পাকিস্তানে খাদ্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। টমেটো, আলু, পেঁয়াজের মতো জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।

        বন্যায় এখন পর্যন্ত দেশটির ৮০টি এলাকাকে দুর্যোগ-কবলিত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সেই তালিকায় দেশটির আরও আটটি জেলা যুক্ত হয়েছে।

        বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় পাকিস্তানের ইন্দুস নদীর পশ্চিম তীরের কাছের শহর দাদুতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। চাল ও পেঁয়াজ উৎপাদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাদু। আশ্রয় শিবিরের বাসিন্দা আলী আসগর লোনদার বলেন, বন্যার আগে সেখানে পেঁয়াজের কেজি ছিল ৫০ রুপি। এখন সেখানে প্রতি কেজি পেঁয়াজ ৩০০ রুপিতে বিক্রি হচ্ছে।

        শুধু পেঁয়াজই নয়, দেশটিতে আলু, টমেটো, ঘি’র দামও আকাশচুম্বী হয়েছে। লোনদার বলেছেন, আলুর দাম চার গুণ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। টমেটোর দাম বেড়েছে ৩০০ শতাংশের বেশি। দেশটির বাজারে এখন প্রতি কেজি টমেটোর দাম ৪০০ রুপি। এছাড়া ঘিয়ের দামও বেড়েছে ৪০০ শতাংশের বেশি। খাদ্যসামগ্রী মজুতের গুদাম প্লাবিত হওয়ায় দুধ ও মাংসের সরবরাহও ক্ষতিগ্রস্ত হয়েছে।

        সিন্ধু নদীর পশ্চিম তীরের কাছে অবস্থিত শহর দাদুতে তাঁবুতে বসবাসকারী হাজার হাজার লোকের মধ্যে একজন আলী আসগর লন্ডার। তিনি বলেন, বন্যার আগে পেঁয়াজের কেজি ছিল ৫০ রুপি। এখন তা কিনতে হচ্ছে ৩০০ রুপিতে। তিনি দেশে চাল ও পেঁয়াজ ক্ষেতের বেশি ক্ষতি দেখছেন।

        দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল অবশ্য বলেছেন যে, সবজির দাম কমে আসছে।

        পাকিস্তানে ৪৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতিতে পড়েছে। জেএস গ্লোবাল ক্যাপিটাল লিমিটেডের গবেষণা প্রধান আমরিন সুরানি বলেন, 'বন্যার প্রধান উদ্বেগের বিষয় হলো মুদ্রাস্ফীতির উপর প্রভাব। একটি উচ্চ মুদ্রাস্ফীতির পরিবেশ, পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।'

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রধানমন্ত্রীর ভারত সফর: ডজন খানেক চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি

          নিজস্ব প্রতিবেদক
          ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২০
          নিজস্ব প্রতিবেদক
          প্রধানমন্ত্রীর ভারত সফর: ডজন খানেক চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে প্রায় ১০ থেকে ১২ টি চুক্তি ও সমঝোতার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে ভারতীয় অর্থায়নে নির্মিত কয়েকটি প্রকল্প হস্তান্তর করা হবে।

          দিল্লি সফর সামনে রেখে এখন পর্যন্ত চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করছে উভয় পক্ষ। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন নিয়ে একটি সমঝোতা সই হবে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ ভারত থেকে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি পাবে বলে আশা করা হচ্ছে।

          দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট-সেপা) সইয়ের ঘোষণা আসতে পারে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে আরও গতি আসবে।

          ঢাকা ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা নিয়ে এক সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বাংলাদেশ ও ভারতের আইনি কাঠামো প্রায় একই। সে কারণে প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের বিচার বিভাগের সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে।

          সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক নবায়ন হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের সরকারী টেলিভিশনের মধ্যে সহযোগিতা ও সমুদ্র অর্থনীতি বিকাশে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। দুই দেশের রেলওয়ে খাত বিকাশে দুটি সমঝোতা স্মারক হতে পারে। এছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সমাপ্তির ঘোষণা দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

          প্রধানমন্ত্রী ভারত সফরকালে জ্বালানি নিরাপত্তা খাতেও সহযোগিতা চাইবে বাংলাদেশ। উভয়পক্ষের সম্মতিতে এ বিষয়ে চুক্তি হতে পারে।

          প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর দিল্লি সফর করবেন। এ সফর সামনে রেখে এসব চুক্তি ও সমঝোতার প্রস্তুতি চলছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত